বিদায় অ্যালেক বেডসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধোত্তর ক্রিকেটে সেরা ফাস্ট মিডিয়াম বোলারের প্রসঙ্গ উঠলে অনেকেই নির্দ্বিধায় বলে ফেলেন তাঁর নাম। সেই দাবির পক্ষে সবচেয়ে বড় যুক্তি হয়ে থাকে ৫১ টেস্টে ২৩৬ উইকেট। যাঁদের বিপক্ষে বোলিং করেছেন, সেই ব্যাটসম্যানরা অবশ্য বলেন, এতেও স্যার অ্যালেক বেডসারের মাহাত্ম্য পুরোপুরি প্রকাশিত নয়। এত দিন এই আলোচনায় বেডসারেরও মতামত পাওয়া যেত। গত রোববার উঠে গেলেন সবকিছুর ঊর্ধ্বে। ইংল্যান্ডের সর্বকালের সেরা পেসারদের অন্যতম বেডসার এ দিনই মারা গেছেন লন্ডনের এক হাসপাতালে।পরিণত বয়সেই মৃত্যু। আগামী জুলাইয়ে ৯২ পূর্ণ হতো। গত বছরের শেষ দিকে আর্থার ম্যাকিনটায়ারের মৃত্যুর পর তিনিই ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার। মাত্র চারজন টেস্ট ক্রিকেটারই তাঁর চেয়ে বেশি দিন বেঁচেছেন। ৫১টির বেশি টেস্ট খেলার সুযোগ পাননি। কারণ প্রথম শ্রেণীর ক্রিকেটে দুটি ম্যাচ খেলতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেধে যাওয়ায় বেডসারের ক্যারিয়ার থেকে হারিয়ে যায় সাতটি বছর। যুদ্ধ শেষে ১৯৪৬ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক। তত দিনে বয়স হয়ে গেছে ২৮। প্রথম দুই টেস্টেই নেন ১১টি করে উইকেট। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৪। দ্বিতীয় টেস্টে উল্টো—৪ ও ৭। পরের এক দশক ইংল্যান্ডের বোলিং আক্রমণের নেতৃত্ব ছিল তাঁর কাঁধেই।বেডসারের বোলিংয়ের মূল অস্ত্র ছিল ঠিক জায়গায় বল ফেলার ক্ষমতা। এর সঙ্গে ইনসুইং এবং প্রায় লেগ ব্রেকের মতো লেগ কাটার যোগ হওয়ায় ব্যাটসম্যানদের চূড়ান্ত পরীক্ষাই নিতেন তিনি। ইংলিশ কাউন্টি দল সারের প্রতীক হয়ে উঠেছিলেন প্রায়, মাঝখানে যুদ্ধের সাত বছর বাদ দিয়ে খেলেছেন ১৯৩৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত। শেষ টেস্ট খেলেছেন ১৯৫৫ সালে। সেটি শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ে। তবে অ্যালেক বেডসার বিদায় নিয়েছেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড নিয়েই। ১৯৬৩ সালে ফ্রেড ট্রুম্যান ভেঙে দেওয়ার আগ পর্যন্ত রেকর্ডটি তাঁরই ছিল।খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পরও খেলা ছাড়েননি। ১৯৬২ সালে নির্বাচক হিসেবে কাজ শুরু করেন। টানা ২৩ বছর পালন করে গেছেন এই দায়িত্ব। ১২ বছর ছিলেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান। সারে ক্লাবের সভাপতি হয়েছেন। ইংল্যান্ড দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন দুটি সফরে। সব মিলিয়ে অ্যালেক বেডসার শুধুই একজন ক্রিকেটার ছিলেন না, ছিলেন পরিপূর্ণ এক ক্রিকেট ব্যক্তিত্ব। এরই স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে পেয়েছেন নাইটহুড খেতাব।বেডসারের মৃত্যুর খবর শুনে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাইলস ক্লার্ক যথার্থই বলেছেন, ‘অ্যালেক বেডসার ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলারদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকার যোগ্য। খেলাটির সত্যিকার এক কিংবদন্তি তিনি।’ এএফপি।