বিদায় পল স্কোলস
জন্ম ম্যানচেস্টারেই। ১৯৯১ সালে মাত্র ১৭ বছর বয়সে পা রেখেছিলেন শহরটির সবচেয়ে জনপ্রিয় ক্লাবের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। তিন বছর যুবদলে কাটিয়ে ১৯৯৪ সালে অভিষেক ম্যানচেস্টার ইউনাইটেডের সিনিয়র দলে। ক্লাবের হয়ে জুনিয়র পর্যায়ে তিন আর সিনিয়র পর্যায়ে টানা ১৭ বছর—দীর্ঘ দুই দশক খেলে অবশেষে বিদায় বলে দিলেন পল স্কোলস। বিদায় নিলেন ইংলিশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার। পরশু ওল্ড ট্র্যাফোর্ডে নিউইয়র্ক কসমসের বিপক্ষে প্রীতি ম্যাচটা ছিল তাঁর বিদায়ী ম্যাচ। ৬-০ গোলের বড় জয়ে স্কোলস নিজে নবম মিনিটে করেছেন দারুণ এক গোল।ক্লাব ফুটবলের লোভনীয় হাতছানি অগ্রাহ্য করে লাল জার্সির প্রতি অনুগত থেকেছেন পুরো ক্যারিয়ারে। প্রতিযোগিতামূলক ফুটবলে ম্যানইউর হয়ে খেলেছেন ৬৭৬ ম্যাচ, করেছেন ঠিক ১৫০টি গোল। বিদায়বেলায়ও বিনম্র স্কোলস বললেন, ‘আশা করি, সমর্থকদের আমি কিছু স্মরণীয় মুহূর্ত দিয়ে যেতে পেরেছি।’ দীর্ঘ ক্যারিয়ারে ম্যানইউ অনেক তারকাই পেয়েছে। তিনি নিজেও ছিলেন এঁদের একজন। কিন্তু সব সময় প্রচারের আলোতে অনভ্যস্ত লেগেছে ৩৬ বছর বয়সীকে। বিদায়ের দিনও বললেন, ‘আমি সে রকম একজন মানুষ, যে মনোযোগের কেন্দ্রে থাকতে পছন্দ করে না। কিন্তু আজ (পরশু) রাতে আমিই মনোযোগের কেন্দ্রে। সবাই আজ আমার দিকে তাকিয়ে থাকবে।’এই ম্যাচ দিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে এসেছেন ম্যানইউরই সাবেক তারকা এরিক ক্যান্টোনা। অবশ্য নিউইয়র্ক কসমসের কোচ হিসেবেই প্রত্যাবর্তন হয়েছিল তাঁর। স্কোলসের বিদায়ী ম্যাচে এসেছিলেন ফুটবল কিংবদন্তি, কসমসের সাবেক খেলোয়াড় পেলেও। কিন্তু সবাইকে ছাপিয়ে আলোর কেন্দ্রে ছিলেন স্কোলস নিজেই।বিশ্বস্ত এই শিষ্যকে খুশি মনেই বিদায় জানালেন অ্যালেক্স ফার্গুসন, ‘আমার মনে ও সব সময়ই ম্যানইউর সর্বকালের অন্যতম সেরা একজন হিসেবে থেকে যাবে।’ মাঝমাঠেরই আরেক কাণ্ডারি ছিলেন জিনেদিন জিদান। এই ফরাসি কিংবদন্তিও স্যালুট জানালেন, ‘আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ কে? পল স্কোলস! সে ছিল পরিপূর্ণ এক মিডফিল্ডার।’ এএফপি, ওয়েবসাইট।