বিদায় বলছেন আমিনুল
কাল তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, একপর্যায়ে বলে ফেললেন, এবার লিখতে পারেন। কিছুদিন ধরেই ভাবছিলেন আর জাতীয় দলে খেলবেন না। কিন্তু লিগে দলের অবস্থা, পারিপার্শ্বিকতা— সবকিছু মিলিয়ে দেখতে চেয়েছেন আরও কয়েকটা দিন। সেই ‘দেখা’টাও শেষ হয়ে গেছে আমিনুল হকের। গত এক যুগের বেশির সময়ে দেশের সেরা তো বটেই, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর খেলবেন না জাতীয় দলে। তবে ঘরোয়া ফুটবলে খেলতে চান আরও কিছু দিন।এমন একটা সময় এই সিদ্ধান্ত, যখন ঘরোয়া লিগে তাঁর দল শেখ জামাল ধানমন্ডিকে ধাওয়া করছে পাতানো খেলার অভিযোগ। আমিনুল এ দলটির অধিনায়কও। আজ বিকেলে বাফুফের বাংলাদেশ লিগ কমিটির সামনে গোটা শেখ জামাল দলই দাঁড়াবে পাতানো খেলার অভিযোগের জবাব দিতে, আমিনুল ভবনে আসার সময় জাতীয় দল থেকে অবসরের চিঠিটাও নিয়ে আসবেন। ‘চিঠিতে দুটি বিষয় থাকছে। প্রথমত, নতুনদের সুযোগ। দ্বিতীয়ত, পরিবারকে এখন বাড়তি সময় দিতে হচ্ছে আমাকে। কাল (আজ) ফেডারেশনকে দেওয়া চিঠিতে আমি এই দুটি বিষয়ই জানাব’—একটু কি নিজের মনের কথা গোপন রাখলেন আমিনুল?সরাসরি কিছু বলছেন না। বিদায়বেলায় তাঁর কোনো অভিযোগ নেই। ক্যারিয়ারজুড়ে যা পেয়েছেন তাতে বেশ তৃপ্ত। তা হলে কেন এই সিদ্ধান্ত? জাতীয় দলের বর্তমান অধিনায়কের ঘনিষ্ঠজনেরা বলছেন, আমিনুল আর জাতীয় দলে খেলা উপভোগ করছেন না। জাতীয় দলের পরিবেশটা আগের মতো নেই। অর্থাৎ জাতীয় দল আর টানছে না তাঁকে। ঠিক যেভাবে রজনী, মতিউর মুন্না ডাক পেয়েও ফিরছেন না জাতীয় দলে। ১৯৯৬ সালে আমিনুল প্রথম যখন ডাক পান জাতীয় দলে, তখন জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক মোহাম্মদ পনির। আমিনুল ও বিপ্লব বিকল্প গোলরক্ষক। অবশেষে ১৯৯৮ সালের মাঝামাঝি মাঠে নামার সুযোগ আসে আমিনুলের সামনে। কাতারে শুভেচ্ছা সফরে কাতার জাতীয় দল ও যুবদলের বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ দিয়ে শুরু।কাতার জাতীয় দলের সঙ্গে ০-০, যুবদলের বিপক্ষে ১-১। স্বপ্নের মতো শুরু! আজও সেই দুই ম্যাচ তাঁর কাছে স্মরণীয়, ‘ওই দুটি ম্যাচ আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। দেখিয়েছে সামনে এগোনোর পথ। সেই পথ বেয়েই এতগুলো বছর দলের আস্থা অর্জন করে খেলে গেছি’—বললেন আমিনুল।প্রথম আলোকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি ম্যাজিশিয়ান নই।’ কথাটা এই কারণেই বলেছেন, তাঁর ওপর আস্থাটা এত বেশি, আমিনুল থাকলে দু-চারটা গোল সেভ করে দেবেন—এটাই সবাই মনে করে আসছেন বরাবর। সেই আমিনুল চোট-আঘাতে কখনো কখনো দলের বাইরে ছিটকে পড়েছেন, কিন্তু পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি কখনোই।অভিষেকের পর থেকে বাংলাদেশে আসা সব বিদেশি কোচেরই প্রিয় পাত্র ছিলেন সম্ভবত বাংলাদেশের সর্বশেষ তারকাখ্যাতি পাওয়া ফুটবলার। ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডো তো তাঁকে এশীয় মানের গোলরক্ষক বলে গেছেন। কোটান, ক্রুসিয়ানি, জর্জেভিচরা ইউরোপে নেওয়া চেষ্টা করেছিলেন আমিনুলকে। দেশি কোচরা তো বটেই, বিপ্লবকে বসিয়ে রেখে আমিনুলের ওপর আস্থা রাখতেন সব বিদেশি কোচই। ঘরোয়া ফুটবলে শুরু ১৯৯৫ সালে। সেবার মোহামেডানে তাঁকে প্রথম দেখেছেন পনির। আজও দেখছেন। মোহামেডানের সাবেক গোলরক্ষক পনির বলছিলেন, ‘একজন উঁচু মানের গোলরক্ষক হওয়ার সব গুণ ছিল ওর। খেলার প্রতি নিবেদিতপ্রাণ। ওর মানের গোলরক্ষক গত পনেরো বছর আসেনি বাংলাদেশে।’আমিনুলকে বাংলাদেশের ইতিহাসের সেরার গোলরক্ষকের স্বীকৃতি দেন কেউ কেউ। এমন গোলরক্ষক আজ যখন অবসরের চিঠি দেবেন, তাঁকে আপ্লুত করবে আবেগ। কিন্তু আক্ষেপ থাকবে একটা—মাঠ থেকে বিদায় নেওয়া হলো না! সর্বশেষ গত নভেম্বরে গুয়াংজুতে এশিয়ান গেমসেই নীরবে হয়ে গেল বিদায়।সিদ্ধান্তআর খেলবেন না জাতীয় দলে। আজ চিঠি দিচ্ছেন বাফুফেকে। তবে খেলে যাবেন ঘরোয়া ফুটবলেকারণনতুন খেলোয়াড়দের সুযোগ এবং পরিবারকে আরও বেশি সময় দেওয়া