বিদায় টিকি-টাকার স্পেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীতে কোনো সভ্যতাই স্থায়ী হয়নি। স্থায়ী হলো না টিকি-টাকা সভ্যতাও। স্প্যানিশ ফুটবল সাম্রাজ্যের পতনটা অবশ্য ধপাস করেই হলো। ২০০৮ সালে ইউরো জিতে গোড়াপত্তন যে সাম্রাজ্যের, কাল মারকানা পতন দেখল তারই। পতন হলো ‘সম্রাট’ ইকার ক্যাসিয়াসেরও। বিদায়মুহূর্তে ক্যাসিয়াসের বিষাদমাখা মুখই বলে দিচ্ছে সব l ছবি: এএফপি
পৃথিবীতে কোনো সভ্যতাই স্থায়ী হয়নি। স্থায়ী হলো না টিকি-টাকা সভ্যতাও। স্প্যানিশ ফুটবল সাম্রাজ্যের পতনটা অবশ্য ধপাস করেই হলো। ২০০৮ সালে ইউরো জিতে গোড়াপত্তন যে সাম্রাজ্যের, কাল মারকানা পতন দেখল তারই। পতন হলো ‘সম্রাট’ ইকার ক্যাসিয়াসেরও। বিদায়মুহূর্তে ক্যাসিয়াসের বিষাদমাখা মুখই বলে দিচ্ছে সব l ছবি: এএফপি

শেষ বাঁশি বাজার পর কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলেন নিজের জায়গায়। তারপর যেন শরীরটা টানতে টানতে হাঁটতে লাগলেন সামনের দিকে। স্পেনের স্বপ্নের দলের প্রতীক হয়ে ছিলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই দলের প্রতীকও তিনিই। ইকার ক্যাসিয়াস।
সালভাদরে হল্যান্ডের কাছে ৫-১ গোলে হারেই আইসিইউতে চলে গিয়েছিল টিকি-টাকার স্পেন। কাল মারাকানায় নাক থেকে অক্সিজেনের নলটিও খুলে নিল চিলি। যে চিলির বিপক্ষে এর আগে দশ ম্যাচ খেলেও কখনো হারেনি স্পেন, তারাই এদিন কেমন অসহায়! ২-০ গোলে পরাজয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় স্পেনের। সেটিও এক ম্যাচ বাকি থাকতেই! ফুটবল কত বিস্ময়ই না উপহার দিতে পারে!
প্রথমার্ধেই চিলির দুই গোল। প্রথমটি ২০ মিনিটে। আেলানসোর ভুল পাস থেকে বল পেয়ে গিয়েছিলেন অ্যালেক্সিস সানচেজ। ভিদালের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সে বল দেন এদুয়ার্দো ভার্গাসকে। ভার্গাস ক্যাসিয়াসকে কাটিয়ে সেটিকে পাঠিয়ে দিলেন জালে। ফেটে পড়ল চিলিয়ান সমর্থকে ভরা মারাকানা।
আগের ক্যাসিয়াসকে ভার্গাস এত সহজে ডজ দিতে পারতেন কি না, এই প্রশ্ন উঠবেই। তেমনি প্রশ্ন উঠবে ৪৩ মিনিটে সানচেজের ফ্রি কিকটা ফিস্ট না করে ক্যাসিয়াসের তা ধরে নেওয়া উচিত ছিল কি না। সেই বল গিয়ে পড়েছে চার্লস আরানগুইজের পায়ে। জাল কেঁপে ওঠার সঙ্গে সঙ্গেই যেন কেঁপে উঠল টিকি-টাকা সভ্যতার ভিতও।
সবুজ মাঠে পাসের ফুল ফুটিয়ে ফুটবলকে নতুন মাত্রা দিয়েছিল এই স্পেন। টিকি-টাকার সম্মোহনীতে আবিষ্ট করে রেখেছিল বিশ্বকে। ম্যাচশেষে এক চিলিয়ান সমর্থকের তুলে ধরা ‘আদিওস এসপানা’ লেখাটা যেন সেই টিকি-টাকা সভ্যতার বিলুপ্ত হয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। ৬৪ বছর আগে এই মারাকানা ব্রাজিলের স্বপ্নের মৃত্যু দেখেছিল। টিকি-টাকার মৃত্যুও বোধহয় দেখে ফেলল কাল। স্প্যানিশদের কাছেও তো এই ম্যাচও ‘মারাকানাজো’-ই!