বিদায় রাহুল দ্রাবিড়
‘আন্তর্জাতিক ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। ১৬ বছর হয়ে গেল ভারতের হয়ে প্রথম টেস্ট খেলেছি এবং এখন অনুভব করছি, সময় হয়েছে চলে যাওয়ার। একসময় আমি ভারতের আর দশটা ছেলের মতো ছিলাম, ছিল দেশের হয়ে খেলার স্বপ্ন। তবু কখনোই ভাবতে পারিনি আমার এই ভ্রমণ হবে এত লম্বা ও এতটা পরিপূর্ণ।’স্থানীয় সময় দুপুর একটার দিকে তিনি এলেন কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার (কেএসসিএ) হল রুমে। সঙ্গে স্ত্রী বিজেতা, দুই সন্তান সামিত ও অনভয়, বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন, আরেক কিংবদন্তি ও কেএসসিএ প্রধান অনিল কুম্বলে। তাঁর ব্যাটিং ও প্রায় পুরো ক্যারিয়ার যেমন, বিদায় ঘোষণার সংবাদ সম্মেলনটাও হলো তেমন পরিপাটি। আবেগময় কিন্তু বাস্তব উপলব্ধির ছোঁয়া থাকা লিখিত বিবৃতিতে রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, এবার বিদায়!প্রশ্নোত্তর পর্বটাও হলো তাঁর ব্যাটিংয়ের মতোই। নিখুঁত ফরোয়ার্ড ডিফেন্সের মতোই জানালেন, নিজের মনের কাছে নিশ্চিত হয়েই নিয়েছেন এই সিদ্ধান্ত। তাঁর দারুণ সব ইনিংসের মতোই গোছানো ও বুদ্ধিদীপ্ত সব উত্তর। বাউন্সারে ডাক করতে করতে আচমকাই পুল বা হুক শটের মতো ছিল কিছু আবেগময় কথা। ছিল দৃষ্টিনন্দন কভার ড্রাইভের মতো কিছু রসিকতাও!আগের দিন সংবাদ সম্মেলন ডাকার পরই মোটামুটি নিশ্চিত হয়ে যায়, বিদায় বলে দিচ্ছেন দ্রাবিড়। চার বছর আগে এই বেঙ্গালুরুতেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝামাঝি রুটিন প্রেস কনফারেন্সে আচমকাই বিদায়ের ঘোষণা দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। অনিল কুম্বলের অবসর ত্বরান্বিত করেছিল ওই সিরিজেই পাওয়া চোট। এবার গেলেন দ্রাবিড়। একই প্রজন্মের পাঁচ কিংবদন্তির মাঝে বাকি রইলেন কেবল শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণ। টি-টোয়েন্টির যুগে অবশ্য শেষ হয়েও শেষ হয় না সবকিছু। আসন্ন আইপিএলে দ্রাবিড় নেতৃত্ব দেবেন রাজস্থান রয়্যালসের।বিদায়টা একেবারেই অপ্রত্যাশিত নয়। অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতার পর ভারতের তিন সিনিয়রের অবসরের দাবি ভারতজুড়ে। তবে দলের বোঝা হওয়ার মতো অবস্থায় মোটেও যাননি। গত বছর শুধু ভারতের কেন, বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যানই ছিলেন তিনি, পাঁচ সেঞ্চুরিতে করেছিলেন ১১৪৫ রান। ইংল্যান্ডে দলের চরম ব্যর্থতার সিরিজে করেছিলেন তিন সেঞ্চুরি, এর দুটি আবার দলের প্রয়োজনে ওপেনিংয়ে নেমে! তবে কি অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়লেন ‘দ্য ওয়াল’?দ্রাবিড়ের ব্যাখ্যা, ‘বছর খানেক ধরেই প্রতি সিরিজ শেষে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভাবি। অস্ট্রেলিয়া সিরিজে যদি ভালোও করতাম, আমার ধারণা সিদ্ধান্ত একই রকম হতো। সিদ্ধান্তটা আমি হুট করে নিইনি। পরিবারের সঙ্গে কথা বলেছি, শচীন টেন্ডুলকার ও অন্য সতীর্থদের সঙ্গে কথা বলেছি। আবেগটাকে দূরে রাখতেই অস্ট্রেলিয়া থেকে ফেরার পর মাস খানেক সময় নিয়েছি, গভীরভাবে ভেবেছি। আমার মনে হয়েছে চলে যাওয়ার সঠিক সময় এটাই। দলকে এগিয়ে নিতে সুযোগ করে দিতে হবে পরবর্তী প্রজন্মকে।’১৬ বছরের বন্ধন ছেড়ে দেওয়া নিশ্চয়ই কঠিন ছিল? দ্রাবিড়ের উত্তর, ‘হ্যাঁ এবং না। শুধু ক্রিকেটটাই আমি বুঝি, সেদিক থেকে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল। কিন্তু মনের গভীরে ঠিকই জানতাম সিদ্ধান্তটা সঠিক। ক্যারিয়ারে যা করেছি ও যা পেয়েছি, সবকিছু নিয়ে আমি খুশি।’ নিজেকে নিয়ে তাঁর এই স্বস্তি ফুটে উঠেছে লিখিত বিবৃতির শেষাংশেও, ‘ক্রিকেটকে আমি নিয়েছি খুব সাধারণভাবে—দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়া, মর্যাদা নিয়ে খেলা এবং খেলাটার স্পিরিট ধরে রাখা। আমার ধারণা, এসবের কিছু হলেও আমি করতে পেরেছি। কখনো কখনো ব্যর্থ হয়েছি, কিন্তু চেষ্টা কখনোই থামাইনি। এ জন্য আমি যেতে পারছি শুধু দুঃখ নয়, গর্ব নিয়েও।’ধুমধাড়াক্কা ক্রিকেটের এই যুগে ধ্রুপদি টেস্ট ব্যাটসম্যান প্রজাতির সম্ভবত শেষ প্রতিনিধিও চলে গেলেন। কিন্তু ব্যাটসম্যান দ্রাবিড়কেও অনেক সময় ছাড়িয়ে গেছে ব্যক্তি দ্রাবিড়। ভীষণ বিনয়ী, ভীষণ রকম সাধারণ থাকতে পারার অসাধারণ গুণ ছিল যাঁর। সবচেয়ে বড় আক্ষেপ হয়তো এটাই, ‘জেন্টলম্যানস গেম’-এ সত্যিকারের ‘জেন্টলম্যান’ এখন এমনিতেই বিরল, আরেকজন কমে গেল! সূত্র: এনডিটিভি ও ওয়েবসাইট।