বিদায় বললেন স্কোলসও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসর ঘোষণায় ওল্ড ট্রাফোর্ডে বাজছে বিষাদের রাগিণী। এবার সেই সুরটা আরও তীব্রভাবেই ধ্বনিত হবে ম্যানচেস্টারের বাতাসে। পল স্কোলসও যে এই মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন!

দুই বছর আগেই অবশ্য একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। গত বছরের জানুয়ারিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে এ ঘোষণার কোনো নড়চড় হবে না বলেই জানান ৩৮ বছর বয়সী স্কোলস, ‘হ্যাঁ, আমি শেষবারের মতো বুট তুলে রাখছি। আমি সব সময় ফুটবলই খেলতে চেয়েছি। ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ও সফল একটা ক্যারিয়ার কাটিয়েছি, তা-ও সর্বকালের সেরা ম্যানেজারের অধীনে। অনেক বড় সম্মান এটা।’ ফার্গুসনও বিদায়বেলায় শিষ্যকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘পল আসলেই ছিল একজন অবিশ্বাস্য খেলোয়াড়। ক্লাবের প্রতি তাঁর আত্মনিবেদনে কোনো কমতি ছিল না, তার সঙ্গে এত বছর কাজ করাটা সত্যিকারের সম্মানের ছিল।’ স্কোলস যে বড় মাপের খেলোয়াড় ছিলেন, সেই স্বীকৃতি অনেক আগেই দিয়েছেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার জাভি। বার্সেলোনার মধ্যমাঠের এই জাদুকর বলেছিলেন, গত ২০ বছরে তাঁর দেখা সেরা মিডফিল্ডার পল স্কোলস!

সেই ১৯৯৪ সালে অভিষেক হয়েছিল রেড ডেভিলদের হয়ে। ইউনাইটেডের হয়ে ৭১৬টি ম্যাচ খেলে ফেলেছেন, গোলও করেছেন ১৫৫টি। দীর্ঘদিন মধ্যমাঠের প্রাণভোমরা হয়ে ছিলেন। সবচেয়ে বড় কথা, ইউনাইটেডের সোনালি প্রজন্মের একজন হিসেবেই সবাই তাঁকে মনে রাখবে। গতকাল মাঠে নামার পর অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে এই কিংবদন্তিকেও বিদায় জানিয়েছে ওল্ড ট্রাফোর্ড। এএফপি।