বিদায় আলফাজ, বিদায়!
এ তো এক অধ্যায়েরই সমাপ্তি। বাংলাদেশের ফুটবলে ‘আলফাজ অধ্যায়’-এর ইতি ঘটছে আজ। ২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফুটবলে রাজত্ব করে আজ সন্ধ্যায় ঢাকার মাঠ থেকে অতীত হয়ে যাবেন আলফাজ আহমেদ। বাংলাদেশের ফুটবলে ‘সর্বশেষ তারকা’দের যে একটি ছোট্ট দল আছে, সেই দলের উজ্জ্বল নাম আলফাজ আহমেদ তাঁর বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন দেশের ফুটবলের সবচেয়ে মর্যাদার আবাহনী-মোহামেডান ম্যাচটিকে। মোহামেডানের জার্সি গায়ে বিদায়ী ম্যাচে তিনি কুড়াবেন অজস্র ফুটবলামোদীর অশ্রুসিক্ত ভালোবাসা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ককে দেখে ফুটবলামোদীরা আক্রান্ত হবেন অম্ল-মধুর নস্টালজিয়ায়।আলফাজ আহমেদ নিজেও ভারাক্রান্ত তাঁর বিদায়ের এই দিনে। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘বিদায়ের দিনে খারাপ লাগছে খুব। অনেক স্মৃতি মনে পড়ছে। গত বিশটা বছর মাঠের বন্ধনে নিজেকে জড়িয়ে রেখেছিলাম। আজ তা ছিন্ন করার পালা। কষ্ট তো হচ্ছেই।’তবে আলফাজ তৃপ্ত তাঁর বিদায়টা ভালোভাবে হওয়ায়। ‘সবার ভালোবাসা, সম্মান নিয়ে বিদায় নেওয়ার সৌভাগ্য হচ্ছে আমার। এটা কয়জনের ভাগ্যে জোটে?’দীর্ঘ ক্যারিয়ার আলফাজের। ১৯৭৩ সালে সিলেটে জন্ম নেওয়া আলফাজ আজ এ পর্যায়ে এসেছেন অনেক ধাপ পেরিয়ে। ১৯৮৩ সালে একটি কিশোর ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে তাঁর বড় পর্যায়ে পথচলা শুরু। পাইওনিয়ার, দ্বিতীয় বিভাগ খেলে ১৯৯১-৯২ সালে রহমতগঞ্জের হয়ে তিনি যাত্রা শুরু করেন ঢাকার ঘরোয়া ফুটবলে। ১৯৯২ সালেই নাম লেখান দেশের অন্যতম সেরা দল আবাহনীতে। ওই সময় অবশ্য আবাহনীর তারকার কোনো কমতি ছিল না। আবাহনীতে সাইডলাইনে বসেই কাটাতে হয় আলফাজকে। দুই বছর বাইন্ডিংস খেলোয়াড় থাকার পর ১৯৯৪ সালে চলে আসেন আরামবাগে। ঢাকার ফুটবলের মাঝারি সারির এই দলে খেলে মাঠ মাতান আলফাজ। ১৯৯৫ সালে আরামবাগ থেকে চলে আসেন মোহামেডানে।নিজের উত্থানের বছর ১৯৯৫ সালেই আলফাজ জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেয়ে যান নিজের যোগ্যতাতেই। কলম্বোয় অনুষ্ঠিত সার্ক গোল্ডকাপে তিনি গায়ে জড়ান জাতীয় দলের জার্সি। প্রথম আবির্ভাবেই তিনি বুঝিয়ে দেন এ দেশের ফুটবলে অনেক দিন রাজত্ব করতেই তিনি এসেছেন।১৯৯৫ সালেই তিনি মোহামেডানের হয়ে তারকার আসনে বসেন। ২০০১ সাল পর্যন্ত টানা সাত বছর মোহামেডানে খেলে মুক্তিযোদ্ধায় যোগ দেন তিনি। ২০০৩ সালে যোগ দেন ব্রাদার্স ইউনিয়নে। মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করা আলফাজ তত দিনে দেশসেরা স্ট্রাইকার। এরপর শেখ রাসেল, বিজেএমসির হয়েও খেলেছেন তিনি। মাঝে আবার খেলেছেন মোহামেডান, আবাহনী ও আরামবাগের হয়ে।আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের উজ্জ্বল তারকা আলফাজ আহমেদ ১৯৯৬ সালের আগস্টে এশিয়ার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। এই অনন্য সম্মাননা এ দেশের আর কোনো ফুটবলারের ভাগ্যেই জোটেনি। ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা জাতীয় দলে নির্ভরতার সঙ্গে খেলা আলফাজ এ দেশের ফুটবল ইতিহাসের অবিচ্ছদ্য অঙ্গ হয়ে আছেন ১৯৯৯ সালের সাফ গেমসের ফাইনালে দেশের পক্ষে জয়সূচক গোলটি করে। কাঠমান্ডুর দশরাথ স্টেডিয়ামের ২৫ হাজার দর্শককে স্তব্ধ করে দেওয়া ওই গোলটি আজও আলফাজের ফুটবল ক্যারিয়ারের সেরা স্মৃতি হয়ে আছে।