বিদায়ই বলে দিলেন কিম ক্লাইস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ক্যারিয়ারে ইউএস ওপেনেই বেশির ভাগ সাফল্যের দেখা পেয়েছিলেন কিম ক্লাইস্টার্স। তাঁর জেতা চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনটিই এসেছে এই ইউএস ওপেন থেকে। এবারই যে তিনি শেষবারের মতো এই সাফল্যমণ্ডিত কোর্টটিতে নামবেন, সেটা আগেই অনুমান করা গিয়েছিল। অনেকেই আশা করেছিলেন, হয়তো এবার আরও একটি ইউএস ওপেন শিরোপা জিতেই টেনিসকে বিদায় বলতে পারবেন বেলজিয়ামের এই টেনিস তারকা। কিন্তু বাস্তবে তেমনটা হলো না। গতকাল নবাগত লরা রবসনের কাছে হেরে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো কিম ক্লাইস্টার্সকে। আর তার পরপরই তিনি ঘোষণা দিয়েছেন টেনিস থেকে অবসরের। ক্লাইস্টার্সের এই হতাশাজনক বিদায়ের ফলে টেনিস-বিশ্বকে একজন চমত্কার ব্যক্তিত্ব হারাতে হলো বলে আক্ষেপ করছেন ক্রীড়াপ্রেমীরা।২০০৫ সালে এই ইউএস ওপেনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন কিম ক্লাইস্টার্স। এরপর ২০০৯ ও ২০১০ সালে টানা দুবার জিতেছিলেন ইউএস ওপেন শিরোপা। অবসর ঘোষণার জন্যও নিজের সফলতম এই টুর্নামেন্টটিকেই বেছে নিয়েছেন টেনিসের সাবেক এই শীর্ষ তারকা। তবে আফসোস শুধু এটুকুই, বিদায়বেলায় খানিকটা হতাশাই হয়তো থেকে গেল ক্লাইস্টার্সের মনে। গতকাল অঘটনের শিকার হয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়ের ঘোষণা দেওয়ার সময় তিনি বলেছেন, ‘২০০৫ সালে আমার স্বপ্ন সত্যি হয়েছিল এখানে শিরোপা জয়ের মাধ্যমে। যখনই এখানে খেলতে এসেছি, তখনই আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি। এটাই আমার অবসর গ্রহণের সবচেয়ে ভালো জায়গা বলে মনে হয়। আমি শুধু আশা করেছিলাম সেটা যেন আজকেই না হয়। কিন্তু এই ইউএস ওপেনেই যে আমি আমার শেষ ম্যাচটা খেলব, তা নিয়ে কোনো সংশয় ছিল না।’ তবে খুবই দ্রুত বিদায় নেওয়ার আফসোস থাকলেও প্রতিদ্বন্দ্বী লরা রবসনকে অভিনন্দন জানাতে ভোলেননি ক্লাইস্টার্স। জয়টা যে ১৮ বছর বয়সী লরার প্রাপ্যই ছিল, সেটা খোলা মনেই স্বীকার করেছেন তিনি। বলেছেন, ‘লরা খুবই ভালো খেলেছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি হয়তো যথেষ্ট ভালো খেলতে পারিনি।’গতকাল দ্বিতীয় রাউন্ডের উত্তেজনাপূর্ণ খেলায় নবাগত লরা রবসনের কাছে ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে হেরে বিদায় নিয়েছেন ক্লাইস্টার্স।— টেলিগ্রাফ