বিদায় জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের প্রায় পুরো সময়ে এই মুখগুলোই ছিল মলিন। কিন্তু ৮৫ মিনিটে স্নাইডারের গোল বদলে দিল দৃশ্যটা। জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর গ্যালাতাসারাই খেলোয়াড়েরা যদি আনন্দে মাঠে গড়াগড়ি করেন, তাতে দোষ কী! কাল ইস্তাম্বুলে  এএফপি
ম্যাচের প্রায় পুরো সময়ে এই মুখগুলোই ছিল মলিন। কিন্তু ৮৫ মিনিটে স্নাইডারের গোল বদলে দিল দৃশ্যটা। জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর গ্যালাতাসারাই খেলোয়াড়েরা যদি আনন্দে মাঠে গড়াগড়ি করেন, তাতে দোষ কী! কাল ইস্তাম্বুলে এএফপি

আসলে তো নিয়মরক্ষার ম্যাচই ছিল এটা। দুই দলেরই যে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক আগেই।
এটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইও ছিল। কিন্তু মনে মনে গ্রুপ চাম্পিয়ন হিসেবে কি বেশির ভাগ মানুষ বায়ার্ন মিউনিখকেই ভেবে রাখেননি?

ভাবনাটা অযৌক্তিক ছিল না। এই ম্যানচেস্টার সিটিকেই মাস দুয়েক আগে ইতিহাদ স্টেডিয়ামে গিয়ে ৩-১ গোলে হারিয়ে এসেছে বায়ার্ন। তার ওপর চ্যাম্পিয়নস লিগ আর বুন্দেসলিগায় হারতে ভুলে যাওয়া বায়ার্নের অবিশ্বাস্য ফর্ম! এই তো লিগের সর্বশেষ ম্যাচটাতেই ভেরডার ব্রেমেনকে ৭-০ গোলের লজ্জায় ডুবিয়েছে পেপ গার্দিওলার দল।

এমন একটা দলকে ওদের মাঠে গিয়ে সিটি হারাবে! মিউনিখে ম্যাচ শুরুর আগে এমন বাজি ধরার সাহস মনে হয় না ফুটবলানুরাগীদের কারও ছিল। খেলার প্রথম ১২ মিনিট দেখার পর তো নিশ্চিতভাবেই নয়। টমাস মুলার ও মারিও গোটশের গোলে বায়ার্ন ওরই মধ্যে এগিয়ে ২-০ ব্যবধানে!

এটুকু দেখেই হয়তো অনেক বায়ার্ন সমর্থকের মনে উঁকি দিয়েছিল আরও একটি বড় জয়ের ভাবনা। হতাশায় হয়তো টেলিভিশনে খেলা দেখা বাদ দিয়েছেন অনেক সিটি সমর্থকও।

ভুল করেছেন দুই পক্ষই। ম্যাচ শেষে স্কোরলাইনটা দুই দলের সমর্থকদের জন্যই বিস্ময়-জাগানিয়া! ম্যানচেস্টার সিটি ৩: ২ বায়ার্ন মিউনিখ। বায়ার্নের জালে তিন গোল দিয়েছেন ডেভিড সিলভা, আলেকসান্ডার কোলারভ আর জেমস মিলনার। জার্মানি ও ইউরোপের চ্যাম্পিয়নদের ওদের মাঠেই মাটিয়ে নামিয়ে এনেছে সিটি। দিয়েছে চ্যাম্পিয়নস লিগে টানা ১০ জয়ের পর হারের স্বাদ। বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর গার্দিওলাকে প্রথম হারের স্বাদ দিল সিটি। সেই সিটি যারা মিউনিখে খেলতে নেমেছিল আগুয়েরো, নেগ্রেদো আর কোম্পানির মতো ফুটবলারদের বেঞ্চে রেখে!
হারে গ্রুপের শীর্ষস্থান টলেনি বায়ার্নের। কিন্তু এক হারেই সবকিছু শেষ হয়ে গেছে জুভেন্টাসের। গ্যালাতাসারাইয়ের সঙ্গে ড্র করলেই শেষ ষোলোতে রিয়ালের সঙ্গী হতো জুভেন্টাস। আন্তোনিও কন্তের দলের মন্দ কপাল, প্রবল তুষারপাতের কারণে ইস্তাম্বুলের ম্যাচটা পরশু গোলশূন্য অবস্থায় বন্ধ হয়ে যায় ৩১ মিনিট পরই। গতকাল খেলার বাকি অংশটুকু শুরুর পর প্রায় শেষ সময় পর্যন্ত নকআউট পর্বে যাওয়ার স্বপ্নই দেখছিল জুভেন্টাস সমর্থকেরা। কিন্তু ৮৫ মিনিটে দিদিয়ের দ্রগবার পাসে ওয়েসলি স্নাইডারের শট ভেঙে দেয় সেই স্বপ্ন। এক গোলে জিতে গ্যালাতাসারাই উঠে গেছে নকআউট পর্বে।
মিউনিখে আরও একটা গোল দিতে পারলে বায়ার্নকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে যেত সিটি। সেটা না হলেও ম্যাচ শেষে তা নিয়ে কোনো আফসোস নেই কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির, ‘আমি ছেলেদের বলেছিলাম, আমার কাছে ওদের সামর্থ্য প্রমাণের এটাই সুযোগ। ওরা দেখিয়েছে যে কোম্পানি, আগুয়েরো আর নেগ্রেদোর মতো খেলোয়াড়দের ছাড়াও আমরা জিততে পারি।’
এমন প্রতিপক্ষের কাছে হেরে গেলেও অভিনন্দন জানাতে হয়। গার্দিওলা সেটা ভোলেননি। তবে হারটাকেও তিনি নিচ্ছেন ইতিবাচকভাবেই, ‘সিটিকে অভিনন্দন। কিছু বিষয় মনে করিয়ে দেওয়ার জন্য হয়তো এ হারটা আমাদের দরকার ছিল। লিগ, কাপ, ইউরোপে এত ভালো শুরুর পর হয়তো আমরা সবকিছু খুব সহজভাবে নিতে শুরু করেছিলাম।’
বায়ার্নের হারের রাতে জয় পেয়েছে আগেই নকআউট পর্ব নিশ্চিত করে রাখা রিয়াল মাদ্রিদও। গ্রুপ পর্যায়ে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গোল আর লুকা মডরিচের আরও এক গোলে রিয়াল ২-০ ব্যবধানে হারিয়েছে কোপেনহেগেনকে। শাখতার দনেৎস্ককে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগেই শেষ ষোলোতে জায়গা পাওয়া পিএসজি পরশু গ্রুপের শেষ ম্যাচে বেনফিকার কাছে হেরে গেছে ২-১ গোলে। জিতেও অবশ্য কোনো লাভ হয়নি বেনফিকার। গ্রুপের অন্য ম্যাচে আন্ডারলেখটকে ৩-১ গোলে হারিয়ে পিএসজির সঙ্গী হয়েছে অলিম্পিয়াকস। এএফপি।


এক নজরে

ইউনাইটেড ১ : ০ শাখতার
সোসিয়েদাদ ০ : ১ লেভারকুসেন
কোপেনহেগেন ০ : ২ রিয়াল
বেনফিকা ২ : ১ পিএসজি
বায়ার্ন ২ : ৩ ম্যান সিটি
প্লজেন ২ : ১ সিএসকেএ মস্কো
গ্যালাতাসারাই ১ : ০ জুভেন্টাস
* স্বাগতিক দল প্রথমে