বিদায় ট্রটমান
১৯৫৬ সালের এফএ কাপ ফাইনাল। ম্যানচেস্টার সিটির মুখোমুখি বার্মিংহাম সিটি। ম্যাচের বাকি ১৭ মিনিট, ডাইভ দিতে গিয়ে ঘাড়ে প্রচণ্ড চোট পেলেন সিটি গোলরক্ষক বার্ট ট্রটমান। তখন আবার বদলির নিয়ম ছিল না। দুঃসহ সেই ব্যথা উপেক্ষা করেই বাকি সময় খেলে গেলেন ট্রটমান, দুর্দান্ত কিছু সেভও করলেন। সিটি ম্যাচটা জিতল ৩-১ গোলে। ঘাড়ের ভাঙা হাড়ের সঙ্গে জীবনাশঙ্কা নিয়েই খেলে গিয়েছিলেন ট্রটমান। অবিশ্বাস্য সেই ম্যাচটি জায়গা করে নিয়েছে ব্রিটিশ ফুটবলের লোকগাথায়। সেই কিংবদন্তি গোলরক্ষক ট্রটমান আর নেই। গতকাল মারা গেছেন ৮৯ বছর বয়সে। তাঁর পুরো জীবনটাই ছিল নাটকীয়তায় মোড়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিলেন জার্মান ছত্রীসেনা, বন্দী হয়েছিলেন মিত্রবাহিনীর হাতে। পরে মুক্তি পাওয়ার পর ফুটবল ক্যারিয়ার শুরু করেন ইংল্যান্ডে। সিটির হয়ে খেলেছেন ৫৪৫টি ম্যাচ। পেয়েছেন সম্মানসূচক ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’। মিয়ানমার, পাকিস্তান ও তানজানিয়া জাতীয় দলের কোচও ছিলেন। শেষ বয়সে অবশ্য থিতু হয়েছিলেন স্পেনে। তাঁর মৃত্যু হয়েছে ভ্যালেন্সিয়ায় নিজের বাড়িতেই। এএফপি।