বিদায় নিলেন শূন্যের রাজা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার ছত্রখান স্টাম্প—ক্রিকেটের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি বানিয়ে ফেলেছিলেন ক্রিস মার্টিন! ফাইল ছবি
আরও একবার ছত্রখান স্টাম্প—ক্রিকেটের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি বানিয়ে ফেলেছিলেন ক্রিস মার্টিন! ফাইল ছবি

খবরটা শুনে কোর্টনি ওয়ালশ খুশি হবেন নাকি নারাজ, বলা মুশকিল। খুশি হওয়ার কথা, কারণ ক্রিস মার্টিনের অবসর ঘোষণায় নিশ্চিত হয়ে গেল, রেকর্ডটা শেষ পর্যন্ত তাঁরই দখলে থাকছে। আবার বেজার হওয়ার কথা, কারণ এই রেকর্ড কে চায় তাঁর নামের পাশে থাকুক! রেকর্ডটা যে টেস্টে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার! টেস্টে ৪৩ বার ‘ডাক’ মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়ালশ। দুর্দান্ত গতিতে সেই রেকর্ডটা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছিলেন নিউজিল্যান্ডের মার্টিন। ১৩২ টেস্টে ওয়ালশ যেখানে ৪৩টি ডাক মেরেছেন, তাঁর প্রায় অর্ধেক ম্যাচ কম খেলেই মার্টিন ৩৬টা ডাক মেরেছেন ৭১ টেস্টে। গড়ে প্রতি তিন টেস্টে একটি করে শূন্য ছিল ওয়ালশের। দুইটা টেস্ট খেললেই যেন একটা ‘ডাক’ নিশ্চিত ছিল মার্টিনের! ওয়ালশের সমান টেস্ট খেলতে পারলে রেকর্ডটা কোন উচ্চতায় নিয়ে যেতেন কে জানে। শেষ পর্যন্ত ওয়ালশের রেকর্ডটা ওয়ালশেরই থাকল। তবে একদিক দিয়ে মার্টিন সত্যি সত্যিই শূন্যের রাজা। ৩৬ বার শূন্য রানে আউট হওয়ার পাশাপাশি আরও ২৮ বার শূন্য রানে অপরাজিতও ছিলেন। মানে কিনা সব মিলে তাঁর নামের পাশে আছে ৬৪টি শূন্য! ভাবা যায়! টেস্ট ইতিহাসে এতগুলো শূন্য নেই আর কারও। ১০৪ বার ব্যাট করতে নেমে ৬৪ বারই নামের পাশে শূন্য নিয়ে ফিরেছেন মার্টিন!

বোলার হলেও মার্টিনের অবসর ঘোষণায় তাই বেশি করে আসছে তাঁর ব্যাটিং ‘কীর্তি’টাই। অবশ্য বোলার হিসেবেও নিউজিল্যান্ডের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি তিনি। সামনে আছেন কেবল রিচার্ড হ্যাডলি (৪৩১) ও ড্যানিয়েল ভেট্টোরি (৩৬০)। ২৩৩ উইকেট নিয়ে মার্টিন অবশ্য অনেক পেছনে।

সে যা-ই হোক, এ নিয়ে আফসোসের নিশ্চয়ই কিছু নেই এই ৩৮ বছর বয়সীর। মার্টিনকে তো আর ইতিহাস তাঁর বোলিংয়ের জন্য মনে রাখবে না, রাখবে ব্যাটিংয়ের কারণেই। আধুনিক ক্রিকেটে তাঁর মতো ‘ক্ল্যাসিক’ টেলএন্ডাররাই যে হারিয়ে যেতে বসেছেন, যাঁরা ব্যাটিংয়ের ‘ব’-ও ঠিকমতো জানেন না; যাঁদের ব্যাটিং ইনিংসের শেষ প্রান্তে দর্শকদের এনে দেয় বিমল আনন্দ, নির্মল বিনোদন।

নিজের এই হতচ্ছাড়া ব্যাটিং নিয়ে মার্টিন নিজে কিন্তু লজ্জা-শরম খুব একটা পাননি। বরং এতে তিনিও বেশ মজা পান। এ কারণে বাংলাদেশকেও নিশ্চয়ই মনে রাখবেন অনেক দিন। ‘ক্যারিয়ার সেরা’ ১২ রানের ইনিংসটা যে বাংলাদেশের বিপক্ষেই। শুধু তা-ই নয়, ২০০৮ ডানেডিন টেস্টের এই ১২ রানই তাঁর ক্যারিয়ারের একমাত্র দুই অঙ্কের ইনিংস!

এই ইনিংসটা এতটাই প্রিয়, সেটার ছবি টানিয়ে রেখেছেন বাড়ির বসার ঘরের দেয়ালে! আলোকচিত্রীদের খুব একটা সুযোগই দেননি তাঁর ব্যাটিংয়ের ছবি তোলার। ক্যামেরার শাটার টেপার আগেই যে ফিরে যেতেন সাজঘরে! এই তথ্যে তাই কোনো বিস্ময় নেই, টেস্টে সবচেয়ে বেশি পেয়ার (একই টেস্টের দুই ইনিংসেই শূন্য) তাঁর। সাত টেস্টে ‘চশমা’ নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এই তথ্যেও তাই কোনো বিস্ময় নেই, পুরো ক্যারিয়ার মিলেই টেস্টে রান করেছেন মাত্র ১২৩। নিজের ‘অবিশ্বাস্য’ ব্যাটিং-প্রতিভা নিয়ে একটি ডিভিডিও বাজারে ছেড়েছিলেন। শিরোনাম ‘লার্ন টু ব্যাট লাইক ক্রিস মার্টিন’। ক্রিস মার্টিনের মতো ব্যাট করতে শিখুন!

সব ধরনের ক্রিকেট থেকে তাঁর অবসর ঘোষণায় নিউজিল্যান্ড হয়তো একজন খুব ভালো বোলার হারাল, তবে ক্রিকেট হারাল বিনোদনের অন্তহীন উেসর অধিকারী এক ব্যাটসম্যানকে। ভালো থাকুন শূন্যের রাজা!

মার্টিনের শূন্য নিয়ে বানানো, হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়া এই ভিডিওটি দেখুন: