বিদায়, লন্ডন! হাতছানি দিচ্ছে রিও
লন্ডন থেকে আলোর ঝলকানি উঠেছিল। সে ঝলকে মুগ্ধ চোখে চমকের পর চমক দেখেছে বিশ্ব। সেরা ক্রীড়াবিদদের সেরা নৈপুণ্য পুরো দুই সপ্তাহ অগণিত মানুষকে মাতিয়ে রেখেছিল। কাল রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা। অলিম্পিক এখন হাতছানি দিচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে। অপেক্ষার প্রহর শুরু হলো রিও ডি জেনিরো অলিম্পিকের। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল ৩০তম অলিম্পিক আসরের। ব্রিটিশ ফ্যাশন ও সংগীতের মূর্ছনায় সফল আয়োজনে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিল ইংল্যান্ডের রাজধানী লন্ডন। ‘আ সিম্ফনি অব ব্রিটিশ মিউজিক’ শিরোনামের সমাপনী অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ সময় রাত দুইটায়। কিম গ্যাভিনের নির্দেশনায় এ অনুষ্ঠানে তুলে ধরা হয় যুক্তরাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য। এমিলি সানডে, জুলিয়ান লয়েড, টিমোথি স্পেল, ম্যাডনেস, ম্যাসেড ব্যান্ড, পেট শপ বয়েজ, ওয়ান ডাইরেকশন এবং রে ডেভিস তাঁদের সংগীত দিয়ে বুঁদ করে রাখেন লন্ডন অলিম্পিক স্টেডিয়াম। পুরো অনুষ্ঠানে তুলে ধরা হয় লন্ডন শহরের সংস্কৃতি।অনুষ্ঠানে আট মিনিটের একটি পর্ব ছিল ২০১৬ অলিম্পিকের আয়োজক দেশ ব্রাজিলের জন্য। ব্রাজিলীয় শিল্পীরা এই সময়ের মধ্যে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। তাঁদের পরিবেশনায় ছিল প্রকৃতিপ্রেম, তারুণ্যের জয়গান আর মানবতার প্রচারণা। ব্রিটিশ পপ আইকন জন লেনন ও জর্জ মাইকেলের মাধ্যমে তুলে ধরা হয় ব্রিটিশ পপসংগীতের অর্ধশতকের অর্জন। দেখানো হয় লেননের জনপ্রিয় ‘ইমাজিন’। জর্জ মাইকেল গেয়ে শোনান ‘ফ্রিডম ৯০’, ‘হোয়াইট লাইট’। মনোমুগ্ধকর ফ্যাশন প্যারেড দিয়ে মন মাতান ফ্যাশন মডেলরা। এ ছাড়া স্পাইস গার্লস, কাইজার চিফ, ডেভিড বাউই, অ্যানি লেনক্স, ডিজে ফ্যাটবয় স্লিম, রাসেল ব্র্যান্ড, জেসি জে, টায়ো ক্রুজ, বিডি আই, এরিক লেডল, সুশান বুলক, হাকেনি কলিরি ব্যান্ড, স্কটিশ পাইপ ব্যান্ড, মরিস ম্যান তাঁদের পরিবেশনার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের আবেদনকে নিয়ে যান অন্য মাত্রায়।সমাপনী অনুষ্ঠানে অলিম্পিকে অংশ নেওয়া বিভিন্ন দেশের ক্রীড়াবিদেরা সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হন। গত ১৬ দিনের প্রতিদ্বন্দ্বিতা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলোয়াড়েরা মার্চপাস্টে অংশ নেন। ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি এখানে হয়ে যায় মিলে-মিশে একাকার। সব খেলোয়াড়ের চোখে-মুখে ছিল অর্জনের আনন্দ; ছিল একে অন্যকে ছেড়ে যাওয়ার বেদনা।কেট বুশ এর পরপরই পরিবেশন করেন ‘রানিং আপ দ্য হিল’। এ সময় স্মরণ করা হয় অলিম্পিকে খেলোয়াড়দের বিভিন্ন অর্জনকে। প্রায় সব ক্রীড়াবিদ একসঙ্গে নেচে-গেয়ে পুরো পরিবেশকে করে তোলেন উত্সবমুখর। অলিম্পিকের রীতি অনুযায়ী ম্যারাথন বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।অনুষ্ঠানের সবশেষে সবাইকে নস্টালজিয়ার সাগরে ভাসিয়ে নিভে যায় অলিম্পিক মশাল। ১৬ দিনের অজস্র স্মৃতি স্থান করে নেয় কালের গর্ভে। অপেক্ষার পালা শুরু হয় চার বছর পরের রিও ডি জেনিরো অলিম্পিকের সুন্দর কোনো অভিজ্ঞতার। রয়টার্স।