বিদায় বললেন শেভচেঙ্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক পোল্যান্ডের বিদায়টা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আরেক স্বাগতিক ইউক্রেনের শেষ আটে যাওয়ার আশাটা বেঁচে ছিল। কিন্তু কাল ইংল্যান্ডের কাছে হেরে সেই আশার গুড়েও বালি পড়েছে। শেষ আটে যেতে না পারার এই আক্ষেপের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ইউক্রেনীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে সেলিব্রেটি তারকা আন্দ্রেই শেভচেঙ্কো। ৩৫ বছর বয়সী এই ফুটবলারের বিদায়টা অনুমিতই ছিল। কাল প্রথম পর্ব থেকে ইউক্রেনের বিদায়ে সেটা ত্বরান্বিতই হলো।ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইনজুরির কবলে পড়েছিলেন শেভচেঙ্কো। ফলে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে শুরুতেই মাঠে নামতে পারেননি তিনি। কিন্তু ইউক্রেনের ডনবাস এরেনার বিপুল সংখ্যক ইউক্রেন সমর্থক বারবার মনে করিয়ে দিয়েছে শেভচেঙ্কোর নাম। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ওয়েইন রুনির গোলের সুবাদে পিছিয়ে পরার পর খেলায় সমতা ফেরানোর জন্য ইউক্রেন যখনই আক্রমণে গেছে তখনই গ্যালারি থেকে শোনা গেছে, ‘শেভা’ ‘শেভা’ ধ্বনি। অবশেষে ৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ২০০৪ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার পুরস্কার জয়ী এই স্ট্রাইকার। তাঁর একটি সহযোগিতায় হয়তো কাঙ্ক্ষিত গোলটি পেয়েও যেতে পারত। কিন্তু তার বাড়ানো বল থেকে সার্জেই নাজারেঙ্কো দূরপাল্লার যে শটটি নিয়েছিলেন তা চলে গেছে গোলবারের একটু ওপর দিয়ে। কিন্তু তিনি গতকালের ম্যাচে সবচেয়ে আলোচিত হয়েছেন ৮৮ মিনিটে হলুদ কার্ড দেখার সুবাদে। ইংলিশ উইঙ্গার অ্যাশলে ইয়ংকে গুরুতরভাবে ট্যাকল করার দায়ে তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি। কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে না পারলেও ম্যাচ শেষে অবশ্য সমর্থকদের প্রশংসা ধ্বনি শুনতে শুনতেই মাঠ ছেড়েছেন। তবে তারপরেই বিদায়ের ঘোষণা দেন এই স্ট্রাইকার।তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের হয়ে এটাই ছিল আমার শেষ ম্যাচ। পরে হয়তো আমি সমর্থকদের বিদায় বলার উদ্দেশ্যে একটা বিদায়ী ম্যাচ আয়োজনের চেষ্টা করব। আমি এখন সত্যিই বাড়ি ফিরতে চাই, আর আমার সন্তানের কাঁধে হাত রেখে ঘুরতে চাই।’ইউক্রেনের পক্ষে ৪৮টি গোল করে শেভচেঙ্কোই দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এই গোল তিনি করেছেন ইউক্রেনের জার্সি গায়ে ১১১টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে। ২০০৬ সালে ইউক্রেনকে শেষ আটে নিয়ে যাওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্ট্রাইকারের। ২০০৪ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও আছে শেভচেঙ্কোর ঝুলিতে।