বিদায় নিলেন ভন মারউইক
গত বছরই চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন বার্ট ফন মারউইক। সেই অনুসারে ২০১৬ সাল পর্যন্ত হল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তাঁর। কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপে দলের ভরাডুবির পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোটাই যথাযথ মনে করেছেন তিনি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট হল্যান্ড।আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ঘোষণা দিয়ে ফন মারউইক বলেছেন, ‘আমি সরে দাঁড়াবো কিনা, তা নিয়ে একটু সংশয়ে ছিলাম। কিন্তু শেষপর্যন্ত সরে দাঁড়ানোই যথাযথ মনে করেছি।’ ইউরো চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচেই হেরে বিদায় নেওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মারউইক। অনেকেই হল্যান্ডের এই হতাশাজনক পারফরমেন্সের জন্য দায়ী করেছেন ডাচ এই কোচের রক্ষণাত্মক কৌশলকে। তবে হল্যান্ডের ফুটবল অঙ্গনের অনেকেই এই শেষমুহূর্তে দাঁড়িয়েছেন মারউইকের পাশে। দেশটির ফুটবল সংস্থার পরিচালক বার্ট ফন অস্টোভেন বলেছেন, ‘মারউইক কোচ হিসেবে অসাধারণ কাজ করেছিলেন। তাঁর অধীনেই দল ২০১০ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত গিয়েছিল। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটাও দখল করেছিল। এখন এইভাবে তাঁকে বিদায় বলাটা আসলেই দুঃখজনক। কিন্তু আমাদেরকে বাস্তববাদীও হতে হবে।’৬০ বছর বয়সী মারউইক ২০০৮ সালে হল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের আগে টানা ১৪টি ম্যাচ জিতেছিল ডাচরা। রয়টার্স