বিদায় হাবিবুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্রিকেট ছাড়া আর কোনো কিছু কখনো করিনি, ভাবিনি। ব্যাট-বল আর হাতে নেব না, সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। আর ব্যাট হাতে মাঠে যাব না, মেনে নেওয়াটা ছিল সত্যিই কঠিন’—হাবিবুল বাশারের চোখের কোনাটা কি চিকচিক করছিল? গলাটা যে একটু ধরে এসেছে, সেটা বুঝতে অবশ্য সমস্যা হয়নি। জনাকীর্ণ সংবাদ সম্মেলন, সামনে অসংখ্য টিভি ক্যামেরা, তার পরও জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটির কথা জানানোর সময় এটুকু আবেগ তো ছুঁয়ে যাবেই। হাবিবুলের কণ্ঠের বিষাদ ছড়িয়ে পড়ল যেন পুরো কক্ষেই। পুরো দেশের ক্রিকেটাঙ্গনেও কি নয়!সর্বশেষ টেস্টটি খেলেছেন ২০০৮ সালের নভেম্বরে, ওয়ানডে আরও ১৬ মাস আগে। অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন, তার পরও টেস্ট-যুগে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানকে তাঁর প্রিয় পুল-হুক খেলতে আর দেখা যাবে না, এই সত্য আনুষ্ঠানিকভাবে জানার মুহূর্তটাতে একটু আবেগ ছুুঁয়েই যায়। টেস্টের অচেনা ও কঠিন জগতে পা রাখার মুহূর্তে তাঁর দুর্দান্ত হাফ সেঞ্চুরিটাই তো সাহস জুগিয়েছিল বাংলাদেশকে। টেস্টের কুলীন জগতে একসময় বাংলাদেশের মুখ রক্ষার বাহন ছিল তাঁর ব্যাটই। টেস্টে তিনটি সেঞ্চুরি, কিন্তু ফিফটি করাতে এতটাই ধারাবাহিক ছিলেন যে নামই হয়ে গিয়েছিল ‘মিস্টার ফিফটি।’ ৫০ টেস্টে ফিফটি ২৪টি, ওয়ানডেতে ১৪টি। অধিনায়ক হাবিবুলও কম সফল ছিলেন না। দেশের প্রথম টেস্ট জয়টা তাঁর অধিনায়কত্বেই, ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নযাত্রাকে মনে করা হয় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন, সেটিও তো তাঁর অধিনায়কত্বেই।অথচ বিদায়বেলায় দুঃখ বলছেন এই বিশ্বকাপটাকেই, ‘২০০৭ বিশ্বকাপটা আমার জন্য একটা বড় ট্র্যাজেডি। বিশ্বকাপটার পরেই সবাই বলাবলি শুরু করেছিল আমার আর দেওয়ার কিছু নেই।’ ওই বছরই ওয়ানডে দলে জায়গা হারালেন, হারালেন নেতৃত্বটাও। এটাই আত্মবিশ্বাসে আঘাত করল কি না, টেস্টেও আস্তে আস্তে অচেনা মনে হতে লাগল। ফলাফল, জায়গা হারালেন এখানেও। আইসিএলে চলে যাওয়ার পর তো ফেরার সব পথও বন্ধ হয়ে গেল। এই আইসিএলে যাওয়াটাকেই মানছেন জীবনের সবচেয়ে বড় ভুল, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার বলে আর কিছু ছিল না ভেবেই আইসিএলে গিয়েছিলাম। ফেরার পর ভেবেছিলাম হয়তো এখনো কিছু দেওয়া সম্ভব। কিন্তু হলো না। আইসিএলে যাওয়াটা ছিল মস্ত বড় এক ভুল। এই আফসোসটা সারা জীবন থেকে যাবে।’ একজন খেলোয়াড়ের সব সময়ই স্বপ্ন থাকে মাঠ থেকে বিদায় নেওয়ার। আরও কিছু আক্ষেপ আছে, তার পরও ক্যারিয়ার নিয়ে খুব একটা অসন্তুষ্ট নন, ‘খেলার মাঠে বিদায় নিতে পারলে তো ভালোই হতো। কিন্তু সেটা তো আর সম্ভব ছিল না, মানুষের সব চাওয়াই তো আর পূরণ হয় না। আফসোস তো অনেক কিছুই আছে, তার পরও ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্টই।’কাল মিরপুরে চতুর্থ দিনের চা-বিরতিতে তাঁর হাতে বিসিবির বিদায়ী উপহার ক্রেস্টটি তুলে দিয়েছেন আইসিসি প্রেসিডেন্ট ডেভিড মরগান। তবে এর চেয়েও বড় উপহার পেয়েছেন একসঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নামার পথে। হঠাৎ করেই পকেট থেকে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় ওই ম্যাচের স্কোরকার্ড বের করে মরগান জিজ্ঞেস করেছেন, ‘আমি ওদিন মাঠে ছিলাম। ৪৭ রানে রান আউট হওয়ার পর তুমি কি ভাবতে পেরেছিলে যে তোমরা জিতবে?’ক্রিকেট ছাড়া জীবনের কথা কখনো ভাবেননি, এখনো তাই জানেন না ভবিষ্যত্ কোথায়। তবে সবচেয়ে ভালো বোঝেন যেটা, সেই ক্রিকেটের সঙ্গেই জড়িত থাকতে চান, তা সেটা যেভাবেই হোক। এখনো সবচেয়ে বেশি মিস করেন টিম বাস, ড্রেসিংরুম, সতীর্থদের সঙ্গে ঘুরে বেড়ানো। আর শেষ প্রথম শ্রেণীর ম্যাচেও সেঞ্চুরি—অনেকেই বলছে, ‘এখনই কেন যাচ্ছেন’, বিদায়বেলায় এটিকে মানছেন সবচেয়ে বড় সান্ব্তনা।সংবাদ সম্মেলন শেষে সব সাংবাদিক দাঁড়িয়ে তালি দিয়ে সম্মান জানালেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা নায়ককে। তিনি আপ্লুতও হলেন। কিন্তু গ্যালারি-ভর্তি দর্শকের অভিনন্দনে সিক্ত হয়ে বিদায় নিতে না পারার দুঃখ কি আর ঘোচে তাতে!