বিদায় ঘণ্টা বাজল যখন ভারতের...
এই দ্বিতীয়বারের মতো ভারতের পথের কাঁটা হয়ে রইল বাংলাদেশ। ২০০৭ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ভারতকে বিদায় করে দেওয়ার পর এবারের এশিয়া কাপেও তাদের ফাইনাল খেলতে দিল না বাংলাদেশ। এভাবে না বলে বলা উচিত বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্সই ভারতের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল এশিয়া কাপ থেকে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি দারুণ জয়ও যথেষ্ট হলো না, বাংলাদেশের সঙ্গে ২৮৯ রান করেও হেরে যাওয়াটা শেষ অবধি কাল হয়ে রইল শচীন-কোহলি-রোহিত-পাঠানদের জন্য।কাল সারাটা দিন কেমন কেটেছিল ভারতীয় ক্রিকেটারদের! দলের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, গতকাল পুরোটা দিনই ভারতীয় ক্রিকেট দলের কেটেছে দারুণ উত্কণ্ঠার মধ্য দিয়ে। মাত্র কয়েক দিন আগেই অস্ট্রেলিয়াতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে না পারার যন্ত্রণা কাল সারাটা দিন তাড়িয়ে বেরিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। অস্ট্রেলিয়াতেও ফাইনালে ওঠাটা নিজেদের হাতে ছিল না ভারতের। ঢাকার এশিয়া কাপেও একই অবস্থা। অস্ট্রেলিয়াতে শ্রীলঙ্কার কাছে স্বাগতিকদের হার ভারতকে ফাইনালে উঠতে দেয়নি। এখানেও শ্রীলঙ্কাকে সুস্পষ্ট ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ভারতের হাতে একটু তাড়াতাড়িই দেশের ফেরার বিমান টিকিট ধরিয়ে দিল।কাল সকাল থেকে ভারতের অনেক ক্রিকেটারই মোটামুটি আত্মবিশ্বাসী ছিলেন শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের পরাজয় সম্পর্কে। খেলা শুরু হওয়ার পর থেকেই তাঁরা নিজেদের গুটিয়ে নেন হোটেল কক্ষে। টেলিভিশনের সামনে বসে অসম্ভব উত্কণ্ঠা নিয়ে তাঁরা শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটি দেখছিলেন। শ্রীলঙ্কা ২৩২ রানে অলআউট হয়ে যাওয়ার পর নিজেদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সের কথা মনে করে ভারতীয় দলের অনেক ক্রিকেটারই শ্রীলঙ্কার জয়ের ব্যাপারে সংশয় প্রকাশ করতে থাকেন। এমনকি অনেকে নিজেদের কিট ব্যাগ ও ক্রিকেট সরঞ্জাম বহনের কফিন গুছিয়ে হোটেল লবিতে জড়ো করতে থাকেন।ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া ঠিক সেই সময়ই মুখোমুখি হয়েছিল কোচ ডানকান ফ্লেচারের। তিনি থমথমে চেহারা নিয়ে বলেন, ‘এখনো সুযোগ শেষ হয়ে যায়নি।’ কিন্তু শেষ পর্যন্ত তাদের আর কোনো সুযোগই নিতে দিল না বাংলাদেশের ক্রিকেটাররা।বাংলাদেশ ম্যাচ জিতে যাওয়ার পরপরই দেশে ফেরার জন্য ভারতীয় খেলোয়াড়েরা তৈরি হয়ে একে একে জড়ো হতে থাকেন হোটেল লবিতে। কয়েকজন ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ যখন ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বসল, তখন শ্রীলঙ্কার জয়ের ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। কিন্তু সাকিব ও তামিমের অসাধারণ জুটি তাতে জল ঢেলে দিচ্ছিল। প্রথমে তামিম ও পরে সাকিব আউট হয়ে গেলে আবার আশান্বিত হই। কিন্তু মাহমুদউল্লাহ ও নাসিরের জুটি সব আশা শেষ করে দিল।’দেশ ছাড়ার সময় অবশ্য বাংলাদেশকে প্রাপ্য সম্মানটুকু দিতে ভোলেননি ভারতীয় ক্রিকেটাররা। ‘ফাইনালে উঠতে না পারাটা সত্যিই দুঃখজনক। ফাইনালে খেলব না—এমনটা আশা করিনি। বাংলাদেশকে তাদের প্রাপ্য অভিনন্দনটা দিতেই হচ্ছে। ওরা যোগ্যতর দল হিসেবেই এশিয়া কাপের ফাইনালে খেলছে। এবারের এশিয়া কাপে ওদের পারফরম্যান্সটা দুর্দান্ত। ফাইনালের জন্য তাই অন্তর থেকেই বাংলাদেশকে শুভেচ্ছা জানাই।’ এক ভারতীয় ক্রিকেটারের মন্তব্য। টাইমস অব ইন্ডিয়া।