বিদায়ের অপেক্ষায় ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালেক্স ফার্গুসন
অ্যালেক্স ফার্গুসন

তাঁর শেষ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন। ঠোঁট নাড়াতে নাড়াতে তিনি যখন ঢুকলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা দাঁড়িয়ে অভিবাদন জানালেন করতালির বৃষ্টিতে।

আজ ১৯ মে, ২০১৩, রোববার, ইংলিশ ফুটবল সাক্ষী হতে যাচ্ছে একটা যুগের শেষের। কোচ অ্যালেক্স ফার্গুসন-যুগের সমাপ্তি। ৮ মে অবসরের যে ঘোষণা দিয়েছিলেন, একটি একটি করে অধ্যায়ের শেষে আজ তা চূড়ান্ত সমাপ্তির অপেক্ষায়। আজ ওয়েস্টব্রমের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হয়ে যাচ্ছে ফার্গুসনের দীর্ঘ ৪০ বছরের কোচিং-ক্যারিয়ার। শেষটাও করছেন অনন্য এক মাইলফলক ছুঁয়ে। ওয়েস্টব্রমের মাঠে ম্যাচটা হবে ইউনাইটেডের হয়ে তাঁর ১৫০০তম ম্যাচ!

বিদায়ের রাগিণীতে ফার্গুসনের ইস্পাতকঠিন মনটাও যেন গলে একাকার। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ফার্গি নিজেকে ঠিক এক জায়গায় রাখতে পারছিলেন না। দীর্ঘ ৪০ বছরে, কত স্মৃতি, কত ঘটনা! সবই যেন দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছিল একসঙ্গে। শেষের কথা বলতে বসে ফার্গি ফিরে গেলেন দূর অতীতে, যেদিন শুরু করেছিলেন কোচিং-ক্যারিয়ার। সেটি সেই ১৯৭৪ সালের কথা।

খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে ওই বছরই স্কটিশ ক্লাব ইস্ট স্টার্লিংশায়ারের কোচিং দায়িত্ব তুলে নেন কাঁধে। মাত্রই ৩২ বছর বয়সে। সেই শুরুতেও হয়েছিল অন্য রকম এক অভিজ্ঞতা। ফার্গি বললেন, ‘১৯৭৪ সালের ওই দিনটা, যেদিন আমি ইস্ট স্টার্লিংশায়ারে শুরু করি, আমার হাতে ছিল আটজন খেলোয়াড় এবং কোনো গোলরক্ষক ছিল না। আজ আমার দলে ছয়জন গোলরক্ষক, খেলোয়াড় প্রায় ১০০। আমার মনে আছে বৃদ্ধ চেয়ারম্যান উইলি মুইরহেডের কথা। তিনি ছিলেন নিখাদ ধূমপায়ী। যখন আমি তাঁর কাছে খেলোয়াড়দের তালিকা চাইলাম, তিনি হাত ঝাঁকাতে শুরু করলেন। তাঁর সিগারেটটা তখন জ্বলছে ১০০ মাইল বেগে। কয়েক দিন পর আমি আবার তাঁকে স্মরণ করিয়ে দিলাম, তিনি আমাকে আটজন খেলোয়াড়ের তালিকা দিলেন এবং কোনো গোলরক্ষক নেই। আমি বললাম, ‘আপনি জানেন, গোলরক্ষক নিয়ে শুরু করাটাই যুক্তিযুক্ত—এ ব্যাপারে আপনি কি সচেতন?’

এই স্টার্লিংশায়ার থেকে সেন্ট মিরেন, অ্যাবারডিন হয়ে ১৯৮৬ সালের ৬ নভেম্বর দায়িত্ব নেন ইউনাইটেডের। এরপর ওল্ড ট্রাফোর্ডেই কাটিয়ে দিলেন ২৬ বছর ৬ মাস ১১ দিন। দীর্ঘ এই সময়ে ফুটবলের সর্বক্ষেত্রেই পরিবর্তন হয়েছে অনেক। শুধু বদলায়নি একটা জিনিস, ফার্গুসন নিজে, ‘আমি যখন কোচিং শুরু করি, কোনো এজেন্ট ছিল না। গণমাধ্যমও ছিল অন্য রকম। চুক্তির বিষয়ে কোনো স্বাধীনতা ছিল না। সবকিছুই বদলেছে। তবে আমার মনে হয় না আমি খুব বেশি বদলে গেছি। আমি আগেও যেমন ছিলাম, এখনো তেমনই আছি।’

লিগ শিরোপার মীমাংসা হয়ে গেছে, অবনমনও নিশ্চিত। তার পরও আজ শেষ রাউন্ডের ম্যাচ নিয়ে আকর্ষণ এতটুকু কম নয়। ফার্গির বিদায়ী ম্যাচটা তো অবশ্যই বড় কারণ। তা ছাড়া আজ শেষ ম্যাচ খেলছেন ইউনাইটেডের পল স্কোলস ও লিভারপুলের জেমি ক্যারাঘার। চেলসি, আর্সেনাল, টটেনহামের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইটাও বাড়তি আকর্ষণ। ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা চেলসি নিজেদের মাঠে এভারটনের মুখোমুখি হচ্ছে তৃতীয় স্থানটা ধরে রাখার স্বপ্ন নিয়ে। অন্তত চতুর্থ স্থান ধরে রাখার আশা নিয়ে আর্সেনাল যাচ্ছে নিউক্যাসলের মাঠে। চ্যাম্পিয়নস লিগে যেতে হলে টটেনহামকে নিজেদের মাঠে সান্ডারল্যান্ডের বিপক্ষে জিতলেই শুধু হবে না, প্রতিদ্বন্দ্বীদের অমঙ্গলও কামনা করতে হবে। এএফপি।