বিদায় ‘ডক্টর সক্রেটিস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সক্রেটিস ব্রাসিলিয়েরো সাম্পাইও ডি সৌসা ভিয়েরা ডি অলিভিয়েরা নামটি বললে কেউ চিনতেই পারবেন না। কিন্তু শুধু সক্রেটিস নামে যেমন অমর গ্রিক দার্শনিক সক্রেটিসকে চিনবেন, তেমনি মনে পড়বে আরেক মহান ফুটবলারের মুখ। হলুদ জার্সি, মুখে দাড়ি, ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা এক ফুটবলার তাঁর শীর্ণ দুই পায়ে তুলির আঁচড় দিতেন সবুজে। থ্রু পাসের জন্য বিখ্যাত ছিলেন, তবে প্রতিপক্ষকে হতবুদ্ধি করে ব্যাক হিল দেওয়াটাকে নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে। ১৯৮৯ সালে আনুষ্ঠানিক অবসর নিয়ে মাঠের এই কারুকার্য তিনি নিজেই থামিয়ে দিয়েছিলেন। কিন্তু কাল ৫৭ বছর বয়সে তাঁর সব পার্থিব কাজ থেমে গেল চিরতরে। অন্ত্রের সংক্রমণে চিরবিদায় নিলেন ব্রাজিলের ১৯৮২ বিশ্বকাপ দলের অধিনায়ক। যে দলটিকে ফুটবলের পৃথিবী স্মৃতিতে ধরে রেখেছে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা দল হিসেবে।পরের বিশ্বকাপ মেক্সিকো ’৮৬-তেও খেলেছেন। কিন্তু ওটি তাঁকে যতটা না খেলার জন্য মনে রেখেছে, বেশি রেখেছে একটি পেনাল্টি মিসের কারণে। সেই যে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সের গোলকিপার জোয়েল বাটস ঠেকিয়ে দিলেন অলস পায়ে নেওয়া তাঁর পেনাল্টিটি!দল শ্রেষ্ঠ হলে অধিনায়কেরও কিছু কীর্তি থাকে। সক্রেটিসকে সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবেই মনে রাখবে বিশ্ব ফুটবল। পেলে নির্বাচিত ১২৫ সেরা ফুটবলারের একজন তিনি। ওয়ার্ল্ড সকার তাঁকে রেখেছে সর্বকালের সেরা শত ফুটবলারের তালিকায়। প্রয়োজন মনে করলে পরিসংখ্যানের কাছেও আপনি যেতে পারেন। যদিও মিডফিল্ডারের কীর্তি গোলসংখ্যায় পুরোপুরি প্রতিফলিত হয় না। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে ৬০ ম্যাচ খেলে ২২ গোল করেছেন। ক্লাব ফুটবলে তাঁর সোনালি অতীত কেটেছে সাও পাওলোর করিন্থিয়ানসে। ১৯৭৮ থেকে ১৯৮৪ পর্যন্ত ছয় মৌসুম খেলে ১৭২ গোল করেছেন ওই দলে। এই রেকর্ড গোল ১৯৭৯, ১৯৮২ ও ১৯৮৩ সালে করিন্থিয়ানসের ঘরোয়া লিগ জয়েরও স্মারক। ১৯৭৪ সালে খেলা শুরু করেছিলেন বোটাফোগোতে, একবার ইউরোপে খেলার স্বাদও চেখে দেখতে গিয়েছিলেন। মাত্র একটাই বছর ছিলেন ইতালির ফিওরেন্টিনাতে (১৯৮৪-৮৫)। ভালো লাগেনি। মাত্র ২৫ ম্যাচ খেলেই ফিরে এসেছিলেন ব্রাজিলে। নতুন ঠিকানা হয়েছিল ফ্ল্যামেঙ্গো। এরপর সান্তোস হয়ে উৎসে (বোটাফোগো) ফিরেই অবসর পেশাদার ক্যারিয়ারের। যদিও ৫০ বছর বয়সে, ২০০৪ সালে কোন খেয়ালে যেন ইংল্যান্ডের অপেশাদার ক্লাব গারফোর্থের সঙ্গে এক মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে খেলেছিলেন মাত্র ১২ মিনিট।মা-বাবা হয়তো দর্শনেরই ভক্ত ছিলেন। এক হাত লম্বা নামের সর্বাগ্রে তাই গ্রিক দার্শনিকের নাম। নামের সমান্তরালে ফুটবলার সক্রেটিস, মানুষ সক্রেটিসও ছিলেন একেবারেই আলাদা। ডিগ্রিধারী ডাক্তার, বোটাফোগোর রিবেরো প্রেতো মেডিকেল কলেজের ফ্যাকালদাদে ডি মেডিসিনের স্নাতক। পেশাদার খেলোয়াড়ি ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পাশাপাশি ডাক্তারিও পাস করেছিলেন। প্র্যাকটিস করতেন। কিন্তু আমাজন নদী-তীরবর্তী বেলেমে ১৯৫৪ সালের ১৯ ফেব্রুয়ারি জন্ম নেওয়া সক্রেটিসের প্রথম প্রেম ছিল ফুটবলই। রাজনীতি, অর্থনীতিও তাঁকে টানত। ব্রাজিলের বেশ কয়েকটি পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন রাজনীতি-অর্থনীতি ও খেলাধুলা নিয়ে। টেলিভিশনের টক শোতেও ছিলেন প্রিয় মুখ। তাঁর প্রিয় ব্যক্তিত্ব ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা, জন লেনন। এ থেকেই বুঝে নিতে পারেন এক রাজনৈতিক কর্মীর দর্শন। করিন্থিয়ানসে খেলার সময় সামরিক জান্তার বিরুদ্ধে ফুটবলারদের আন্দোলনের পুরোধা ছিলেন। যা বিশ্বাস করতেন, বলতেন অকপটে। এই তো শুক্রবার হাসপাতালের শয্যায় আশ্রয় নেওয়ার আগেও তাঁর হাতের কলমটি ছিল সচল। লিখছিলেন ব্রাজিলের ২০১৪ বিশ্বকাপ নিয়ে কল্পকাহিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কথিত দুর্নীতি ও অদূরদর্শিতায় ভাবমূর্তির সংকটে পড়া এই বিশ্বকাপ নিয়ে নিশ্চয়ই ভালো কিছু তিনি লিখছিলেন না।ধূমপান ও মদ্যপানে আনন্দ পেতেন। তাই চুরুট ছাড়তে পারেননি, ছাড়তে পারেননি মদ। যখনই কেউ বলতেন, অতিরিক্ত মদ্যপানই তাঁর শারীরিক অসুস্থতার কারণ, তিনি মানতে চাইতেন না। বলতেন, ‘মদে আমার কোনো ক্ষতি হয়নি, কারণ মদে আমি আসক্ত হইনি কখনোই। মদ আমার বন্ধু।’ এএফপি, রয়টার্স।