বিদায় নিলেন একজন ‘টিমম্যান’
মিচেল জনসন একেকটি বল ডিফেন্স করছেন, আর গর্জে উঠছে সিডনির গ্যালারি। জয়সূচক রানটা দর্শক একজনের ব্যাট থেকেই দেখতে চায়। জনসনও হয়তো তা-ই চাইছিলেন। হঠাৎই অ্যান্টি ক্লাইম্যাক্স। জনসনের ব্যাট ছুঁয়ে বল পয়েন্টের দিকে যেতেই ছুটলেন নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান। জনসন রানটা নিলেন নিতান্ত অনিচ্ছায়। ক্যারিয়ারের শেষ ইনিংসে দলকে জয় এনে দেওয়া রানটা এল না মাইক হাসির ব্যাট থেকে। ক্রিকেট-বিধাতা আরেকটু রোমান্টিক হলেও পারতেন!আবার এমনও ভাবতে পারেন, ক্রিকেট-বিধাতাই হয়তো এটা চাইছিলেন! ক্যারিয়ারজুড়েই তিনি দল অন্তঃপ্রাণ, দলের জয় তাঁর কাছে সবকিছুর আগে, ড্রেসিংরুমে অস্ট্রেলিয়ার বিজয়সংগীতে নেতৃত্ব দিয়ে আসছেন অনেক দিন ধরে। ২২ গজে তাঁর শেষ মুহূর্ত তো এমনই হওয়া উচিত, নিজের কথা না ভেবে দলের জয়টা নিশ্চিত করা! জয়সূচক রানের আক্ষেপ নেই, জয় সঙ্গে নিয়ে ফিরতে পেরেই উচ্ছ্বসিত, ‘আগের ওভারেই মিচকে (জনসন) বলছিলাম, মারার বল পেলে মেরে দেবে। অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। প্রথমে চাইছিলাম কোনো উইকেট না হারিয়েই আমরা যাতে জিতি, পরে চাইলাম পাপ (ক্লার্ক) ও এড (কাওয়ান) জিতিয়ে আসুক। আমার ব্যাটিংয়ের সুযোগ এল...দলের জয়ের সময় উইকেটে ছিলাম, এতেই আমি অনেক খুশি, স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’এই হলেন হাসি। ৭৯ টেস্টে ছয় হাজারের ওপর রান বা ১৯টি সেঞ্চুরি নয়, তাঁকে বেশি তৃপ্তি দেয় ৪৮টি জয়। ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত যাঁর কাছে দারুণ কোনো ইনিংস-টিনিংস নয়, ‘দলের জয়ের সময় উইকেটে থাকা!’ সবচেয়ে বেশি মিস করবেন ‘ডেসিংরুমে বিজয়সংগীত গাওয়া!’অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে পারবেন, এই বিশ্বাসটাই একসময় হারিয়ে ফেলেছিলেন। রানের বন্যা বইয়েছেন শেফিল্ড শিল্ডে, কাউন্টিতে। কিন্তু জাতীয় দলে ডাক পাবেন কীভাবে? অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে তখন জায়গাটা কোথায়? হতাশ হয়েছেন, আবার সব ভুলে মন দিয়েছেন নিজের কাজ, রান করার দিকে। শেষপর্যন্ত যখন ভাগ্যের শিকে ছিঁড়ল, বয়স তখন পেরিয়েছে ৩০, প্রথম শ্রেণীর ক্রিকেটে রান ১৫ হাজারের বেশি! এত অপেক্ষার পর বলেই যেন হারানো সময়টা পুষিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। প্রথম ২০ টেস্টেই করেছিলেন ৮ সেঞ্চুরি, গড় ছিল ৮৫ ছুঁই ছুঁই! অতিমানবীয় গড় আস্তে আস্তে কমেছে, কিন্তু নির্ভরতা বেড়েছে। অস্ট্রেলিয়ার পালাবদলের সময়টায় ছিলেন দলের মিডল অর্ডারের স্তম্ভ। অথচ বিনয়ী হাসি কিন্তু ভাগ্যবান মানছেন নিজেকেই, ‘ব্যাগি গ্রিন মাথায় তুলতে পেরেছি, এর চেয়ে গর্বের আর কিছু নেই। আন্তর্জাতিক ক্যারিয়ারে যা পেয়েছি, এসব ভাবনার অতীত। নিজেকে তাই ভাগ্যবান মনে করি। খেলাটা আমাকে অনেক দিয়েছে।’হাসির শূন্যতা পূরণ করবে কে, এই হাহাকার উঠতে শুরু করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। হাসি কিন্তু সমাধান খুঁজে পাচ্ছেন নিজের পরিবারেই, ‘দল নিয়ে ভাবনার কিছু দেখছি না। ইতিহাস বলে ক্রিকেটার আসে-যায়, কিন্তু দল এগিয়ে যায়। প্রতিভাবান অনেকেই অপেক্ষা করছে আমার জায়গা নেওয়ার জন্য, ডেভ (ডেভিড হাসি) হলে তো খুবই আবেগময় একটা ব্যাপার হবে। টেস্ট খেলা ওর স্বপ্ন, সত্যি হলে সেটা হবে অসাধারণ। তবে আরও অন্তত জনা ছয়েক প্রার্থী আছে বলে মনে হয় আমার।’ বিজয়সংগীত গাওয়ার দায়িত্ব দিয়ে যাচ্ছেন নাথান লায়নকে। সিডনিতে শেষ করতে পেরেও দারুণ খুশি। ক্লার্কের আউটে দর্শকের উল্লাসে ভীষণ বিব্রতও, ‘সিডনি আমার প্রিয় তিন মাঠের একটি। দর্শক দারুণ সমর্থন দিয়েছে। আমি অভিভূত, কিছুটা বিব্রতও। তবে ভালোভাবে শেষ হয়েছে. এতে অন্তত তৃপ্তি পাচ্ছি। আর চাপ নেই, রিল্যাক্স করতে পারি। ম্যাচের আগে বা ব্যাটিংয়ে নামার আগে পেটে যে প্রজাপতির নাচন টের পেতাম, সেটা আর হবে না!’ম্যাচ জেতানো বা বাঁচানো সব ইনিংস, দুর্দান্ত ফিল্ডিং বা নিবেদনের জন্য নয়, স্মরণীয় থাকতে চান তিনি আপাদমস্তক ‘টিমম্যান’ হিসেবে। কিন্তু সিডনির গ্যালারি কাল বুঝিয়ে দিয়েছে, ক্রিকেট তাঁকে মনে রাখবে ‘মি. ক্রিকেট’ হিসেবেই। রয়টার্স, ওয়েবসাইট।