বিদায় বললেন জেরার্ড

কদিন আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম। এবার বিদায় জানলেন ইংলিশ অধিনায়ক স্টিভেন জেরার্ড। ১১৪ আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৪ বছর বয়সী লিভারপুল তারকা সোমবার জানিয়ে দিলেন, আর দেখা যাবে না ‘থ্রি-লায়ন’দের জার্সিতে। খবর এএফপি, রয়টার্সের।
জেরার্ড বললেন, ‘খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। ক্যারিয়ারে যত কঠিন সিদ্ধান্ত নিয়েছি, এটি তার একটি। দেশকে প্রতিনিধিত্ব করার প্রতিটি ক্ষণ উপভোগ করেছি। আজ আমার জন্য খুব দুঃখের একটা দিন, কারণ আমাকে জানাতে হচ্ছে, আর কখনোই ইংল্যান্ডের জার্সি গায়ে চড়াব না। তবে সর্বোচ্চ পর্যায়ে খেলে লিভারপুল ফুটবল ক্লাবের জন্য সবকিছু করতে চাই। এটিই উপযুক্ত সিদ্ধান্ত।’ চ্যাম্পিয়নস লিগে ‘অল রেড’দের শিরোপা জেতানোর লক্ষ্যে আরও কিছুদিন ক্লাব ফুটবলে থেকে যাওয়ার সিদ্ধান্ত জেরার্ডের। বিশ্বকাপে ইংলিশদের ভরাডুবির পর দেশে ফিরে অবসরের সিদ্ধান্ত নেন জেরার্ড।
২০০০ সালে ইউক্রেনের বিপক্ষে অভিষেক জেরার্ডের। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা তৃতীয় খেলোয়াড় তিনি। পিটার শিলটন খেলেছেন ১২৫ ও ডেভিড বেকহাম ১১৫ ম্যাচ। জেরার্ড খেলেছেন তিনটি বিশ্বকাপ, থ্রি লায়নদের হয়ে গোল করেছেন ২১টি। ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছেন ২০১২ ইউরো ও ২০১৪ বিশ্বকাপে।