বিদায় বললেন ফিল নেভিলও
দুই বছরের বড় ভাই গ্যারি নেভিল অবসর নিয়েছেন দুই বছর আগে। ভাইয়ের বিদায় বলার দুই বছর পর খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ফিল নেভিলও। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ইংল্যান্ডের সাবেক এই ডিফেন্ডার ২০০৫ সালে যোগ দিয়েছিলেন এভারটনে। আটটি বছর সেখানে কাটিয়ে ৩৬ বছর বয়সে পরশু আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে নেভিল ভাইদের একটা অধ্যায়ের শেষ হলো বটে; তবে ইংলিশ ফুটবলে তাদের যুগলবন্দী কিন্তু থাকছেই। একসময় কাঁধে কাঁধ মিলিয়ে দুই ভাই খেলেছেন ইংল্যান্ড জাতীয় দল ও ম্যানচেস্টার ইউনাইটেডে। ফিল ছিলেন বড় ভাইয়ের মতোই ডিফেন্ডার। মিলটা তাঁদের থাকছে পরবর্তী জীবনেও। গ্যারির মতো ফিলও নাম লেখাতে যাচ্ছেন কোচিংয়ে। ইংল্যান্ডের হয়ে ৫৯টি ম্যাচ খেলা ফিলের যত মিল তা ওই বড় ভাইয়ের সঙ্গেই। অথচ ফিলের যমজ বোন ট্রেসি নেভিল কিন্তু বেছে নিয়েছিলেন নেটবল। খেলেছেন ইংল্যান্ড জাতীয় দলেও। রয়টার্স।