বিদায় ব্রাজিল, সেমিফাইনালে হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিস্মরনীয় ফুটবল খেলে বিশ্বকাপ থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়েছে হল্যান্ড। একগোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ফন পার্সি, রোবেনরা আক্রমণাত্মক ফুটবলের এক চমত্কার উদাহরণ তৈরী করে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। দ্বিতীয়ার্ধে হল্যান্ডের খেলা দেখে অনেকেই চুয়াত্তর, আটাত্তরে ফিরে গেছেন। সেবার রাইনাস মিশেলের কোচিংয়ে গ্রেট ফুটবলার ইয়োহান ক্রুয়েফের হল্যান্ড যে ‘টোটাল ফুটবলে’র নমুনা ফুটবল বিশ্বের সামনে তুলে ধরেছিল তার সঙ্গে আজকের ম্যাচের দ্বিতীয়ার্ধে হল্যান্ডের খেলার ছিল আশ্চর্য মিল। সবমিলিয়ে যোগ্যতর দল হিসেবেই হল্যান্ড আজ ব্রাজিলকে হারিয়েছে।হল্যান্ডের পক্ষে জয়সূচক গোল করেন ওয়েসলি স্নাইডার। খেলার ৬৮ মিনিটের সময় আরিয়েন রোবেনের কর্নার থেকে তিনি মাথা ছুঁইয়ে গোলটি করেন।দ্বিতীয়ার্ধের শুরুতেই হল্যান্ড ব্রাজিলকে চেপে ধরে। খেলার ৫১ মিনিটের সময় স্নাইডারের একটি বাঁকানো শট ব্রাজিলীয় ডিফেন্ডার ফিলিপ মেলোর মাথায় লেগে জালে প্রবেশ করে। এর আগে, খেলার ১০ মিনিটের সময় একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে চলন্ত বলে রবিনহো শট করে হল্যান্ডের জালে বল জড়িয়ে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে নেন।দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটের সময় ফিলিপ মেলো বল ছাড়া আরিয়েন রোবেনকে ফাউল করলে জাপানি রেফারি মেলোকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। বাকি সময় ব্রাজিল ১০ জনে খেলে। খেলার শেষের দিকে ডাচ গোলরক্ষক স্টেকেলেনবার্গ দুর্দান্ত খেলে ব্রাজিলের অনেক আক্রমণই নস্যাত্ করে দেন।৮৮ মিনিটের সময় বক্সের ঠিক সামনে থেকে নেওয়া দানি আলভেসের ফ্রি-কিক ডাচ দেওয়ালে প্রতিহত হয়ে ফেরত আসলে ‘সেলেকাও’দের গত বিশ্বকাপেরই ভাগ্য বরণ করে নিতে হয়। হল্যান্ড সেমিফাইনালে আজ রাতের উরুগুয়ে ও ঘানার মধ্যকার খেলার বিজয়ী দলের বিপক্ষে খেলবে।