বিদায় মেসি
লিওনেল মেসির পায়ের জাদুতে মুগ্ধ ফুটবলপ্রেমীরা তখন প্রশান্তির ঘুমে। রাজধানীর ব্যস্ত রাস্তাঘাটেও সুনসান নীরবতা। ঘুম নেই শুধু রূপসী বাংলা হোটেলের লবিতে থাকা নিরাপত্তাকর্মীদের। নির্ঘুম রাত কাটানোর প্রস্তুতি নিয়ে এসেছিলেন জনা বিশেক সইশিকারিও। তাঁদের হতাশ করে পরশু রাত তিনটায় লবি দিয়ে হেঁটে বিমানবন্দরে যাওয়ার বাসে উঠলেন আর্জেন্টিনার খুদে জাদুকর। দূর থেকে ছবি তোলার ইচ্ছা পূর্ণ হলেও অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা অপূর্ণই থাকল সাধের ঘুম বিসর্জন দিয়ে মাঝরাত্তিরে হোটেলের সামনে অপেক্ষমাণ ভক্তদের।কাল ভোররাতে সবার আগে হোটেল ছেড়েছে কোচ আলেসান্দ্রো সাবেলা, অধিনায়ক মেসিসহ ২৭ জনের একটি দল। আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের সঙ্গে বার্সেলোনার লা লিগার ম্যাচ। বার্সার মেসি-মাচেরানোরা তাই সরাসরি স্পেনেই যাচ্ছেন। রিয়ালের গঞ্জালো হিগুয়েইন আর অ্যাঙ্গেল ডি মারিয়াও তা-ই। স্প্যানিশ লিগেই খেলা মার্টিন ডেমিকেলিস, এভার বানেগা ও এদুয়ার্দো সালভিওরাও সঙ্গী হয়েছেন তাঁদের। কাল ভোররাত চারটা ৫ মিনিটে কাতার এয়ারওয়েজে ঢাকা ছেড়েছেন তাঁরা। আর্জেন্টিনা দলের বাকি সদস্যরা ঢাকা ছেড়ে গেছেন কাল সকাল আটটায়। আর্জেন্টিনার মতো নাইজেরিয়াও ঢাকা ছেড়েছে কয়েক ভাগে ভাগ হয়ে। ছয় সদস্যের একটি দল বিমানে উঠেছে কাল সকাল সাড়ে ছয়টায়। এই দলে আছেন চেলসির মিডফিল্ডার জন ওবি মিকেল। দুবাই হয়ে তিনি ফিরে গেছেন ইংল্যান্ডে নিজের ক্লাবে। বাকিরা দুই ভাগ হয়ে এমিরেটস এয়ারলাইনসে নাইজেরিয়া ফিরেছেন—এক দল সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে ও অন্যটি রাত নয়টা ৩০ মিনিটে। আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের জন্য ইরান থেকে আসা রেফারিও গতকাল সকাল সাড়ে ১০টার ফ্লাইটে ফিরেছেন।অতিথিদের আগমনের সময় যেমন, তেমনি চলে যাওয়ার সময়ও নাইজেরিয়াকে নিয়ে নয়, সব আগ্রহ ছিল আর্জেন্টিনাকে ঘিরেই। আরও স্পষ্ট করে বললে, আগ্রহের কেন্দ্রে ছিলেন মেসি। পরশু রূপসী বাংলা হোটেলেও যেমন সইশিকারিদের বারবার সতর্ক করে দিচ্ছিলেন পুলিশের কর্মকর্তারা, যেন মেসি হোটেল ছেড়ে বের হলে কেউ কোনো শোরগোল না করেন। তবে ক্যামেরা দিয়ে ছবি তুলতে কোনো আপত্তি নেই। কিন্তু আবেগ কি আর এসব বিধিনিষেধ মানে! পাবলো জাবালেতা ও হাভিয়ের মাচেরানোর পর বের হলেন মেসি। ব্যস, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ‘মেসি’ ‘মেসি’ বলে চিৎকার। মেসি শুধু একবার তাকিয়েই উঠে গেলেন বাসে। আসার দিন বাসের যেখানে বসেছিলেন (পেছনের দিকে বাঁ সারিতে), পরশু রাতেও জানালার পাশে ঠিক সেখানেই গিয়ে বসলেন। টিভি ক্যামেরা আর ফটোসাংবাদিকদের যেন আশ মিটছিল না ছবি তুলে। মেসির স্মৃতিকে ধরে রাখার প্রতিযোগিতায় নামলেন র্যাব আর পুলিশের সদস্যরাও। মুঠোফোনে তুলতে লাগলেন ছবি। মেসি একবার বিদায়ী ভঙ্গিতে হাত নাড়লেন, আরেকবার ‘সব ঠিক আছে’র ইশারা করতে উঁচিয়ে ধরলেন বুড়ো আঙুল। হয়তো বুঝতে পারছিলেন, আপাতত শেষবারের মতো তাঁকে দেখার স্মৃতিটা ধরে রাখতে ব্যাকুল সবাই। এ জন্যই বাসের জানালার পর্দা নিজে থেকেই সরিয়ে দিলেন ভালোমতো। গত কদিনের ভ্রমণ আর খেলার ক্লান্তি খুব একটা দেখা যাচ্ছিল না তাঁর চোখেমুখে। তাঁকে ঘিরে এই উন্মাদনাটা মনে হলো উপভোগই করছেন।ভোরে রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল বলে বিমানবন্দরে পৌঁছাতে বেশি সময় লাগেনি। সেখানেও মেসিদের নিয়ে শুরু হয় আরেক দফা শোরগোল। ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সাধারণ মানুষের পাশাপাশি বিমানবন্দরের কর্মকর্তা, কর্মচারী আর নিরাপত্তাকর্মীদের মধ্যেও ছিল ছবি তোলার বিপুল উৎসাহ। বিমানের জন্য অপেক্ষার সময়টায় মেসি-হিগুয়েইনরা গিয়ে বসেছিলেন ভিআইপি লাউঞ্জে। সে সময় তখনো ইনডিপেনডেন্ট টিভিতে খেলার পুনঃপ্রচার হচ্ছিল। সতীর্থরা একসঙ্গে বসে খেলা দেখেছেন। এ সময় বেশ খুনসুটিও করছিলেন মেসি। ফাঁকে ফাঁকে চোখ রাখছিলেন টিভিতে। হয়তো মুগ্ধ দর্শকের মতো নিজেই দেখছিলেন নিজের খেলা!নির্ধারিত সময়েই ছেড়েছে বিমান। রানওয়েতে বিমান দৌড় শুরু করার সময় মেসি হয়তো অস্ফুটে বলেছেন, বিদায়, বাংলাদেশ!