বিদায়ই বলে দিলেন অ্যাশলে কোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায়ই বলে দিলেন অ্যাশলে কোল
বিদায়ই বলে দিলেন অ্যাশলে কোল

৩৩ বছর বয়সেও খেলে যাচ্ছিলেন তো শুধু আরেকটি বিশ্বকাপকে সামনে রেখেই। সেটাই যখন হলো না, তখন আর খেলা চালিয়ে কী হবে? এমন ভাবনা থেকেই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার অ্যাশলে কোল।

বিশ্বকাপ দলে যে জায়গা পাবেন না, সেটা হয়তো ভাবতেও পারেননি চেলসির এ ডিফেন্ডার। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্নেই হয়তো বিভোর ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সবুজসংকেতটি পেলেন না কোচ রয় হজসনের কাছ থেকে। আজ কোলকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা করবেন হজসন। কোচের কাছ থেকে খবরটি জানার পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন কোল, ‘আমার সঙ্গে কোচের কথা হয়েছে আর আমি মেনে নিয়েছি যে ইংল্যান্ড দলটা তরুণদের নিয়েই গঠন করা উচিত। আমার মনে হয়, ইংল্যান্ড দল থেকে বিদায় নেওয়াটাই আমার জন্য ভালো হবে।’ সবাইকে ধন্যবাদ জানিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ সাফল্যও কামনা করেছেন কোল।

২০০১ সালে অভিষেকের পর জাতীয় দলের জার্সি গায়ে ১০৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ইংলিশ ডিফেন্ডার। দলের এই অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল কোচ হজসনের জন্যও। তিনি বলেছেন, ‘এটাই ছিল আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত। আমি দুই বছর তার সঙ্গে কাজ করেছি। ইংল্যান্ডের হয়ে খেলার প্রচণ্ড আকাঙ্ক্ষা আছে তার। তাকে আমি খুবই শ্রদ্ধা করি।’

কোলের ভূয়সী প্রশংসা করলেও বিশ্বকাপ দলটা তরুণদের নিয়ে সাজাতে চান হজসন। কোলের পরিবর্তে সাউদাম্পটনের ১৮ বছর বয়সী লুক শকে দেখা যেতে পারে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে। ওয়েবসাইট।