বিদায় নেওয়ার এটাই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার কি বিজয় মার্চেন্ট কিংবা সুনীল গাভাস্কারের মতো কপাল নিয়ে পৃথিবীতে এসেছেন? তিনি খেলোয়াড় হিসেবে ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই দুই ক্রিকেটারের চেয়ে অনেক চওড়া কপাল নিয়ে পৃথিবীতে এলেও খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর বেলায় তাঁদের মতো ভাগ্যবান হবেন কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে দিল্লিতে দারুণ এক সেঞ্চুরি করে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিজয় মার্চেন্ট। তাঁর অবসরে হতবাক এক বন্ধু তাঁকে প্রশ্ন করেছিল, ‘তুমি হঠাত্ অবসর নিলে কেন?’ উত্তরে মার্চেন্ট বলেছিলেন, ‘আমি কেন অবসর নিচ্ছি না, এই কথাটি যেন শুনতে না হয়, তাই সময় থাকতে অবসরে চলে গেলাম।’ এই বিজয় মার্চেন্টকে ছোটবেলা থেকে গুরু মেনে ক্রিকেটার হওয়ার পথে হেঁটেছিলেন সুনীল গাভাস্কার। ভারতের জাতীয় দলের গাভাস্কারের প্রবেশও মার্চেন্টের হাত ধরেই। তিনি নিজের ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টেনেছিলেন ঠিক ‘গুরু’র মতোই। ১৯৮৬-৮৭ মৌসুমে ফর্মের তুঙ্গে থেকে, পাকিস্তানের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে অসাধারণ এক সেঞ্চুরি করে।মুম্বাই ভারতের অনেক গ্রেট ব্যাটসম্যানের সূতিকাগার হিসেবে পরিচিত। সেই মুম্বাইয়ের অনেক গ্রেটের মধ্যে তিন ‘গ্রেটেস্ট’ বিজয় মার্চেন্ট, সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকার। দুই গ্রেটেস্টের বিদায় যদি আকাশছোঁয়া মহিমার হয়ে থাকে, তাহলে তৃতীয় জন এর থেকে বঞ্চিত হবেন কেন?শচীন টেন্ডুলকারের অবসরের ব্যাপারটি এখন ভারতীয় ক্রিকেটের সর্বাধিক আলোচনার বিষয়। ব্যাপারটি তো এমন হওয়ার ছিল না। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোয় লেখা এক কলামে ভারতের ইতিহাসবিদ ও বিখ্যাত ক্রিকেট লিখিয়ে রামচন্দ্র গুহর লেখায়ও ঝরেছে এ ব্যাপারটি নিয়ে আক্ষেপ। তিনিও প্রশ্ন রেখেছেন, শচীন টেন্ডুলকার কি নিজের অবসরের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিজয় মার্চেন্ট কিংবা সুনীল গাভাস্কারের মতো বিচক্ষণতার পরিচয় দিতে পারবেন? তিনি কি পারবেন পারফরম্যান্সের প্রশ্নাতীত প্রভাব রেখে মাথা উঁচু করে ক্রিকেটকে বিদায় জানাতে? শচীন তাঁর বিদায়ের সঠিক ক্ষণ নির্বাচন করতে গিয়ে দুই বছর আগেই যে ভুলটি করেছেন, সেটাও রামচন্দ্র গুহ তুলে ধরেছেন তাঁর লেখায়। তাঁর মতে, ২০১১ সালই ছিল শচীনের ক্রিকেটকে বিদায় জানানোর সঠিক বছর। অসাধারণ ব্যাটিং দিয়ে নিজ দেশের বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন শচীন। গুহর মতে, শচীন যদি ওই সময়ই বিদায় নিতেন, তাহলে নিশ্চিতভাবেই ‘ভারতরত্ন’ লুটোপুটি খেত তাঁর পায়ে।