বিদায়ঘণ্টা বাজছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জোহানেসবার্গথিওডোর অ্যালেক্সিস প্রশ্নটা শেষও করতে পারেননি। অটো রেহাগেল মুখ খুললেন। ‘এখানে খেলা নিয়ে প্রশ্ন করুন। আমি কেবল খেলা নিয়েই কথা বলতে পারি। আমার চুক্তি নিয়ে কথা বলব দেশে ফিরে’—জলদগম্ভীর কণ্ঠে বললেন গ্রিসের জার্মান কোচ। একাত্তর পেরিয়ে বাহাত্তরে পা দিতে চলেছেন, কিন্তু বয়সটা মোটেই ঠাহর করা যায় না এই বিশ্বকাপের সবচেয়ে বয়সী কোচের। ‘কিং অটো’র চালচলন একেবারেই রাজকীয়।কিং অটো! হ্যাঁ, গ্রিসকে ২০০৪ সালের ইউরো জিতিয়ে জন্ম দিয়েছিলেন নতুন গ্রিক রূপকথার। সেই থেকেই গ্রিকদের কাছে কিং অটো। তিনিও গ্রিসকে কতটা আপন করে নিয়েছিলেন, বোঝা গেল গ্রিক ভাষায় দখল দেখে। চাইলে ইংরেজি বা জার্মান ভাষায়ও কথা বলতে পারতেন। কিন্তু তিনি কথা বললেন গ্রিকে। ২০০৪ ইউরোর আগে এসে ২০১০ বিশ্বকাপ পর্যন্ত কাজ করে গেলেন। বিশ্বকাপে গ্রিসকে অন্তত দ্বিতীয় রাউন্ড পর্যন্তও নিয়ে যেতে পারলে গ্রিসের সঙ্গে চুক্তিটা আরও বাড়তেও পারত। কিন্তু দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েই গ্রিসের সর্বোচ্চ বিশ্বকাপ অর্জনের সম্ভাবনাকে নস্যার‌্যা করে দিল। হয়তো রেহাগেলের গ্রিস-বাসের দিনগুলোকেও তুলে আনল হাতের আঙুলে।শুধু সংবাদ সম্মেলনেই নয়, বিশ্বকাপের বাতাসেই এখন কোচ বিদায়ের ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে। এটাই পেশাদার জীবনের সবচেয়ে নির্মম দিক। সাফল্য এনে দিলে আপনি পূজনীয়, আর ব্যর্থ হলেই পরিত্যাজ্য। রেহাগেলকে কি ব্যর্থ বলবেন? প্রতিভাহীন একগুচ্ছ শ্রমিক ফুটবলারকে নিয়ে কতদূর যেতে পারতেন তিনি? দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আর্জেন্টিনার সঙ্গে ড্র করতে হতো গ্রিসকে। চেষ্টা কম করেননি। ৬ জন ডিফেন্ডারকে নিয়ে ভেরন-মেসিদের আটকে রেখেছিলেন ৭৭ মিনিট পর্যন্ত। কিন্তু শিল্পের কাছে শ্রমিক পেরে ওঠে না। ম্যাচ শেষে সেটা নতমস্তকে স্বীকার করলেন সেদিন রেহাগেল, ‘আর্জেন্টিনার মতো অসাধারণ একটা দলের সামনে আমার রক্ষণাত্মক কৌশল শেষ পর্যন্ত টেকেনি।’যে দেশগুলোর ফুটবলের মান ভালো নয়, অথচ রাতারাতি একটা মানে পৌঁছানোর তাড়না বোধ করেছে তারাই এনেছে বিদেশি কোচ। গ্রিসের কথা তো বলা হলোই। সবচেয়ে বেশি বলা যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। বিশ্বকাপের আয়োজন-ভার পাওয়ার কিছুদিনের মধ্যেই তারা নিয়ে এল বিশ্বের অন্যতম সেরা ও অভিজ্ঞ ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পাহেইরাকে। তখন নব্বইয়ের ওপরে ছিল তাদের র‌্যাঙ্কিং। তিনি দলটিকে গুছিয়ে আনলেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে দীর্ঘ জয়-খরা কাটিয়ে জয়ের আনন্দে ভাসালেন দক্ষিণ আফ্রিকান। র‌্যাঙ্কিং অনেক ওপরে উঠল। এখন মনে হয় ৮২, কি ৮৩ হবে। বিশ্বকাপে খারাপই বা করল কি দক্ষিণ আফ্রিকা! প্রথম ম্যাচে রুখে দিল তারা মেক্সিকোকে। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের কাছে বড় ব্যবধানে হারলেও গ্রুপের শেষ ম্যাচে তো ইতিহাসই গড়ল। ফ্রান্স দল অন্তর্কলহের আগুনে পুড়ছিল, তাদের তারকা খেলোয়াড়েরা স্বরূপটা চেনাতে পারেননি—সব ঠিক আছে। তাই বলে কেউ নিশ্চয়ই বাজি ধরতে পারেনি যে ফ্রান্সকে হারিয়ে দেবে দক্ষিণ আফ্রিকা। সেটাই হলো। মাথা উঁচু করেই বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল হিসেবে প্রথম রাউন্ড থেকে বিদায় নিল স্বাগতিক দল। স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী ড্যানি জর্ডান থেকে শুরু করে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত বলছেন, ‘পাহেইরা আমাদের গর্বিত করেছেন।’তবে এটি মুদ্রার একটা পিঠ, অন্য পিঠে পাহেইরা নিন্দাই কুড়াচ্ছেন। সাধারণ মানুষ ক্ষিপ্ত। যেখানেই যাবেন শুনবেন একই কথা, ‘উনি (পাহেইরা) কী করেছেন? এতগুলো টাকা বেতন পেলে আমাদের দেশীয় কোচও ভালো করত।’কত টাকা বেতন পেতেন পাহেইরা? ১.৮ মিলিয়ন, ১৮ লাখ র‌্যান্ড। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার মতো। এত উচ্চ বেতনের কথা এর আগে শোনেইনি দক্ষিণ আফ্রিকানরা। পাহেইরার ব্যর্থতায় (যদি একে ব্যর্থতা বলে ধরেন) দৃশ্যপটে হাজির মাসিমোনে, দক্ষিণ আফ্রিকার সাবেক স্থানীয় কোচ। তিনি আবার চাকরিটা ফেরত চাইছেন, ‘এত টাকা বেতন দিলে দক্ষিণ আফ্রিকাকে আগামী বিশ্বকাপে তুলবই এবং ফলও ভালো হবে।’সবার আগে এই বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে ফ্রান্স কোচ রেমন্ড ডমেনেখের। দেশ থেকে উড়ে আসার সময়ই তিনি জানতেন চলে যেতে হবে। লঁরা ব্লাঁ এসে গেছেন। কিন্তু ডমেনেখ প্রথম রাউন্ড পেরোতে পারলেন না। এখন কোনো নির্জন দ্বীপে গিয়ে হয়তো ভাববেন ছয় বছর ফ্রান্স দলকে নিয়ে কী করেছেন।ডিয়েগো ম্যারাডোনা, কার্লোস দুঙ্গা এখনো হাওয়ায় উড়ছেন। কিন্তু দূর থেকে অনুচ্চারে হয়তো রেহাগেল, পাহেইরা তাঁদের বলছেন, ‘বন্ধুরা অত আহ্লাদিত হওয়ার কিছু নেই। শিরোপা না জিততে পারলে তোমরাও ব্যর্থ হবে। তখন আমাদের কথা ভেবো। কোচদের জীবন বড় নির্মম সত্যের ওপর দাঁড়িয়ে।’