বিত্তবানের খোঁজে সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভিশন ২০২২’ ঘোষণা করে বসে নেই কাজী সালাউদ্দিন। ছক কষছেন কীভাবে ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যাবেন। একটি পরিকল্পনা হলো, দেশের অন্তত ১০০ জন বিত্তবান ব্যক্তিকে খুঁজে বের করবেন, যাঁরা প্রত্যেকে ফুটবলের জন্য বছরে কম করে হলেও ১০ লাখ টাকা করে দেবেন। ১০০ জন ১০ লাখ করে টাকা দিলে ১০ কোটি টাকা উঠবে। কাল বাফুফে সভাপতি বলছিলেন, ‘আমার বিশ্বাস, সারা দেশে ১০০ জন বিত্তবান পাব। তাঁদের বলব, আমি একটা ভিশন দিলাম। এখন আপনারা অন্তত ১০ লাখ করে টাকা দিন। ফুটবলকে সহযোগিতা করুন।’বেসরকারি উদ্যোগ যেমন চলবে, তেমনি সরকারের সঙ্গেও কথা বলবেন সালাউদ্দিন। কয়েক দিনের মধ্যে যাবেন প্রধানমন্ত্রীর কাছে। ২০২২ বিশ্বকাপে খেলার লক্ষ্যের কথা তাঁকে জানাবেন। বলবেন, ‘এটা শুধু আমার বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিশন নয়। গোটা জাতির ভিশন হওয়া উচিত। সরকারের সহযোগিতা ছাড়া এমন কঠিন লক্ষ্য পূরণ অসম্ভব। সুতরাং ফুটবলকে আর্থিক অনুদান দিন। সরকার সাড়া দিলে ভালো, নইলে ফেডারেশনের পক্ষে বেশি দূর এগোনো সম্ভব হবে না।’ ভিশন ২০২২ নিয়ে পত্রিকায় ছাপা হওয়া প্রতিবেদনের কাটিং তৈরি করছে বাফুফে। তা নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সালাউদ্দিন। পত্রিকার প্রতিবেদন দেখিয়ে প্রধানমন্ত্রীকে বলবেন, ‘ভিশন ২০২২’ সবাই ইতিবাচক হিসেবে নিয়েছে। কাজেই শুধু আর্থিক নয়, প্রয়োজনীয় লোকবল দিয়েও সরকার যেন ফেডারেশনের পাশে দাঁড়ায়।’বর্তমান সরকার ভিশন ২০২১ ঘোষণা করেছে বেশ আগেই। এবার তাতে ফুটবলের ভিশন ২০২২ অন্তর্ভুক্ত করা যায় কি না, সেটি নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরিকল্পনা নিয়েছেন সালাউদ্দিন। তাঁর বিশ্বাস, সরকার ভিশন ২০২২ গ্রহণ করলে বাফুফের জন্য কাজটা এগিয়ে নেওয়া কঠিন হবে না।৮ নভেম্বর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে বাফুফের দেওয়া আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে ‘ভিশন ২০২২’-এর ঘোষণা দেন সালাউদ্দিন। কয়েক দিনের মধ্যে আলাদা অনুষ্ঠান করে এটা নিয়ে আরও কথা বলবেন। চাইবেন সবার সহযোগিতা। এরই মধ্যে ভালোই সাড়া পাচ্ছেন, চারদিক থেকে সবাই জানতে চাইছে নতুন এই লক্ষ্য নিয়ে। এই যে একটা আগ্রহ তৈরি হলো, এটিকেই কাজে লাগাতে চান সালাউদ্দিন। নিজেই বলছেন, ‘লিগ বা ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভাবব না। লিগ একটা কাঠামোর মধ্যে এসে গেছে। এখন বড় স্বপ্ন নিয়েই এগোতে চাই।’জর্জেভিচের সঙ্গে যোগাযোগজাতীয় দলের জন্য একজন বিদেশি কোচের সন্ধান চলছে। বাংলাদেশকে ২০১০ সালে ঢাকায় এসএ গেমসে চ্যাম্পিয়ন করানো সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচের সঙ্গে কাল যোগাযোগ করেছে ফেডারেশন। জর্জেভিচ বর্তমানে দক্ষিণ সুদানের কোচ। সালাউদ্দিন জানালেন, ‘জর্জেভিচের মধ্যে অনেক পাগলামি থাকলেও কোচ ভালো। তাই যোগাযোগ করেছি। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়।’ওদিকে বাংলাদেশে ফিরে আসতে চান এডসন সিলভা ডিডো। এই ব্রাজিলিয়ান বাংলাদেশের ফুটবল কোচ ছিলেন। বাংলাদেশের এক সাংবাদিকের মাধ্যমে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। বাফুফে এখন নতুন কোচের পাশাপাশি পুরোনো কোচদের ব্যাপারেও খোঁজখবর নিচ্ছে।