শচীন ওই সুযোগ হেলায় হারিয়েছেন। বিশ্বকাপের পরপরই এত দিনের প্রশ্নাতীত ফর্মটিও তাঁর নেই। নেই তাঁর বেলায় ভারতীয় গণমাধ্যমের প্রশ্নাতীত আনুগত্যও। ব্যাট হাতে মাঠে আগের শচীনকে না পেয়ে গণমাধ্যমও বড় নির্দয় হয়েছে তাঁর প্রতি। প্রশ্ন উঠেছে, ‘শচীন টেন্ডুলকার আপনি কবে যাচ্ছেন?’ ব্যাপারটি নিশ্চয়ই প্রত্যাশিত ছিল না শচীনের বেলায়।অভিযোগ উঠেছে, বিভিন্ন মাইলফলকের হাতছানি আর এত দিন ধরে শচীনের জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা পৃষ্ঠপোষকেরা শচীনকে সঠিক সময়টি বেছে নিতে দিচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ তে সিরিজ জয়ের পর যাঁরা শচীনের অবসরের প্রসঙ্গটি তুলেছিলেন, তাঁরাও হতাশ হয়ে লক্ষ করছেন, কিছু মানুষ এখন তাঁর ২০০ টেস্টের মাইলফলক নিয়ে কথা বলছেন। (আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুটো টেস্ট খেললেই তাঁর ২০০ টেস্ট খেলা হবে)। বিশ্বকাপের পর যাঁরা শচীন বীরের বেশে অবসরে যাচ্ছেন—এমন স্বপ্ন দেখেছিলেন, তাঁদের স্বপ্নের অপমৃত্যু হয়েছিল তাঁর ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি পাওয়ার অভিপ্রায়ের জাঁতাকলে। রামচন্দ্র গুহ তাঁর লেখায় বলেছেন, এ ধরনের বিষয়গুলো সাধারণত জনপ্রিয় ক্রীড়াবিদদের বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে দেয় না। শচীনের বেলায়ও এমনটাই হচ্ছে বলে মনে করছেন এই ক্রিকেট লেখক।মি. গুহ একজন ব্রিটিশ রাজনীতিকের উক্তি তাঁর লেখায় ব্যবহার করেছেন। সেই ব্রিটিশ রাজনীতিক বলেছিলেন, ‘সাধারণত রাজনীতিকদের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটে ব্যর্থতা দিয়ে। এ ব্যাপারে উনস্টন চার্চিলের প্রসঙ্গটিও টেনে আনা হয়েছে। অনেকেই বলেন, রাজনীতি থেকে চার্চিলের অবসর নেওয়া উচিত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই। কিন্তু ১৯৪৫ সালের নির্বাচনে জিতে আবার প্রধানমন্ত্রী হয়ে তাঁর শেষটা হয়েছিল নিদারুণ ব্যর্থতায়।খেলোয়াড়দের জীবনটা রাজনীতিকদের মতো নয় বলেই মনে করেন রামচন্দ্র গুহ। তিনি মনে করেন, শচীন যদি ২০০ টেস্টের অভিপ্রায়ে দক্ষিণ আফ্রিকা সফর করেনও, সেখানে গিয়ে তিনি যদি ব্যর্থও হন, তার পরও শচীনের বীরত্বগাথাই মানুষ মনে রাখবে। কিন্তু তার পরও শচীনের মতো খেলোয়াড়দের বিদায়ের জন্য বেছে নিতে হয় সুন্দর কোনো মুহূর্ত। রামচন্দ্র গুহের মতে, অস্ট্রেলিয়াকে ৪-০ তে ধবলধোলাই করার পর এটাই শচীনের টেস্ট ক্রিকেটকে বিদায় বলার সর্বোত্তম সময়।এর একটি ব্যাখ্যাও দিয়েছেন মি. গুহ। তিনি শচীনের ক্যারিয়ার নিয়ে আলোকপাত করে বলেছেন, পুরো ক্যারিয়ারেই অস্ট্রেলিয়াকে অন্য রকম প্রতিপক্ষ ভেবেছেন শচীন টেন্ডুলকার। এই দলের বিপক্ষে এমন সাফল্যের দিনটিকে তিনি তাঁর বিদায়ের জন্য বেছে নিন না। তাহলে বিজয় মার্চেন্ট কিংবা সুনীল গাভাস্কারের মতোই ভারতীয় ক্রিকেটের আরেক মহাতারকার বিদায়টা হয় একেবারে গল্পের মতোই আকর্ষণীয়। প্রশ্ন হচ্ছে, শচীন টেন্ডুলকার ব্যাপারটি উপলব্ধি করবেন কি না!রামচন্দ্র গুহ: ভারতীয় ইতিহাসবিদ ও ক্রিকেট লেখক।