বিদায় নিলেন বিলিচ
ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বেশ ভালো অবস্থানেই ছিল ক্রোয়েশিয়া। কিন্তু শেষ ম্যাচে গতবারের শিরোপাজয়ী স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে ক্রোটদের। আর ক্রোয়েশিয়া সমর্থকদের উন্মত্ততা, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশার মধ্যেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্লাভেন বিলিচ। দীর্ঘ ছয় বছর কোচের দায়িত্ব পালন করার পর বিদায় বললেন এই ক্রোয়েশিয়ার কোচ।গতকাল স্পেনের কাছে ১-০ গোলে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। উত্তেজনাপূর্ণ খেলায় একেবারে শেষ মুহূর্তে স্পেনকে জয় এনে দিয়েছেন জেসাস নাভাস। এর আগে ক্রোটদের কিছু গোল প্রচেষ্টা রুখে দিয়েছিলেন স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। সব মিলিয়ে অনেক কাছাকাছি গিয়েও দ্বিতীয় রাউন্ডের টিকিটটি পায়নি ক্রোয়েশিয়া। আর এ হারের পরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা জানিয়েছেন স্লাভেন বিলিচ। এভাবে বিদায় বলবেন এটা ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্তও ভাবেননি বলে জানিয়েছেন তিনি। ক্রোয়েশিয়ান একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি কখনোই ভাবিনি যে এটাই ক্রোয়েশিয়ার কোচ হিসেবে আমার শেষ ম্যাচ হবে। কারণ, মনে হয়েছিল আমরা গ্রুপ পর্বের বাধা পেরিয়ে যাব। তবে আমরা অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছি। আমি ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই। যারা ছয় বছর ধরে অনেক কঠোর পরিশ্রম করেছে।’‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট পাওয়া ইতালি ও স্পেনকেও অভিনন্দন জানিয়েছেন বিলিচ। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলেও ক্রোয়েশিয়া যে রকম পারফরমেন্স দেখিয়েছে, তাতে তারা মাথা উঁচু করেই দেশে ফিরতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল। সেটা বেশ ভালো মতোই বাস্তবায়ন করা গিয়েছিল। কিন্তু স্পেনের বিপক্ষে আমরা আমাদের সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। এখন আমি ইতালি ও স্পেনকে অভিনন্দন জানাই। আর আমরা গর্বের সঙ্গে, মাথা উঁচু করেই দেশে ফিরতে পারব।’এখন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আগামী মৌসুম থেকে রাশিয়ার শীর্ষ ক্লাব লকোমোটিভ মস্কোর কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ৪৩ বছর বয়সী বিলিচ।