বিদায় নিলেন ফ্লিনটফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজ সিরিজ জেতার পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। আশা করেছিলেন ওয়ানডে আর টি-টোয়েন্টিটা আরও কিছুদিন খেলে যাবেন। কিন্তু ইনজুরির সঙ্গে পেরে উঠলেন না। হাঁটুর ইনজুরির কারণে শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দিয়ে ফেললেন এই ইংলিশ অলরাউন্ডার।গত এক বছর ধরেই ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ফ্লিনটফ। কিন্তু গতকাল বুধবার চিকিত্সকের সঙ্গে পরামর্শের পর আর মাঠে ফেরার সম্ভবনা নেই বুঝতে পেরে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন তিনি। দুঃখ ভারাক্রান্ত গলায় অবসরের ঘোষণা দিয়ে ফ্লিনটফ বলেছেন, ‘খুবই হতাশা ও দুঃখের সঙ্গে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। চিকিত্সকেরা আমাকে বলেছেন, মাঠে নামার মতো পরিস্থিতিতে আমি আর ফিরতে পারব না। এ অবস্থায় অবসরে যাওয়া ছাড়া আমার সামনে আর কোনো বিকল্প নেই।’ পরিবার, ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব, স্পন্সর, সমর্থক, বন্ধু-শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে ১১ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছেন এই ৩২ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার। ক্যারিয়ারে ৭৯ টেস্টে তিন হাজার ৮৪৫ রান করেছেন ফ্লিনটফ, উইকেট নিয়েছেন ২২৬টি। ১৪১টি ওয়ানডে খেলে করেছেন তিন হাজার ৩৯৪ রান, উইকেট শিকার করেছেন ১৬৯টি। অবসরের পর এখন কী করবেন ফ্লিনটফ? ফ্লিনটফকে সাবেক ইংলিশ খেলোয়াড় মাইক আথারটন, নাসের হুসেইন, মাইকেল ভউগানের মতো মিডিয়া জগতে চলে আসার পরামর্শ দিচ্ছেন অনেকেই। কিন্তু ফ্লিনটফ অবশ্য নিজে এখনো কিছু স্থির করে উঠতে পারেননি। বলেছেন, ‘ভবিষ্যতে কোন দিকে যাব সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একটা বিরতি নিতে চাই।’ ক্রিকইনফো।