বিদায় নিল ব্রাজিলও
কোপা আমেরিকার এবারের আসরটাকে অঘটনের আসর বললেও খুব একটা ভুল বলা হবে না। গতকাল উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা। আজ সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আরেক ফেবারিট ব্রাজিলের ক্ষেত্রেও। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিল টানা দুইবারের শিরোপাজয়ীরা। নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ২-০ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্নটা অধরাই থেকে গেল রবিনহো-পাতো-নেইমারদের। কোপা আমেরিকার অপর কোয়ার্টার ফাইনালে চিলিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে ভেনেজুয়েলা।প্যারাগুয়ের বিপক্ষে প্রায় পুরো সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছিল ব্রাজিল। খেলার শুরুতেই মাত্র সাত মিনিটের মাথায় চমত্কার একটি গোলের সুযোগও পেয়ে গিয়েছিল তারা। রবিনহোর একটি পাস থেকে ফাঁকায় বল পেয়েছিলেন নেইমার। কিন্তু তাঁর শট চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। প্রথমার্ধে আরও একটা সহজ গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি নেইমার। এবারও রবিনহোর পাস থেকে পাওয়া বল তিনি মেরেছেন গোলপোস্টের খানিকটা বাইরে দিয়ে। প্যারাগুয়ের গোলরক্ষক জাস্তো ভিলারও রুখে দিয়েছেন ব্রাজিলের বেশ কিছু ভালো গোল প্রচেষ্টা। অন্যদিকে ব্রাজিলের গোলপোস্টে একটা শটও নিতে পারেননি প্যারাগুয়ের স্ট্রাইকাররা।নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিটেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেনি দুই দলের কেউই। অতিরিক্ত সময়ের ১৩ মিনিটের মাথায় বাকিবতণ্ডায় জড়িয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের ডিফেন্ডার আন্তোলিন আলকারাজ ও ব্রাজিলের মিডফিল্ডার লুকাস লেইভা। অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে। এখানে সমর্থকদের আরও হতাশ করেন ব্রাজিলের ফুটবলাররা। পেনাল্টি থেকে একটি গোলও করতে পারেননি এলানো, থিয়াগো সিলভা, আন্দ্রে সান্তোস ও ফ্রেড। অন্যদিকে দুটি গোল করে সেমিফাইনাল নিশ্চিত করে প্যারাগুয়ে।— রয়টার্স