বিদায় জার্গেনসেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে জুটিটা ভালোই বেঁধেছিলেন কোচ শেন জার্গেনসেন৷ কিন্তু জুটিটা ভেঙে গেল অকালে৷ কাল বিসিবি কার্যালয়ে জার্গেনসেনের বিদায় সংবর্ধনায় l প্রথম আলো
অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে জুটিটা ভালোই বেঁধেছিলেন কোচ শেন জার্গেনসেন৷ কিন্তু জুটিটা ভেঙে গেল অকালে৷ কাল বিসিবি কার্যালয়ে জার্গেনসেনের বিদায় সংবর্ধনায় l প্রথম আলো

স্টুয়ার্ট লর হাত ধরে এসেছিলেন নিভৃতে। আর দশটা বোলিং কোচের মতো হইচই না তুলে। কিন্তু কাল বিদায়বেলায় সেই তাঁর সামনেই অসংখ্য ক্যামেরার লেন্স, কৌতূহলী চোখের ভিড় আর দু-দুটো কেক।
কাল রাতে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়া শেন জার্গেনসেন বাংলাদেশে তাঁর শেষ দিনটা থেকে নিয়ে গেলেন একখণ্ড সুখস্মৃতি। যে স্মৃতির ফ্রেমে প্রিয় সহচর মুশফিকুর রহিমের হাস্যোজ্জ্বল মুখ থাকবে। থাকবে প্রিয় ছাত্রদের মধ্য থেকে মাশরাফি, মাহমুদউল্লাহ, রবিউল আর এনামুলের প্রতিনিধিত্ব। বিসিবিতে যাঁদের সার্বক্ষণিক সহযোগিতায় বোলিং কোচ থেকে জার্গেনসেন হয়ে উঠেছিলেন প্রধান কোচ, তাঁরাও থাকবেন ফ্রেমে।
জার্গেনসেনকে চমকে দিয়ে ছোটখাটো বিদায়ী সংবর্ধনা হলো কাল বিসিবির বোর্ডরুমে। সেখানে বিদায়ী কোচের বিস্ময়ভরা প্রতিক্রিয়া, ‘আমি এটা একদমই আশা করিনি...।’ অনুষ্ঠানে কেক কাটলেন জার্গেনসেন, সেই কেক তাঁকে মুখে তুলে খাওয়ালেন মুশফিক। এনামুলের হাত থেকে নিলেন একগুচ্ছ সুবাসিত ফুল আর বিসিবির পক্ষ থেকে ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের দেওয়া ক্রিস্টালের একটা ক্রেস্ট, জার্গেনসেনের বাকি জীবনে যা হয়ে থাকবে বাংলাদেশ-অধ্যায়ের স্মারক।
তবে এই জার্গেনসেন এমনিতেও বাংলাদেশকে ভুলতে পারবেন কি না সন্দেহ। তাঁর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটাই যে এই বাংলাদেশে! বোলিং কোচ থেকে হেড কোচ হয়েই ভিজলেন সাফল্যবৃষ্টিতে। যদিও সেটি লম্বা হতে পারেনি৷ হঠাৎই বৃষ্টিটা থেমে গিয়ে দেখা দিল রূঢ়-রুক্ষ বাস্তবতা। মাত্র দুই-আড়াই মাসের মধ্যে ভোজবাজির মতো পাল্টে গেল দৃশ্যপট। মুদ্রার দুই পিঠই দেখে ফেলা শেন জার্গেনসেন হয়ে গেলেন ব্যর্থতার প্রতীক।
তবে বাংলাদেশের এই তিক্ত অভিজ্ঞতাটুকু সম্ভবত তিনি নিয়ে যাননি অস্ট্রেলিয়ায়। নইলে বিদায়ী সংবর্ধনায় কেন জীবনানন্দের ‘আবার আসিব ফিরে’ ভর করবে কোচের আবেগাপ্লুত কণ্ঠে? কেন বলবেন, ‘৩৮তম জন্মদিনের আগে বাংলাদেশ দলের প্রধান কোচ হওয়াটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার ছিল। সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসার ইচ্ছা আছে...!’
গত তিন বছরে, বিশেষ করে ২০১২ সালের নভেম্বরে প্রধান কোচ হওয়ার পর দিনে দিনে বাংলাদেশের ক্রিকেটে একজন প্রিয় মুখ হয়ে উঠেছিলেন জার্গেনসেন। অন্য অনেক বিদেশি কোচের মতো কারও প্রতিই নাক সিটকানো ভাবটা ছিল না তাঁর মধ্যে। ক্রিকেটারদের মধ্যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবাই তাঁর কাছে ছিলেন সমান। ক্রিকেট বোর্ডের পিয়ন, দারোয়ান, ড্রাইভার কেউই বলতে পারবেন না এই লোকটা কখনো কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। জার্গেনসেন তাঁদেরও কতটা প্রিয় ছিলেন, সেটা বোঝা গেল শেষ দিনে তাঁর সঙ্গে সবার ছবি তোলার হিড়িক দেখে।
কেক কাটার পর্বে না থাকলেও জার্গেনসেনের বিসিবি কার্যালয় ছাড়ার আগ মুহূর্তে এলেন মাশরাফি বিন মুর্তজা। দেখা হতেই দুজন পরস্পরকে জড়িয়ে ধরলেন। চোটাঘাতের সময়গুলোতে এই জার্গেনসেনই বড় ভরসা ছিলেন মাশরাফির! ‘ওঁকে অনেক বেশি মিস করব। ফাস্ট বোলার হিসেবে ওঁর সঙ্গেই বেশি কাজ করতে হয়েছে আমাকে। জার্গেনসেন সব সময়ই আমাকে সাহস দিয়েছেন’-কোচকে বিদায় দিয়ে বলছিলেন মাশরাফি। তাঁর মতোই খারাপ সময়ে জার্গেনসেনের সাহচর্য পাওয়া আরেকজন মাহমুদউল্লাহ। কোচ-বিদায়ের দিনে তিনিও কিছুটা আবেগাপ্লুত, ‘সাম্প্রতিক বাজে ফর্মের সময় তাঁর কাছ থেকেই সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছি। অনেক ভালো মানুষ ছিলেন জার্গেনসেন।’
অথচ এই ভালো মানুষটার বিদায়বেলায় বোর্ড পরিচালকদের অনুপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। ক্রিকেট পরিচালনা প্রধান হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আকরাম খান। আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ওই সময় বিসিবি কার্যালয়ে থাকলেও অযাচিত অতিথি হননি সংবর্ধনা অনুষ্ঠানে। তবে যাওয়ার বেলায় ঠিকই নিজের কক্ষে ডেকে নিয়ে একটা প্যাকেট তুলে দিলেন কোচের হাতে। ভেতরে একটা সাদা পায়জামা আর হালকা খয়েরি পাঞ্জাবি৷
বাংলাদেশকে কীভাবে ভুলবেন জার্গেনসেন? এবার যে এ দেশের সুবাস ঢুকে পড়ল তাঁর ওয়ার্ডরোবেও!