বিদায় নিলেন জোকোভিচও
টেনিস ইতিহাসের অন্যতম সেরা মৌসুম কাটালেন যিনি, সেই নোভাক জোকোভিচ বছরের শেষ টুর্নামেন্টে পরশু কোর্ট ছাড়লেন মাথা নিচু করে। নাদালের পর জোকোভিচেরও গ্রুপ পর্ব থেকেই বিদায় হলো এটিপি বিশ্ব ট্যুর ফাইনালস থেকে! পুরো বছরই স্বপ্নের ঘোরে কাটানো জোকোভিচের স্বপ্নভঙ্গ করলেন তাঁরই স্বদেশি ইয়াঙ্কো টিপসারেভিচ।টমাস বার্ডিচের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যান ডেভিড ফেরারের কাছে। সেমিফাইনালে উঠতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই জিততেই হতো। প্রথম সেটটি জিতেও নিয়েছিলেন বিশ্বের এক নম্বর তারকা। কিন্তু অ্যান্ডি মারের চোটের সুবাদে খেলার সুযোগ পাওয়া টিপসারেভিচ ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে ম্যাচ জিতে আশাহত করেন জোকোভিচকে।অস্ট্রেলিয়া ওপেন জিতে বছর শুরু। পরে উইম্বলডন, ইউএস ওপেন—উন্মুক্ত যুগে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে জিতেছেন বছরে তিনটি গ্র্যান্ড স্লাম। পাঁচটি মাস্টার্স সিরিজসহ ফেদেরারের (২০০৬ সালে) পর প্রথম খেলোয়াড় হিসেবে গড়েছেন বছরে ১০টি শিরোপা জয়ের কীর্তি। বছর শেষে জয়-পরাজয়ের রেকর্ড ৭০: ৬! অথচ ইতিহাসে জায়গা করে দেওয়া বছরের শেষটিতেই ঘটল আশাভঙ্গের ঘটনা।জোকোভিচ বলেছেন এই হার তাঁর স্বপ্নময় বছরকে বিবর্ণ করে দেয়নি। বছরটি বরং স্মৃতির পটেই সাজিয়ে রাখছেন তিনি, ‘অবিশ্বাস্য একটি বছর কাটল আমার। সত্যিই কোনো কিছুতে তা শেষ হতে পারে না। সব সময়ই বছরটিকে আমার জীবনের সেরা হিসেবে মনে রাখব।’জয়টাই একমাত্র সান্ত্বনা টিপসারেভিচের, সেমিফাইনালে তিনি উঠতে পারেননি। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ফেরারের সঙ্গী টমাস বার্ডিচ। প্রথম দুই ম্যাচ জিতেই সেমির পথে এগিয়ে ছিলেন ফেরার। পরশু তাঁকে ৩-৬, ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন বার্ডিচ। জোকোভিচ হেরে যাওয়ায় কোনো সমীকরণের প্রয়োজন পড়েনি। দুটি করে ম্যাচ জিতে ফেরার ও বার্ডিচ দুজনই ওঠে যান সেমিতে। অবশ্য কাল রাতেই ফেরারকে হারিয়ে ফাইনালে উঠে গেছেন রজার ফেদেরার। ৭-৫, ৬-৩ গেমে জিতে র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে তিনে উঠে গেছেন সুইস তারকা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ঠিক হবেন সোঙ্গা-বার্ডিচের সেমিফাইনালের জয়ী। ওয়েবসাইট।