বিদায়বেলায় মানলেন কারস্টেনও

বিদায়ের উল্টো চিত্রটাও দেখা হয়ে গেল গ্যারি কারস্টেনের। দুই বছর আগে আবেগের ছড়াছড়ির মাঝে বিদায় নিয়েছিলেন হাসিমুখে। ভারতকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছিলেন আগেই। এরপর বিশ্বকাপও জিতিয়ে দায়িত্ব ছাড়ার সময় বুঝেছিলেন, বিদায় কতটা মধুর হতে পারে। আবেগ ছুঁয়ে যাচ্ছে এবারও, তবে সেটা হতাশার। এবার যে বিদায় নিতে হচ্ছে ব্যর্থতার গ্লানি নিয়ে। দক্ষিণ আফ্রিকাকেও টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছেন। কিন্তু দলকে মুক্ত করতে পারেননি একটি ঐতিহাসিক কলঙ্ক থেকে। মুছতে পারেননি গায়ে লেগে থাকা দীর্ঘদিনের অপবাদ। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারার পর সবার জানা কথাটিই স্বীকার করলেন দক্ষিণ আফ্রিকার বিদায়ী কোচ—‘আমরা চোক করেছি!’একসময় ‘চোক’ শব্দটিতে প্রবল আপত্তি ছিল প্রোটিয়াদের। গোটা বিশ্ব তাদের ‘চোকার’ বললেও দক্ষিণ আফ্রিকা দলের কেউ মানতেই চাইতেন না। ব্যতিক্রমী হয়ে এটিকে মোকাবিলা করার সাহসী পথে প্রথম হেঁটেছিলেন এবি ডি ভিলিয়ার্স। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বলেছিলেন, ‘হ্যাঁ, আমরা চোকার এবং এই তকমাকে ছুড়ে ফেলতে চাই।’ দক্ষিণ আফ্রিকান অধিনায়কের কণ্ঠে এই প্রতিজ্ঞা ছিল এবারের সেমিফাইনালের আগেও। কিন্তু লাভ হয়নি কিছুই, না টি-টোয়েন্টি বিশ্বকাপে, না চ্যাম্পিয়নস ট্রফিতে। পরশুর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কারস্টেনও মেনে নিলেন নিজেদের দুর্বলতা, ‘আমার মনে হয়, এই ম্যাচে আমরা “চোক” করেছি। শব্দটি খুবই অস্বস্তিকর, ভয়াবহ একটি শব্দ, কিন্তু এই শব্দটিই বারবার চলে আসে। আমরা এটা নিয়ে খোলামেলা আলোচনাও করেছি। যা সত্য, সেটা মেনে নিতেই হবে। আমরা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছি। ওরা দুর্দান্ত বোলিং করেছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের ব্যাটিং লাইনআপ ৮ উইকেটে ৮০ হয়ে যাবে।’
ক্রিকেটার হিসেবে দুঃসহ এই অভিজ্ঞতা হয়েছে কয়েকবার, এবার কোচ হিসেবেও হলো। বিদায়বেলায় তাই অসহায় শোনাল কারস্টেনের কণ্ঠ, ‘এটা থেকে বেরিয়ে আসার গোপন রেসিপি যদি আমাদের থাকত, আমরা অবশ্যই তা মোড়কে ভরে বাজারজাত করতাম। এবার প্রস্তুতিতে আমরা ন্যূনতম খামতি রাখিনি, চেষ্টা করেছি অনেক কিছু। এটা অবশ্যই একধরনের কালো কুয়াশা, নকআউট ম্যাচে যা দক্ষিণ আফ্রিকাকে ছেয়ে ফেলে।’
এই বলয় ভাঙার কি তবে কোনোই উপায় নেই? ‘রেসিপি’ জানা না থাকলেও কিছুটা আন্দাজ করতে পারছেন সাবেক বাঁহাতি ওপেনার, ‘কোনো একটা পর্যায়ে এই বলয় তো আমাদের ভাঙতে হবেই। হয়তো প্রয়োজন হবে সত্যিকার জাদুকরি কিছু, সত্যিকার দৃঢ়সংকল্প। এটি খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার, যদিও চেষ্টার কোনো কমতি নেই।’
দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বড় অস্বস্তি থেকে মুক্তি দিতে পারেননি বলেই কোচিং ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়কে সফল বলতে চান না কারস্টেন, ‘দলকে আগের চেয়ে ভালো জায়গায় রেখে যাচ্ছি কি না, আমি জানি না। (বৈশ্বিক টুর্নামেন্টে) আমরা অবশ্যই উন্নতি করতে পারিনি। আমাকে নিয়েও তাই প্রশ্ন উঠবে, দায়িত্ব ছেড়ে যাওয়াটা তাই খারাপ কিছু হচ্ছে না। কোচ হিসেবে সবার চাওয়া থাকে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। ভালো কিছু ইঙ্গিত আছে। ওয়ানডেতেও আমরা ভালো ক্রিকেটই খেলছি, কিন্তু এ ধরনের টুর্নামেন্টে আমরা সামনে এগোতে পারিনি।’ এএফপি, ওয়েবসাইট।
আইসিসি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা
১৯৯২ বিশ্বকাপ সেমিফাইনাল
১৯৯৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল
১৯৯৮ আইসিসি নকআউট চ্যাম্পিয়ন
১৯৯৯ বিশ্বকাপ সেমিফাইনাল
২০০০ আইসিসি নকআউট সেমিফাইনাল
২০০২ চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনাল
২০০৩ বিশ্বকাপ গ্রুপ পর্ব
২০০৪ চ্যাম্পিয়নস ট্রফি গ্রুপ পর্ব
২০০৬ চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনাল
২০০৭ বিশ্বকাপ সেমিফাইনাল
২০০৭ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সুপার এইট
২০০৯ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সেমিফাইনাল
২০০৯ চ্যাম্পিয়নস ট্রফি গ্রুপ পর্ব
২০১০ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সুপার এইট
২০১১ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল
২০১২ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সুপার এইট
২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনাল