বিদায় বললেন জেরার্ডও
হঠাৎ করেই বিশ্ব ফুটবলে বিদায়ের রাগিণী। কয়েক দিন আগে ফিলিপ লাম বিদায় নিলেন, কাল বিদায় বলে দিলেন স্টিভেন জেরার্ডও। ইংল্যান্ডের জার্সি গায়ে আর কখনো দেখা যাবে না ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে।
দুঃস্বপ্নের মতোই কেটেছে বিশ্বকাপ। প্রথম রাউন্ড থেকে ইংল্যান্ডকে বাদ পড়তে হয়েছে। অধিনায়ক হিসেবে সেই ব্যর্থতায় জেরার্ডের দায় তো ছিলই। তবে সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না বলেই জানিয়েছেন, ‘সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন ছিল, আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। আমি দেশের হয়ে খেলাটা প্রতি মুহূর্ত উপভোগ করছি। ইংল্যান্ডের জার্সি আর কখনো পরব না, ব্যাপারটা খুবই কষ্টের।’
জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন, ‘আমি এখন লিভারপুলের হয়ে নিজেকে উজাড় করে দিতে চাই। আমি মনে করি, এটাই সঠিক সিদ্ধান্ত। আর অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগ ফিরছে, এ ব্যাপারটাও আমাকে প্রভাবিত করেছে।’
২০০০ সালে ইউক্রেনের সঙ্গে অভিষেক হয়েছিল জেরার্ডের। ইংল্যান্ডের হয়ে শুধু পিটার শিলটন (১২৫) ও ডেভিড বেকহামই (১১৫) জেরার্ডের (১১৪) চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে বড় ট্রফি জেতা হয়নি বটে, তবে জেরার্ড ইংল্যান্ডের জন্য কতটা মূল্যবান ছিলেন সেটা পরিসংখ্যান দিয়েই বোঝা যাবে—জেরার্ড যেসব ম্যাচে গোল করেছেন সেগুলোতে ইংল্যান্ড হারেনি। এএফপি।
ইংল্যান্ডের জার্সিতে জেরার্ড
ম্যাচ ১১৪
জয় ৭১
ড্র ২৭
পরাজয় ১৬
অধিনায়ক ৩৮
গোল ২১