বিদায় নিচ্ছেন ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টকটকে লাল মুখবর্ণ। রোমাঞ্চে, উত্তেজনায়; কখনো কখনো রাগে। অনবরত চিবুচ্ছেন চুইংগাম। মুখ নড়ছেই। কখনো কখনো নড়ছে ঠোঁটও। খেলোয়াড়ের অনুপ্রেরণা দিচ্ছেন, বকুনিও। দৃষ্টি আকর্ষণ করছেন ম্যাচ কর্মকর্তাদের। পরনে লম্বা কালো ওভারকোট, কখনো বা স্যুট। চোখে মোটা ফ্রেম আর হাই পাওয়ারের চশমা। এই পরিচিত দৃশ্যটা আগামী মৌসুম থেকে আর দেখা যাবে না। ফুটবল-বিশ্বকে চমকে দেওয়া এই খবর দিয়েছেন অ্যালেক্স ফার্গুসন নিজেই। ইংলিশ সংবাদমাধ্যমের সূত্রে ‘ফার্গুসন বিদায় নিচ্ছেন’ জাতীয় গুঞ্জন বাতাসে রটতেই বিষয়টির ফয়সালা করে দিলেন। গুঞ্জনটাকে সত্যি বানিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে দেওয়া তাঁর নাতিদীর্ঘ বিবৃতি।

‘অবসর নেওয়ার সিদ্ধান্তটি নিয়ে আমি অনেক ভেবেছি। এটা এমন এক সিদ্ধান্ত, যেটা মোটেও হালকাভাবে নিইনি। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময়’—বিবৃতির শুরুতেই বলেছেন ইংলিশ ফুটবলের সফলতম কোচ ফার্গুসন। এই বিবৃতির মাধ্যমেই শেষ হলো ২৭ বছরের একটি সম্পর্কের। ১৯৮৬ সালে দায়িত্ব নিয়েছিলেন ইউনাইটেডের। এর আগে অবশ্য দুই স্কটিশ দল সেন্ট মিরেন আর অ্যাবারডিনের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬ বিশ্বকাপে কোচ ছিলেন নিজের দেশ স্কটল্যান্ডের। কিন্তু সেসব মানুষ ভুলে গেছে সেই কবেই। ইউনাইটেডের কোচ হিসেবে তাঁর অর্জন বাকি সবকিছুকেই ম্লান করে দিচ্ছে। দিনে দিনে তিনি যে হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতীক!

৩৯ বছরের কোচিং ক্যারিয়ারের ২৭ বছরই কাটিয়ে দিয়েছেন শীর্ষ একটা ক্লাবে। এমন এক সময় ইউনাইটেডের মতো ক্লাব, সুদীর্ঘ ঐতিহ্য আর সমর্থকদের সাফল্যের অন্তহীন ক্ষুধা সামলে এই দায়িত্বে অবিচল ছিলেন, যখন কোচদের নিয়ে কৌতুক করে বলা হয়: কোচ দুই প্রকার—ছাঁটাই হয়েছেন আর ছাঁটাই হতে চলেছেন। রেড ডেভিলদের দায়িত্ব যখন নিয়েছিলেন, ক্লাবটি ছিল ঝড়ে পড়া টালমাটাল এক জাহাজ। শক্ত হাতেই হাল ধরেছেন। ক্লাবে প্রতিষ্ঠা করেছেন শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা। তাঁর কঠোর অনুশাসন ‘হেয়ার ড্রায়ার ট্রিটমেন্ট’ নামে বিখ্যাত হয়েছে। বিখ্যাত হয়েছে তাঁর চুইংগামও। তবে সবশেষে একজন কোচকে তাঁর শিরোপাসংখ্যা দিয়েই বিবেচনা করা হবে। সেখানেও ফার্গুসন জ্বলজ্বল করেই জ্বলছেন।

১৩টি লিগ শিরোপা, দুটি চ্যাম্পিয়নস লিগ। ফার্গুসন বিদায়ও নিচ্ছেন মাথা উঁচু করে। লিগ শিরোপা পুনরুদ্ধার করেই। ‘আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সংগঠনটিকে যথাসম্ভব শক্তিশালী অবস্থায় রেখেই বিদায় নেওয়া। বিশ্বাস করি, আমি সেটা করতে পেরেছি। এই লিগজয়ী দলটার মান, দলের খেলোয়াড়দের বয়সের ভারসাম্যই বলে দেয় শীর্ষ পর্যায়ে সাফল্য আসবেই। আর আমাদের যুব পর্যায়ে যে অবকাঠামো, সেটাও নিশ্চিত করছে ক্লাবের দীর্ঘমেয়াদি উজ্জ্বল ভবিষ্যৎ’—বলেছেন ৭১ বছর বয়সী।

বয়সটা অবশ্য তাঁর জন্য মোটেও কোনো ব্যাপার ছিল না। ফুটবল তাঁর জীবনজুড়ে। এই বয়সেও কেন এত চাপ সামলে কাজ করছেন জিজ্ঞাসা করলে ঠাট্টা করে বলতেন, ছুটির যে কটা দিন বাড়িতে থাকেন, বউ নাকি জ্বালিয়ে মারে। এর চেয়ে কাজে ব্যস্ত থাকাই ভালো! ফুটবল থেকে অবশ্য একেবারেই বিদায় নিচ্ছেন না। ইউনাইটেডের পরিচালকের পদে থেকে উপদেষ্টা হিসেবে কাজ করবেন। পাশাপাশি ক্লাবটির দূত হিসেবে থাকবেন আজীবন।

ফার্গুসনের উত্তরসূরি কে হবেন, সেই আলোচনাও শুরু হয়ে গেছে জোরেশোরে। হোসে মরিনহো আর ডেভিড ময়েসের নামই শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। ফার্গুসন অবশ্য আরও দুটি ম্যাচে ডাগ-আউটে থাকবেন। ১৯ মে ওয়েস্ট ব্রমের বিপক্ষে তাঁর বিদায় সংবর্ধনা।

কত তারকার জন্ম হয়েছে তাঁর হাতে। ডেভিড বেকহাম, পল স্কোলস, রায়ান গিগসদের গড়ে তুলেছেন তিনি। এরিক ক্যান্টোনা, ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েইন রুনিদেরও তারকা বানিয়েছেন এই ফার্গুসনই। বিদায়ের এই মুহূর্তে ‘ফার্গি’ ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। তাঁর সঙ্গে কাজ করা সব খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থকদের। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মালিক গ্লেজার পরিবারকে। নিজ পরিবার আর স্ত্রী ক্যাথিকে জানিয়েছেন ‘আসল’ ধন্যবাদটি।

ধন্যবাদ তো আসলে তাঁকেই দেওয়া উচিত ফুটবল-বিশ্বের। ফার্গি না থাকা মানে যে বিরাট এক শূন্যতা। ১৯ মের পর ফুটবল আর আগের মতো থাকবে না নিশ্চিত। এর পর যে ডাগ-আউটে স্যার অ্যালেক্স ফার্গুসন থাকবেন না! এএফপি, রয়টার্স।