বিদায় ভিলাস-বোয়াস এবং...
‘আমার প্রতি ক্লাব মালিকের আস্থা আছে’—প্রথমে এমন কথা বললেও শেষ পর্যন্ত আন্দ্রেস ভিলাস-বোয়াসও বুঝতে পারছিলেন, কালো মেঘ ধেয়ে আসছে। বিদায়ঘণ্টা বাজলেও বাজতে পারে। কিন্তু কানফাটা শব্দে সেটা যে এত দ্রুতই কানের কাছে বেজে উঠবে, তা কি ভাবতে পেরেছিলেন? ভিলাস-বোয়াস কী ভাবতে পেরেছিলেন আর কী পারেননি, চেলসির মালিক রোমান আব্রামোভিচের তা জানতে বয়েই গেছে! তিনি তাঁর কাজটা সেরে ফেললেন দ্রুতই। গত গ্রীষ্মেই যাঁকে ঘরে তুলেছিলেন বরণডালা সাজিয়ে, মাত্র নয় মাস পরই তাঁর হাতে ধরিয়ে দিলেন ছাঁটাইয়ের চিঠি। বিদায় ভিলাস-বোয়াস!আন্দ্রেস ভিলাস-বোয়াস আর চেলসির কোচ নেই। গতকালই তরুণ পর্তুগিজ কোচকে বরখাস্ত করেছে চেলসি। শঙ্কার মেঘ ওড়াউড়ি করছিল কিছুদিন ধরেই। পরশু ওয়েস্টব্রমের বিপক্ষে হারের পর আর ধৈর্য ধরে রাখতে পারেনি আব্রামোভিচ ও তাঁর অনুগত বোর্ড। ক্লাব ওয়েবসাইটেই দেওয়া এক বিবৃতিতে চেলসি জানিয়ে দিয়েছে ভিলাস-বোয়াসকে ছাঁটাইয়ের খবর, ‘আজ থেকে চেলসি ফুটবল ক্লাবের সঙ্গে ভিলাস-বোয়াস আর নেই।’ভিলাস-বোয়াস বরখাস্ত হতে যাচ্ছেন, এমন আভাস মিলছিল পরশুর হারের পর থেকেই। ভিলাস-বোয়াসের উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছিল রাফায়েল বেনিতেজের নাম। কিন্তু না, সাবেক লিভারপুল কোচ নয়, চেলসি অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ভিলাস-বোয়াসেরই সহকারী রবার্তো ডি ম্যাত্তাওকে। সুইস বংশোদ্ভূত এই ইতালিয়ান মিডফিল্ডার ৬ বছর খেলেছেন চেলসিতে, ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত। ৪১ বছর বয়সী কোচ মৌসুমের বাকি সময়টা সামলে দেবেন।ভিলাস-বোয়াসের হাতে যখন ছাঁটাইয়ের চিঠি, আরেক পর্তুগিজ হোসে মরিনহোকে নিয়ে কথা তো ওঠেই। তবে মরিনহো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চেলসিতে দ্বিতীয়বার তিনি যাচ্ছেন না। তবে মরিনহোর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইংল্যান্ডকে নিয়ে পর্তুগিজ কোচের রয়েছে ভিন্ন পরিকল্পনা। তাহলে কি ইংল্যান্ডের কোচ হতে যাচ্ছেন তিনি? গত সপ্তাহে তাঁর লন্ডনে যাওয়াটা গুঞ্জনকে শক্ত ভিত্তিই তো দেয়।মজার ব্যাপার, মরিনহোর সঙ্গে পেপ গার্দিওলাকে নিয়েও গুঞ্জন রয়েছে ইংল্যান্ড জাতীয় দলকে জড়িয়ে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) বিবেচনায় শুধু হ্যারি রেডন্যাপই নন, এই দুজনেরও নাম আছে ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার প্রার্থিতায়। কারণ, রেডন্যাপ চ্যাম্পিয়নস লিগেও টটেনহামের দায়িত্ব পালন করতে চান। ফ্যাবিও ক্যাপেলো কোচ হওয়ার আগেও ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে ছিলেন মরিনহো। কিন্তু শেষ পর্যন্ত কোচ হন ক্যাপেলো। এবারও গুঞ্জনটা গুঞ্জন থেকে যাওয়ার সম্ভাবনা যে নেই, তা নয়। এখনো রেডন্যাপই এফএর প্রথম পছন্দ। তা ছাড়া অন্তর্বর্তী কোচ স্টুয়ার্ট পিয়ার্সও দায়িত্বটা স্থায়ীভাবে নিতে আগ্রহী।মরিনহোর নাম জড়িয়েছে টটেনহামের সঙ্গেও। রেডন্যাপ ইংল্যান্ডের দায়িত্ব নিলে মরিনহো যেতে পারেন টটেনহামে। রিয়াল কোচ অবশ্য এসব অনুমান উড়িয়ে দিয়েছেন, ‘গুঞ্জনটা আমি সৃষ্টি করিনি। কারও কাছে আমার ব্যক্তিগত জীবনের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যখন কেউ ক্লাব থেকে শহরের বাইরে যায়, নিয়ম মেনে ক্লাবকে জানিয়েই যায়। গত ছুটির দিন আমি চেয়ারম্যান এবং প্রধান নির্বাহীকে জানিয়েই গিয়েছিলাম।’ এএফপি, ওয়েবসাইট।