বিদায় বললেন স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রায়েম স্মিথ
গ্রায়েম স্মিথ

মাস খানেক আগে আইরিশ স্ত্রী আর প্রায় দেড় বছরের কন্যা ক্রিস্টিনের একটা ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে। নিচে লিখেছিলেন, ‘যখনই বাড়ি থেকে দূরে থাকি, ওদের খুব মিস করি। কথা দিচ্ছি, এবারই শেষ।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজটা তখন শুরুর অপেক্ষায়। এমন সময়ে ‘এবারই শেষ’ মানে? এক মাস পর পরশু কেপটাউন টেস্টের তৃতীয় দিন শেষে স্মিথ সব রহস্য উন্মোচন করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন।
বিদায়ী বিবৃতিতে স্মিথ বললেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটি। গত বছরের এপ্রিলে গোড়ালির অস্ত্রোপচারের পর থেকেই এটা ভাবছিলাম। আমার নতুন পরিবারের কথাও মাথায় রাখতে হয়েছে। আর নিউল্যান্ডসে শেষ করাই সবচেয়ে ভালো মনে হয়েছে। কারণ, ১৮ বছর বয়স থেকে এটাকেই আমি বাড়ি বলে ভেবে এসেছি।’
সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছিল না। ডিসেম্বরে জোহানেসবার্গ টেস্টে ভারতের বিপক্ষে ৬৮ রানের পর টানা ৭ ইনিংসে কোনো অর্ধশতক নেই স্মিথের। ওয়ানডেতে শেষবার ৩০ ছাড়ানো ইনিংস খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে।
গত ডিসেম্বরে জ্যাক ক্যালিসের বিদায়ের পর এবার স্মিথ। ক্যালিস অবশ্য ওয়ানডে খেলবেন আরও কিছুদিন। কিন্তু স্মিথের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় মানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে একটা অধ্যায়ের সমাপ্তি। যে অধ্যায় শুরু হয়েছিল ২০০২ সালের মার্চে, এই কেপটাউনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের বছরই বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তাঁকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ঘোষণায় গোটা ক্রিকেট-বিশ্বই মোটামুটি বিস্মিত হয়েছিল। ২২ বছর ৮২ দিন বয়সে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে যখন টস করতে নামেন, স্মিথ মাত্রই ৮ টেস্টের অভিজ্ঞ। দক্ষিণ আফ্রিকার ওই দলে তিনিই সর্বকনিষ্ঠ এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক স্মিথ। সেই স্মিথই আজ যখন ক্যারিয়ারের শেষবারের মতো প্রোটিয়াদের হয়ে মাঠে নামবেন, নামের পাশে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্টে অধিনায়কত্ব করা (একবার বিশ্ব একাদশের অধিনায়কত্বসহ ১০৯টি) এবং সবচেয়ে বেশি টেস্ট জেতার (এই টেস্টের আগ পর্যন্ত ৫৩) রেকর্ড।
তাঁর নেতৃত্বেই টেস্ট ক্রিকেটের এক নম্বরে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা, গত প্রায় আট বছর বিদেশের মাঠে টেস্ট সিরিজে হারেনি স্মিথের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ বাদ দিলে ঘরের মাঠেও সিরিজ হারেনি গত পাঁচ বছরে। ২০১১ বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত স্মিথের নেতৃত্বে ১৪৯টি ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯২টি। হার ৫১, টাই ১, পরিত্যক্ত ৫ ম্যাচ।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ওদের মাঠেই দুবার করে সিরিজে হারিয়েছে স্মিথের দল। এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে আর কোনো অধিনায়কের এই অর্জন নেই, যা স্মিথকে মনে করাবে আলাদা করে। এএফপি, ক্রিকইনফো।