বিদায় বললেন ওয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সটা খুব বেশি হয়ে যায়নি। ৩৩ বছর। এর চেয়ে ঢের বেশি বয়সী অনেকেই দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। কিন্তু ফর্মের সঙ্গে যুঝতে থাকা মাইকেল ওয়েন বললেন, আর নয়। এই মৌসুম শেষেই তুলে রাখবেন বুটজোড়া। যতি টেনে দিচ্ছেন পেশাদার ক্যারিয়ারের। ‘১৭ বছর বয়সে লিভারপুলের হয়ে আমার অভিষেক হয়েছিল। এরপর রিয়াল মাদ্রিদ, নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড ও স্টোক সিটির হয়ে খেলেছি। দেশের হয়ে মাঠে নেমেছি ৮৯ বার। আমার মনে হয় ক্যারিয়ারে পর্দা নামিয়ে দেওয়ার এটাই সঠিক সময়’—নিজের ওয়েবসাইটে বলেছেন আবেগতাড়িত ওয়েন। ওয়েনের কথা ভাবলেই সবার আগে মনে পড়বে ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই দুর্দান্ত গোলের কথা। ইংল্যান্ডের হয়ে ৮৯ ম্যাচে করেছেন ৪০ গোল। ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছিলেন লিভারপুলেই। অলরেডদের হয়ে ৩০৬ ম্যাচে করেছেন ১৭৯টি গোল। ২০০১ সালে তো ব্যালন ডি’অরই জিতেছিলেন। রিয়ালে যাওয়ার পর চোট আর ফর্মহীনতায় হয়ে পড়েন ব্রাত্য। এরপর প্রিমিয়ার লিগে অনেকগুলো ক্লাবে খেললেও থিতু হতে পারেননি কোথাও। একটু আক্ষেপ নিয়েই হয়তো বিদায় বলতে হয়েছে। যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, সেভাবে নিজেকে মেলে ধরতে পেরেছেন কই! এএফপি, ওয়েবসাইট।