বিদায় বলে দিলেন ফ্লিনটফ
ইনজুরির থাবা থেকে বাঁচতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, হয়ে গিয়েছিলেন প্রথম ‘ফ্রিল্যান্স’ ক্রিকেটার। তবু শেষ রক্ষা হলো না অ্যান্ড্রু ফ্লিনটফের। চোটের কাছে হার মেনে সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন ইংলিশ অলরাউন্ডার। গত বছরের আগস্টে অ্যাশেজ জয়ের পর টেস্ট থেকে অবসর নিয়েছিলেন, সর্বশেষ ওয়ানডেটি খেলেছিলেন আরও চার মাস আগে।অ্যাশেজের পর হাঁটুতে অস্ত্রোপচার করিয়েই ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়। পুনর্বাসনের জন্য দুবাইয়েও গিয়েছিলেন, আশা ছিল ফিরবেন এ মৌসুমে। গত বছর ইসিবির কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন, ফ্রিল্যান্স ক্রিকেটার হয়ে বিশ্বের নানা প্রান্তে খেলতে চেয়েছিলেন শুধু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট। তবে গত পরশু ফ্লিনটফের শল্যবিদ তাঁকে জানিয়ে দেন, হাঁটুর যে অবস্থা, তাতে আর মাঠে ফিরতে পারার সম্ভাবনা নেই বললেই চলে। এর পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইংল্যান্ডের ২০০৫ অ্যাশেজ জয়ের নায়ক। বিষণ্ন মনে কাল বললেন, ‘হতাশা ও দুঃখ নিয়ে আমি সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানাচ্ছি। যখন জানতে পারলাম, আমার শরীর আর ক্রিকেটর ভার সইতে পারবে না, তখন এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না।’ ভবিষ্যৎটা এখনো ঠিক করেননি সাবেক ইংল্যান্ড অধিনায়ক, জানিয়েছেন সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে। ওয়েবসাইট।