বিদায় বলে দিলেন আন
খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দিলেন দক্ষিণ কোরিয়ানদের ‘লর্ড অব দ্য রিং’ আন জুং হুয়ান। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ‘ভালোবাসার নায়ক’ এখন সাবেক।আনের নাম শুনলেই চোখে ভাসে ২০০২ বিশ্বকাপে ইতালির বিপক্ষে সেই গোলটি। দ্বিতীয় রাউন্ডে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে আনের ‘গোল্ডেন গোলে’ মুছে যায় ইতালির শিরোপা-স্বপ্ন। প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া উঠে যায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। পরে ওঠে সেমিফাইনালেও।আন তখন ধারে খেলতেন সিরি ‘আ’র দল পেরুজিয়ায়। পেরুজিয়ার মালিক লুসিয়ানো গাউচি আনের চুক্তিটা বাতিল করেন এই বলে, ‘ইতালিয়ান ফুটবলকে ধ্বংস করে এমন কোনো খেলোয়াড়কে আমি বেতন দিয়ে পুষতে রাজি নই।’ইতালি, জার্মানি, ফ্রান্স, জাপান ঘুরে আন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় খেলেছেন চীনা ক্লাব দালিয়ানে। তিনটি বিশ্বকাপ দলের সদস্য আন ৩৬ বছর বয়সে বলে দিলেন ‘বিদায়’। স্ত্রী সাবেক মিস দক্ষিণ কোরিয়া লি হায়ে-উনকে স্মরণ করতে গোল করলেই বিয়ের আংটিটায় চুমু খেতেন। সেই সুবাদেই ‘লর্ড অব দ্য রিং’ নাম।তাঁর দেশের ফুটবলের অন্যতম সেরা এবং আবেগপূর্ণ মুহূর্তের জন্মদাতা। বিদায়ী পর্বটাও হলো আবেগঘন। পরশু আন বিদায়ী ঘোষণাটি দিলেন অশ্রুসিক্ত কণ্ঠে, ‘ফুটবল খেলোয়াড় হিসেবে আর নয়।’ রয়টার্স।