বিদায় নিলেন স্কট স্টাইরিস
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন স্কট স্টাইরিস। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন এই কিউই অলরাউন্ডার। তবে এখন আরও কিছুদিন ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলো খেলবেন বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী স্টাইরিস।গতকাল এক সংবাদ সম্মেলনে দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করাটা আমি খুবই উপভোগ করেছি। নিউজিল্যান্ডের অনেক প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারাটা আমার জন্য খুবই সম্মানের। কিউই ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তেও আমি দলে ছিলাম। এটাও আমার জন্য খুব গৌরবের ব্যাপার।’২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল স্টাইরিসের। আর সেই অভিষেক ম্যাচেই ১০৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান। বিদায় মুহূর্তেও সেই ম্যাচের কথা স্মরণ করে তিনি বলেছেন, ‘অভিষেক ম্যাচেই সেঞ্চুরি ও একটি উইকেট নেওয়াটা এখনো আমার মনে গেঁথে আছে। আমরা সেই ম্যাচে হারও এড়াতে পেরেছিলাম।’দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে ১৮৮টি ওয়ানডেতে মাঠে নেমেছিলেন স্টাইরিস। ব্যাট হাতে চার হাজার ৪৮৩ রানের পাশাপাশি ১৩৭টি উইকেটও শিকার করেছিলেন এই অলরাউন্ডার। রয়টার্স।