বিদায় এশিয়ার 'অলিম্পিক'
শীত প্রায় এসেই গেছে দক্ষিণ কোরিয়ায়। সন্ধ্যার পর তাপমাত্রা নেমে আসছে ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসে। এমনই এক হিমেল সন্ধ্যায় কাল ইনচন এশিয়ান গেমসের মূল স্টেডিয়ামে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল ১৭তম এশিয়ান গেমসের।
ঠান্ডার মধ্যেও প্রায় ৬০ হাজার ধারণক্ষমতার গ্যালারি মোটামুটি ভরে গেল। সাপ্তাহিক ছুটির সন্ধ্যাটা ইনচনের মানুষ কাটাতে চাইল আলোর ফোয়ারায়। কিন্তু এশিয়ান গেমসের শেষ দিন কোনো ব্যতিক্রম উপহার দিতে পারল না। এ ধরনের অনুষ্ঠানে সাধারণত যে রকম চিত্রনাট্য অনুসরণ করা হয়, তা-ই হলো। স্থানীয় ভাষার সংগীত পরিবেশন দিয়ে শুরু। কোরিয়ান ঐতিহ্যকে তুলে ধরা নাচ, মার্শাল আর্ট প্রদর্শনী, তালে তালে ঐতিহ্যবাহী বাদ্য বাদন, জাতীয় পতাকা হাতে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের স্টেডিয়াম প্রদক্ষিণ, শেষে আতশবাজির ফোয়ারা। ১৬ দিনের এশিয়ান গেমসের সমাপ্তি হলো বড় বেশি প্রথাগতভাবে।
আগামী ২০১৮ জাকার্তা গেমসে কী হবে সেটি অন্য কথা, তবে বিগত গেমসগুলোর সঙ্গে একটা মৌলিক পার্থক্যও দেখাল ইনচন। এসব অনুষ্ঠানে সাধারণত বড় একটা পর্বজুড়ে থাকে শারীরিক কসরতের প্রদর্শনী। ইনচনে কাল তা খুব একটা দেখা গেল না। আড়াই ঘণ্টার সমাপনী অনুষ্ঠানটিতে জোর দেওয়া হয়েছিল ভিডিওচিত্রে। তিনটি বড় পর্দায় কখনো ভেসে উঠেছে উদ্বোধনী অনুষ্ঠানের দিন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি ইয়ংয়ের মশাল প্রজ্বালনের ছবি, কখনো বা গেমসের বিভিন্ন খেলার দৃশ্য।
এশিয়ান গেমসের নির্বাহী শিল্পনির্দেশক জ্যাং জিন অবশ্য আগেই আভাস দিয়েছিলেন, শারীরিক কসরতের পর্ব থাকবে কম, ‘শুধু উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের জন্য আলাদা কোনো ভেন্যু নেই। সমাপনী অনুষ্ঠানের আগের দিনও ম্যারাথনের সঙ্গে আমাদের একই স্টেডিয়াম ভাগাভাগি করতে হবে। মহড়া দেওয়া সম্ভব নয় বলেই সমাপনী অনুষ্ঠানে শারীরিক কসরতের পর্ব যোগ করা হয়নি।’
এশিয়ার অলিম্পিকের বিদায়টা তাই এবার আধুনিক প্রযুক্তি আর আলোকসজ্জা দিয়েই হলো।