‘ওই স্মৃতি কোনো দিন ভোলার নয়। পুরো স্টেডিয়াম স্তব্ধ। আমি ঠোঁটে আঙুল ঠেকিয়ে দৌড়াচ্ছি, সতীর্থরা ছুটে আসছে আমাকে অভিনন্দন জানাতে। কীভাবে ভুলি ওই অনুভূতি।’ আন্তর্জাতিক ফুটবলে নিজের সেরা মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে একটু যেন আবেগি ঠেকল আলফাজের কণ্ঠ।ঘরোয়া ফুটবলে অজস্র ম্যাচের স্মৃতি থেকে দু-একটি সেরা ম্যাচের বর্ণনা দিতে গিয়ে আলফাজ একটু বিভ্রান্তির মধ্যেই পড়লেন। বললেন, ‘অসংখ্য ভালো ম্যাচ খেলেছি। তবে ১৯৯৫ সালের লিগের প্রথম পর্বে আবাহনী-মোহামেডান ম্যাচটির স্মৃতি একটু আলাদা হয়ে আছে। কারণ, ওই ম্যাচে আমার গোলেই আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। আর আবাহনী-মোহামেডান ম্যাচে ওটাই ছিল আমার প্রথম গোল। ৫০ হাজার দর্শকের সামনে সেই গোলটি অবশ্যই দারুণ এক স্মৃতি।’২০০৩ সালে ব্রাদার্সের হয়ে আবাহনীর বিপক্ষে লিগের একটি ম্যাচকেও সেরা স্মৃতির তালিকার ওপরের দিকেই রাখতে চান আলফাজ। ‘ওই ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। ক্ষণে ক্ষণে চেহারা পরিবর্তন করা এমন ম্যাচ বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খুব কমই এসেছে।’১৯৯৯ সালে আবুধাবিতে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে দুটি গোল করেছিলেন আলফাজ। সেই ম্যাচটিকে অবশ্য সাফ গেমসের ফাইনালের পরপরই স্থান দিতে চান আলফাজ। ‘ম্যাচটিতে আমার দুই গোলে দুইবার পিছিয়ে পড়ে বাংলাদেশ ড্র করেছিল। জিততে না পারলেও ভারতের বিপক্ষে ওটা বাংলাদেশের অন্যতম সেরা ম্যাচ।পুরো ক্যারিয়ারে কোচ হিসেবে অনেকেরই শিষ্যত্ব পেয়েছেন আলফাজ। প্রিয় গুরুদের মধ্যে আলাদা করে রাখলেন দুটি নাম—ইরাকের সামির শাকির ও অস্ট্রিয়ার জর্জ কোটানের নাম। ১৯৯৯ সালে সামির শাকিরের অধীনে সাফের সোনা জিতেছিল বাংলাদেশ। ২০০৩ সালে জর্জ কোটান বাংলাদেশকে জেতান সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। কৌশল থেকে শুরু করে আধুনিক ফুটবলের অনেক কিছুই এই দুই কোচের কাছ থেকে শিখেছেন তিনি। আলফাজের পরিপূর্ণ ‘আলফাজ’ হয়ে ওঠার কৃতিত্বও তিনি দিলেন এই দুই কোচকে। বিদায়বেলায় পেছনের দিকে তাকিয়ে আলফাজের মনে হচ্ছে, এতগুলো বছর একেবারে খারাপ কাটেনি। দেশের ফুটবলের স্বর্ণ সময়টা ক্যারিয়ারের শুরুর দিকে পেয়েছিলেন। ভাটার সময়টা প্রায় পুরো সময়ে তিনি ছিলেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। দেশকে একেবারেই সাফল্য-বঞ্চিত রাখেননি এই সময়টা—ক্যারিয়ারের শেষ দিনটিতে এসে এই তৃপ্তিই আনন্দ দিচ্ছে তাঁকে।সব শেষে আলফাজ আশাবাদী দেশের ফুটবল নিয়ে। খেলা ছেড়ে পুরোদস্তুর প্রশিক্ষক হয়ে যাওয়ার ইচ্ছা তাঁর। তাঁর মতে, ফুটবলে সাফল্য পেতে হলে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। খেলোয়াড়দের দিলে তাঁরাও দেশকে অনেক কিছু দেবেন।নিজের দীর্ঘ ক্যারিয়ারে নিয়মানুবর্তিতাকেই প্রধান অনুষঙ্গ বানিয়েছিলেন আলফাজ। প্র্যাকটিসে কখনোই দেরি করেননি। প্র্যাকটিস বাদ দেওয়া তো অনেক পরের ব্যাপার। নিয়ম-নিষ্ঠ জীবন-যাপন করে পরিপূর্ণ এক খেলোয়াড়ি জীবন উপভোগ করে গেছেন তিনি। সময়ের ফেরে আজ তিনি বিদায় নিচ্ছেন। কিন্তু আরেকজন আলফাজকে পেতে আমাদের কত দিন অপেক্ষায় থাকতে হয়, দেখার বিষয় এখন এটিই।