বিদায় বলে দিলেন নিস্টলরয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের পাট চুকিয়ে ফেলেছেন আগেই। এবার পেশাদার ফুটবল ক্যারিয়ারেরও ইতি টেনে ফেললেন রুড ফন নিস্টলরয়। পেশাদার ফুটবলের অভিষেক হয়েছিল ১৯৯৩ সালে। হামবুর্গে দুই বছর কাটিয়ে গত গ্রীষ্মে যোগ দিয়েছিলেন স্প্যানিশ ক্লাব মালাগায়। এর আগে পিএসভি আইন্দহোফেন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলেছেন ডাচ তারকা। পরশু মালাগার হয়ে স্পোর্টিং গিজনের বিপক্ষে শেষ লিগ ম্যাচটি খেলেই ইতি টানলেন দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের। ৩৫ বছর বয়সেই হয়ে গেলেন সাবেক। তবে পেছনে রয়ে গেল অনেক কীর্তি। হল্যান্ড জাতীয় দলের হয়ে ৭০ ম্যাচে করেছেন ৩৫ গোল। ম্যানইউর হয়ে একবার, রিয়ালের হয়ে দুবার জিতেছেন লিগ। স্পেনের রাউলের পর চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (৬০ গোল), তিন মৌসুমে হয়েছেন শীর্ষ গোলদাতা। আছে ইউরোপের ভিন্ন তিনটি ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতার হওয়ার কীর্তিও।পরশু রনডনের গোলে গিজনকে হারিয়েই (১-০) আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে মালাগা। ৭৫ মিনিটে এই রনডনের বদলি হিসেবেই মাঠে নামেন নিস্টলরয়। একটু ধরে যাওয়া গলায় তৃপ্তির সঙ্গেই বিদায়ের ঘোষণা দিয়েছেন তিনি, ‘গতকালই আমি আমার শেষ পেশাদার ম্যাচটি খেলে ফেলেছি। আমি মনে করি, খেলায় শেষ টেনে দেওয়ার সময় এসে গেছে—আমি আমার শারীরিক সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছি। তবে বিদায় বলার এর চেয়ে ভালো মুহূর্ত আর হতে পারত না। মুহূর্তটা ছিল ক্লাবের জন্য আনন্দময়।’ এএফপি।