বিদায় বলে দিলেন ‘সাইমো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বন্ধন টুটে গিয়েছিল আগেই। অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন প্রায় তিন বছর আগে। আর যে জাতীয় দলে খেলতে পারবেন না, সেটাও মোটামুটি নিশ্চিত ছিল। অলিখিত বিদায়কে এবার আনুষ্ঠানিকতায় রূপ দিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বিদায় জানালেন সব ধরনের ক্রিকেটকেই। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এবার আইপিএলেও দেখা যাবে না তাঁকে।মুম্বাই ইন্ডিয়ানস তাঁকে কিনেছিল ৮ লাখ ৫০ হাজার ডলারে। তবে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার কাল জানালেন, চুক্তির মেয়াদ পুরো করতে পারছেন না পারিবারিক কারণে, ‘আক্ষেপ নিয়েই বলতে হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে চুক্তির শেষ বছরটা খেলতে পারছি না। মুম্বাই ইন্ডিয়ানস ও আইপিএল কর্তৃপক্ষ আমাকে অনেক সমর্থন দিয়েছে, তবে এই মুহূর্তে অনাগত প্রথম সন্তানই আমার কাছে সবকিছুর আগে।’২০০৯ সালে মে মাসে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সাইমন্ডন্সের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আক্রমণাত্মক ব্যাটিং, কার্যকর অফ স্পিন ও মিডিয়াম পেস বোলিং, দুর্দান্ত ফিল্ডিং মিলিয়ে গত দশকের বেশির ভাগজুড়ে ছিলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অবিচ্ছেদ্য অংশ। অস্ট্রেলিয়ার ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয়ে ছিল তাঁর বড় অবদান। লেম্যান-মার্টিনরা বিদায় নেওয়ার পর টেস্ট দলেও নিয়মিত হয়ে উঠেছিলেন।পারফরম্যান্স যেমন ছিল তাতে দলের অপরিহার্য অংশ থাকার কথা ছিল এখনো। কিন্তু ক্রমেই বেপরোয়া হয়ে উঠছিলেন মাঠের বাইরে। পতনের মূল কারণ মাত্রাতিরিক্ত পানাসক্তি। ২০০৫ সালে ইংল্যান্ডে বাংলাদেশের বিপক্ষে ম্যাঠে নেমেছিলেন মাতাল অবস্থায়। ২০০৮ সালে হরভজনের সঙ্গে সেই বর্ণবাদ বিতর্ক তো ছিলই, ওই বছরই আবার বেড়ে যায় অ্যালকোহল সমস্যা। ওই বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মাছ শিকারে গিয়ে টিম মিটিংয়ে অনুপস্থিত থাকায় আবার জায়গা হারান দলে। শৃঙ্খলাভঙ্গের শাস্তি হিসেবে পরে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরেও যাওয়া হয়নি। ২০০৯ সালে আরেকটি সুযোগ দেওয়া হয় নিজেকে শোধরানোর। কিন্তু নিজেকে শোধরাতে পারেননি, আবারও অ্যালকোহল সমস্যায় ২০০৯ সালের ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফেরত পাঠানো হয় দেশে। ওটাই শেষ। এরপর শুধু বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় খেলেছেন। এবার আর কোনো ধরনের ক্রিকেটেই দেখা যাবে না ‘সাইমো’কে। ওয়েবসাইট।