বিদায় বলেননি দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদায়’ বলার গুঞ্জনটা উড়িয়েই দিলেন দিদিয়ের দ্রগবা। দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, ওয়েম্বলিতে গোল উদ্যাপন করতে গিয়ে যা করেছেন, সেটা নেহাতই গোল করার আনন্দে। তাতে অন্য কোনো ইঙ্গিত ছিল না। চেলসিকে বিদায় তিনি বলেননি।গত শনিবার চেলসিকে এফএ কাপের শিরোপা জেতানোর পথে রেকর্ড গড়েছেন দ্রগবা। প্রথম খেলোয়াড় হিসেবে এফএ কাপের চারটি ফাইনালে গোল করার প্রথম কীর্তি। ২-১ গোলের জয়ে দলের দ্বিতীয় গোলটি করেছেন দ্রগবা। গোলটি করেই ওয়েম্বলির মাটিতে চুমু খান আইভরিয়ান তারকা। ব্যস, অমনি শুরু হয়ে যায় কানাকানি। চেলসিকে কি আগাম বিদায়ী শুভেচ্ছা জানালেন না!ফ্রান্সের অলিম্পিক মার্শেই থেকে দ্রগবা চেলসিতে যোগ দেন ২০০৪ সালে। কিন্তু এই মৌসুম শেষেই চেলসির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। মাঠে চুমু খাওয়ার দৃশ্যটা বিদায়ের ইঙ্গিত বলে চালিয়ে দেওয়ার কারণও এটাই। কিন্তু ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার বলছেন, এতে তাঁর ভবিষ্যতের কোনো ইঙ্গিত ছিল না। রেকর্ড গড়ার কথাও নাকি জানতেন না দ্রগবা, ‘গোল করার সময় আমি এটা চিন্তাও করিনি। এমনকি আমি এটা জানতামই না। ম্যাচ শেষে একজন সাংবাদিক মাঠে এলেন এবং জানালেন আমি রেকর্ড গড়েছি।’ দ্রগবা মনে করেন, তাঁর এই রেকর্ডও একদিন কেউ না কেউ ভেঙে দেবে, ‘যদি আমি এটা করতে পারি, আমি মনে করি অন্য কেউও এটা ভেঙে দিতে পারে এবং আরও বেশি গোল করতে পারে।’এ নিয়ে ওয়েম্বলিতে দ্রগবা গোল করলেন আট ম্যাচের আটটিতেই। তবে কী ওয়েম্বলি তাঁর পয়া মাঠ? দ্রগবার উত্তর, ‘আমি একজন স্ট্রাইকার। গোল করলে আমি খুব খুশি হই। আমি এ রকম একটা স্টেডিয়ামে খেলতে পেরে এবং গোল করতে পেরে নিজেকে ভাগ্যবান মানি।’দ্রগবার কথা, গোল করা তাঁর কাজ। আর সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড তাঁর প্রশংসায় ভাসিয়েছেন এই বলে, ‘দ্রগবা একটা মেশিন। তার শরীর একটা মেশিন। সে অদ্বিতীয়। খেলোয়াড় হিসেবে দিদিয়েরের মতো আর একজনও নেই। আমি মরিয়া হয়েই চাই, সে এখানে থাকুক।’ ওয়েবসাইট।