বিদায় বললেন লক্ষ্মণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন ভিভিএস লক্ষ্মণ। গতকাল নিজ শহর হায়দরাবাদে অনুষ্ঠিত এক আবেগঘন সংবাদ সম্মেলনে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণাটা দিয়ে দেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।কথা ছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে হায়দরাবাদে অনুষ্ঠিত টেস্টম্যাচটি খেলে অবসরের ঘোষণাটা দেবেন। কিন্তু লক্ষ্মণ গতকালই দিয়ে দিলেন সেই ঘোষণা। আন্তর্জাতিক ক্রিকেটে আর নয়। তবে জাতীয় দল ছাড়লেও ঘরোয়া ক্রিকেটটা আরও দুই-তিন বছর খেলে যাবেন বলে জানান তিনি।সংবাদ সম্মেলনে লক্ষ্মণ বলেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর এই ঘোষণা এই মুহূর্ত থেকে কার্যকর হবে।’লক্ষ্মণ আরও বলেন, ‘আমি সব সময় আমার দেশের সাফল্যকে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ওপরে স্থান দিয়েছি। আমি মনে করি, সময় এসেছে নিজে সরে গিয়ে তরুণ প্রতিভাবানদের জন্য জায়গা করে দেওয়ার।’অবসরের সিদ্ধান্তটি নিজের সঙ্গে যথেষ্ট যুদ্ধ করেই নিয়েছেন লক্ষ্মণ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন। এই সিরিজে খেলা না-খেলা নিয়ে দোটানায় ছিলেন কয়েক দিন ধরেই। লক্ষ্মণ বলেছেন, এ ব্যাপারে পারিবারিক মতামত ছিল অবসরের পক্ষেই। পরিবারের সদস্যরা তাঁকে বুঝিয়েছেন, সরে যাওয়ার এটাই সবচেয়ে ভালো সময়। গত ইংল্যান্ড সফর থেকেই সময়টা ভালো যাচ্ছিল না লক্ষ্মণের। গত ১৮টি টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১০৮৬ রান। অস্ট্রেলিয়া সফরে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র ৫৬। এক বছর ধরেই পারফরম্যান্স নিয়ে চাপের মধ্যে ছিলেন তিনি।১৯৯৬ সালে অভিষেকের পর ১৩৪টি টেস্ট খেলে লক্ষ্মণের সংগ্রহ ৮৭৮১ রান। রয়েছে ১৭টি সেঞ্চুরি ও ৫৬টি ফিফটি। এক দিনের রেকর্ড অবশ্য লক্ষ্মণের টেস্ট ম্যাচের মতো অতটা উজ্জ্বল নয়। ৮৬টি এক দিনের ম্যাচে অংশ নিয়ে তাঁর সংগ্রহ ২৩৩৮ রান। এক দিনের ফরম্যাটে তাঁর সেঞ্চুরি ছয়টি।২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতা টেস্টে লক্ষ্মণের অনবদ্য ২৮১ রান আজও ক্রিকেটামোদীদের স্মৃতিপটে উজ্জ্বল। সেই ম্যাচে ফলোঅনে পড়েও লক্ষ্মণের অবিস্মরণীয় ব্যাটিংয়ের কল্যাণে ভারত ঘুরে দাঁড়ায় এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। সেই অবিস্মরণীয় ইনিংসে লক্ষ্মণকে সঙ্গ দিয়েছিলেন রাহুল দ্রাবিড়।সেই রাহুল দ্রাবিড় কিছুদিন আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। লক্ষ্মণের বিদায়ের মাধ্যমে সমাপ্তি ঘটল ভারতীয় ক্রিকেটের আরও একটি অধ্যায়ের।