বিদায় ‘শেভা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের দেশের ইউরোতে স্বপ্ন ছিল বড় কিছু করার। সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে জিতিয়ে স্বপ্নটাকে আরও রাঙিয়ে তুলেছিলেন আন্দ্রে শেভচেঙ্কো। কিন্তু পরশু ইংল্যান্ডের কাছে হেরে ইউক্রেন বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই। ম্যাচ শেষে শেভচেঙ্কোর কণ্ঠেও বাজল বিদায়ের সুর। ইউক্রেনের আবেগময় বিদায়টাকে আরও বেশি আবেগময় করে শেভচেঙ্কো জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের ম্যাচটাই তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। সামনে একটা বিদায়ী ম্যাচ খেলেই তুলে রাখবেন বুট জোড়া।টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আক্ষেপটা শেভচেঙ্কোর একটু বেশিই হওয়ার কথা। হাঁটুর চোটের কারণে পরশু ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলতে পেরেছেন মাত্র ২০ মিনিট। মাঠে নামাটাই ছিল অনিশ্চিত। দলের প্রয়োজনে শেষ পর্যন্ত বদলি হিসেবে নামেন ম্যাচের ৭০ মিনিটে। তবে বাদ পড়লেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ইউক্রেনের অধিনায়ক। তরুণ সতীর্থদের প্রশংসায় তিনি পঞ্চমুখ। তবে সন্তুষ্টি বা উত্তরসূরিদের প্রশংসা যা-ই বলুন, সবকিছু ছাপিয়ে পরিবেশ ভারী করে দেয় শেভচেঙ্কোর ওই ঘোষণাটাই, ‘ইউক্রেনের হয়ে এটাই ছিল আমার শেষ অফিশিয়াল ম্যাচ। পরে একটা বিদায়ী ম্যাচের আয়োজন করে সমর্থকদের বিদায় বলে দেব। আর এখন আমার পরিকল্পনা কী? আমি স্রেফ বাড়ি গিয়ে দুই হাতে সন্তানদের জড়িয়ে ধরতে চাই এবং চাই স্ত্রীকে একটা চুমু দিতে।’সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর শেভচেঙ্কোই স্বাধীন ইউক্রেনের সবচেয়ে বড় তারকা। ১৯৯৫ সালে অভিষেক। দেশের পক্ষে সর্বোচ্চ ১১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ৪৮ গোল করার পাশাপাশি দেশের সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটিও ৩৫ বছর বয়সী শেভচেঙ্কোরই। ইউক্রেনের প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে ২০০৪ সালে জিতেছেন ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এসবই এখন স্মৃতি হয়ে যাবে। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও পেশাদার ফুটবল চালিয়ে যাবেন এসি মিলান, চেলসির মতো ক্লাবে খেলে প্রথম ক্লাব ডায়নামো কিয়েভেই ফিরে আসা শেভচেঙ্কো। রয়টার্স।’