
একজনের বয়স ৩৪, আরেকজনের ৩৬। সন্দেহ নেই, নিজেদের প্রজন্মের সেরা খেলোয়াড়দের অন্যতম তাঁরা । ব্রাজিল বিশ্বকাপ এমনিতেও হয়তো শেষ পদচারণের মহামঞ্চ হতো তাঁদের। বিদায়বেলায় বিষাদবাঁশির সুর বাজবে সে তো প্রকৃতির অমোঘ নিয়ম, তবু এমন বিদায় নিশ্চয়ই তাঁরা চাননি। টানা দুই ম্যাচ হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইংল্যান্ড, মাঠে থেকে সেটা রুখতে ব্যর্থ হয়েছেন স্টিভেন জেরার্ড, বাইরে থেকে অসহায়ের মতো দেখেছেন ল্যাম্পার্ড।
এই বিশ্বকাপের বিস্ময় কোস্টারিকার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচটি শুধু যে ১৯৬৬-এর চ্যাম্পিয়নদের মান বাঁচানোর লড়াই তা নয়, সেটা হয়তো জেরার্ড-ল্যাম্পার্ডদের মহামঞ্চ থেকে মাথা উঁচু করে বিদায় নেওয়ারই উপলক্ষ।
যদিও ইতিহাস রয় হজসনের দলের সঙ্গে নেই। ১৯৫০ বিশ্বকাপে এই বেলো হরিজন্তেতেই পুঁচকে যুক্তরাষ্ট্র ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে অঘটন ঘটিয়েছিল। ৬৪ বছর পর সেই মাঠে মধ্য আমেরিকার দল কোস্টারিকা চাইবে টুর্নামেন্টে তাদের বিজয়রথ অব্যাহত রাখতে, ন্যূনতম ড্র করলেও তারা গ্রুপপর্ব শেষ করবে শীর্ষে থেকেই।
বাতাসে জেরার্ডের অবসর নেওয়ার গুঞ্জন ভেসে বেড়ালেও লিভারপুল অধিনায়ক জানিয়ে দিয়েছেন এখনই তেমন কিছু ভাবছেন না, ‘আমার একটু সময় দরকার। আমি কোচের সঙ্গে কথা বলেছি। গত কয়েক সপ্তাহে যা হয়েছে সেটা আমাকে এখনো পোড়াচ্ছে। ব্যর্থতার দায় আমাদের নিতেই হবে। সমর্থকদের ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে।’ ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এফএ) পাশে পাচ্ছেন জেরার্ড-হজসনরা। ২০১৬ ইউরোর বাছাইপর্বে দল তাঁর অধীনেই খেলবে জানিয়ে দিয়েছে বোর্ড। তবে বিশ্বকাপের শেষ ম্যাচে কিছু পরিবর্তন আনতে পারেন ‘তিন সিংহে’র কোচ।
জাতীয় দলের জার্সি গায়ে ল্যাম্পার্ডের গোল ২৯, জেরার্ডের ২১। কাঁটায় কাঁটায় ৫০। গত কয়েক বছরের ইংল্যান্ডের অন্যতম দুই সেরা ফুটবলারকে হয়তো বিশ্বকাপ বিদায় জানাবে আজ। পুরো ইংল্যান্ড হয়তো চেয়ে থাকবে বেলো হরিজন্তের দিকে। অন্য দেশের ফুটবলপিয়াসীরাও কি নন? ল্যাম্পার্ড-জেরার্ডদের অনন্য নৈপুণ্য তো পুরো ফুটবল-বিশ্বকেই মুগ্ধ করেছে। যে নৈপুণ্যের কোনো দেশ নেই, ভাষা নেই।
পয়েন্ট তালিকা
গ্রুপ ‘ডি’
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
কোস্টারিকা ২ ২ ০ ০ ৪/১ ৬
ইতালি ২ ১ ০ ১ ২/২ ৩
উরুগুয়ে ২ ১ ০ ১ ৩/৪ ৩
ইংল্যান্ড ২ ০ ০ ২ ২/৪ ০