বিদায় জ্যাক ক্যালিস

স্বপ্ন ছিল আরেকটি বিশ্বকাপ খেলবেন। তারপরই বিদায় জানিয়ে দেবেন ক্রিকেটকে। কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই সরে দাঁড়ালেন জ্যাক ক্যালিস। গত ডিসেম্বরেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেওয়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার এবার বিদায় বললেন ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেও। পরশু সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়া সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে অবশ্য ভারত ও অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টিতে আরও কিছুদিন দেখা যাবে।
শ্রীলঙ্কা সফরের ব্যক্তিগত ব্যর্থতাই ক্যালিসকে মত পাল্টাতে বাধ্য করেছে। শ্রীলঙ্কায় মাত্রই শেষ হওয়া ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ০, ১ ও ৪ রান। বিশ্বকাপটা যে দূরের বাতিঘর হয়ে গেছে, ক্যালিস সেটি বুঝতে পেরেই স্বেচ্ছায় সরে দাঁড়ালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। গত ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সময় ২০১৫ বিশ্বকাপকে পাখির চোখ করেছিলেন ১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ক্যালিস।
বয়স হয়ে গেছে ৩৮। এরপর শ্রীলঙ্কায় এই ব্যক্তিগত বিপর্যয়। ক্যালিস বুঝে ফেলেছেন সময় হয়ে গেছে থামার, ‘শ্রীলঙ্কাতেই আমি বুঝতে পেরেছি আরেকটা বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হওয়া আমার কাছ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। তখনই বুঝতে পেরেছি আমি শেষ। শ্রীলঙ্কা সফর করা দলটা অসাধারণ, আমি বিশ্বাস করি আগামী মার্চে বিশ্বকাপটা দেশে নিয়ে আসার ভালো সুযোগ আছে তাদের।’
ক্রিকেট সাউথ আফ্রিকা, জাতীয় দল, দলীয় স্পনসর, ব্যক্তিগত স্পনসর ও ভক্তদের ধন্যবাদ জানানোর পর আরও কিছুদিন ঘরোয়া টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্যালিস, ‘যাত্রাটা অসাধারণ ছিল। তবে আমি সব ধরনের ক্রিকেট এখনই ছাড়ছি না, কারণ সিডনি থান্ডারের সঙ্গে আমার এখনো দুই বছরের চুক্তি আছে। এ ছাড়া সম্ভব হলে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা ধরে রাখতে সাহায্য করার চেষ্টা করব।’
ক্যালিসের ওয়ানডে ক্যারিয়ারটা শঙ্কায় পড়ে যায় গত বছরই। প্রায় এক বছর নয় মাস ৫০ ওভারের ক্রিকেট থেকে দূরে ছিলেন ক্যালিস। ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে না যাওয়া এই অলরাউন্ডার পরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষেও ওয়ানডে সিরিজ খেলেননি। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজে দলে ফিরলেও খুঁজে পাওয়া যায়নি পুরোনো সেই ক্যালিসকে। প্রত্যাবর্তনের পর সাত ম্যাচে ৫০ রানের ইনিংস খেলতে পেরেছিলেন মাত্র একবারই। এএফপি, ক্রিকইনফো।
আন্তর্জাতিক ক্যারিয়ার (১৯৯৫-২০১৪)
ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০ উইকেট সেরা গড়
টেস্ট ১৬৬ ১৩২৮৯ ২২৪ ৫৫.৩৭ ৪৫/৫৮ ২৯২ ৬/৫৪ ৩২.৬৫
ওয়ানডে ৩২৮ ১১৫৭৯ ১৩৯ ৪৪.৩৬ ১৭/৮৬ ২৭৩ ৫/৩০ ৩১.৭৯
টি-টোয়েন্টি ২৫ ৬৬৬ ৭৩ ৩৫.০৫ ০/৫ ১২ ৪/১৫ ২৭.৭৫
ক্যালিসকে নিয়ে
তাঁর মতো ক্রীড়াবিদ প্রতি পাঁচ দশকে একবার আসে
হাশিম আমলা
আমাদের সময়ের গ্যারি সোবার্স
রাহুল দ্রাবিড়
সম্ভবত সর্বকালের সেরা ক্রিকেটারের অবসর। ক্রিকেট তোমার অভাব বোধ করবে
কেভিন পিটারসেন
একটা কথাই বলতে পারি অসাধারণ একজনের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছিল
গ্রায়েম স্মিথ
পরিসংখ্যানই তাঁর মূল্য বোঝানোর জন্য যথেষ্ট কিন্তু ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি ও তরুণদের শেখানোর ইচ্ছেটাও অনেক বড় কিছু ছিল
এবি ডি ভিলিয়ার্স
দক্ষিণ আফ্রিকা সৌভাগ্যবান, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট প্রতিভা জ্যাক ক্যালিসকে পেয়েছিল
হারুন লরগাত