বিদায় বললেন লক্ষ্মণ
ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিলেন ভিভিএস লক্ষ্মণ। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও আরও দুই-তিনবছর ঘরোয়া ক্রিকেটে খেলবেন লক্ষণ।নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে লক্ষ্মণের নিজ শহর হায়দরাবাদে। বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিদায় জানানোর এই আবেগঘন মুহূর্তটির জন্য হায়দরাবাদকেই শ্রেষ্ঠ মঞ্চ মানছেন গত ১৫ বছরে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা এই মিডল অর্ডার ব্যাটসম্যান। মজার তথ্য হচ্ছে, দীর্ঘ ক্যারিয়ারে নিজ শহর হায়দরাবাদে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাননি লক্ষ্মণ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটি খেলতে পারলে এটি হবে গোটা ক্যারিয়ারে হায়দরাবাদে লক্ষ্মণের মাত্র দ্বিতীয় টেস্ট।গত ইংল্যান্ড সফর থেকেই সময়টা ভালো যাচ্ছিল না লক্ষ্মণের। গত ১৮টি টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১০৮৬ রান। অস্ট্রেলিয়া সফরে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র ৫৬। ব্যাপক সমালোচনার মুখে এই মুহূর্তে সম্মানের সঙ্গে বিদায় নেওয়াটাই লক্ষ্মণের মূল চিন্তা বলে জানা গেছে।১৯৯৬ সালে অভিষেকের পর ১৩৪টি টেস্ট খেলে লক্ষ্মণের সংগ্রহ ৮৭৮১ রান। রয়েছে ১৭টি সেঞ্চুরি ও ৫৬টি ফিফটি। এক দিনের রেকর্ড অবশ্য লক্ষ্মণের টেস্ট ম্যাচের মতো অতটা উজ্জ্বল নয়। ৮৬টি এক দিনের ম্যাচে অংশ নিয়ে তাঁর সংগ্রহ ২৩৩৮ রান। এক দিনের ফরম্যাটে তাঁর সেঞ্চুরি ছয়টি।২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতা টেস্টে লক্ষ্মণের অনবদ্য ২৮১ রান আজও ক্রিকেটামোদীদের স্মৃতিপটে উজ্জ্বল। সেই ম্যাচে ফলোঅনে পড়েও লক্ষ্মণের অবিস্মরণীয় ব্যাটিংয়ের কল্যাণে ভারত ঘুরে দাঁড়ায় এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। সেই অবিস্মরণীয় ইনিংসে লক্ষ্মণকে সঙ্গ দিয়েছিলেন রাহুল দ্রাবিড়।সেই রাহুল দ্রাবিড় কিছুদিন আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। লক্ষ্মণের বিদায় হবে ভারতীয় ক্রিকেটের আরও একটি অধ্যায়ের সমাপ্তি।